শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি তার স্বপ্ন ও অদম্য ইচ্ছাশক্তি। পরিশ্রম আর আত্মবিশ্বাসকে পুঁজি করে কৃষিতে সাফল্যের দৃষ্টান্ত গড়েছেন মাগুরার আক্কাস খান। চিয়া সিড চাষে সফলতার পর এবার ১৮ বিঘা জমিতে মিষ্টি কুমড়া আবাদ করে পেয়েছেন বাম্পার ফলন। তার এই সাফল্যে ঘুরেছে পরিবারের ভাগ্যের চাকা, অনুপ্রাণিত হচ্ছেন এলাকার অন্য কৃষক ও তরুণরা।
আক্কাস খান মাগুরা সদর উপজেলার ইছাখাদা ইউনিয়নের নালিয়াডাংগি গ্রামের বাসিন্দা। তিনি মো. আওয়াল খানের ছোট ছেলে। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও থেমে থাকেননি তিনি। পরিবারের সচ্ছলতা ফেরাতে কৃষিকাজকেই বেছে নেন জীবিকার পথ হিসেবে। ধান, পাট, পেঁয়াজ ও চিয়া সিড চাষের পাশাপাশি এবার মিষ্টি কুমড়া আবাদে সাফল্য পেয়েছেন।
অনুকূল আবহাওয়া ও নিয়মিত পরিচর্যায় ১৮ বিঘা জমিতে এবার প্রায় ৩৬০ মণ মিষ্টি কুমড়া উৎপাদন হয়েছে। প্রতি মণ এক হাজার টাকা দরে বিক্রি করলে আয় হবে ৩ লাখ ৬০ হাজার টাকা। উৎপাদন খরচ প্রায় ৯০ হাজার টাকা বাদে সম্ভাব্য লাভ দাঁড়াবে ২ লাখ ৭০ হাজার টাকা।
ছেলের সাফল্যে আবেগাপ্লুত বাবা মো. আওয়াল খান বলেন, ‘আমি একসময় হতাশায় ভেঙে পড়েছিলাম। কিন্তু আমার সেই প্রতিবন্ধী ছেলে আজ সফল কৃষক হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে সে আমাদের পরিবার ও সংসার চালিয়ে নিচ্ছে।’
আক্কাস খান বলেন, ‘প্রতিকূল আবহাওয়াকে চ্যালেঞ্জ করেই কৃষিকাজ করতে হয়। আমি প্রতিটি মৌসুমে ধান, পাট, পেঁয়াজ, কুমড়া ও চিয়া সিড উৎপাদনের চেষ্টা করি। এ বছর ১৮ বিঘা জমিতে মিষ্টি কুমড়া চাষ করেছি। আশা করছি, খরচ বাদ দিয়ে ভালো লাভ হবে। আগামী মৌসুমে আবারও চিয়া সিড চাষ করব।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর-এ নবী বলেন, ‘শারীরিক সীমাবদ্ধতা তার স্বপ্নকে আটকে রাখতে পারেনি। চিয়া সিডসহ কৃষির বিভিন্ন খাতে তার সাফল্য রয়েছে। এ বছর কুমড়া চাষেও তিনি ভালো ফলন পেয়েছেন। কৃষি অফিস থেকে তাকে নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। তার সাফল্য দেখে এলাকার অনেক কৃষক এখন সবজি চাষে আগ্রহী হচ্ছেন।’
মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জসীম উদ্দীন বলেন, ‘শারীরিক প্রতিবন্ধকতা সাফল্যের পথে বাধা হতে পারে না, কৃষক আক্কাস তার উজ্জ্বল দৃষ্টান্ত। পরিশ্রম, আন্তরিকতা ও সঠিক পরিকল্পনা থাকলে প্রতিবন্ধকতা জয় করেও সফল হওয়া সম্ভব। তার মতো কৃষি উদ্যোক্তাদের পাশে কৃষি বিভাগ সব সময় রয়েছে।’
শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে আক্কাস খানের এই সাফল্য প্রমাণ করে, ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে কোনো বাধাই অতিক্রমের অযোগ্য নয়। তার গল্প এখন শুধু একটি পরিবারের ঘুরে দাঁড়ানোর গল্প নয়, বরং অন্যদের জন্যও সাহস ও সম্ভাবনার অনুপ্রেরণা।
কেকে/ এসএমএন