শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে সরকার কিছুটা দায় মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সশস্ত্র বাহিনী দিবসে শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী      ● সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির      ● ৬২-তে তারেক রহমান : সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান       ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৪৭      
খোলা মত ও সম্পাদকীয়
রোহিঙ্গা সংকট
আইসিজের রায়কে কূটনৈতিক সাফল্যে রূপ দিন
সম্পাদকীয়
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:৫৪ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

হেগের আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারকে রোহিঙ্গা গণহত্যার দায়ে দায়ী সাব্যস্ত করার মধ্য দিয়ে আন্তর্জাতিক ন্যায়বিচারের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করেছে। আদালতের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্র গণহত্যার জন্য দায়ী হলো। রায়ে আদালত বলেছে, ২০১৭ সালের সেনা অভিযানে নির্বিচার হত্যা, যৌন সহিংসতা এবং রোহিঙ্গাদের বাড়িঘর ইচ্ছাকৃতভাবে পুড়িয়ে দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণও আদালত পেয়েছে। রায় ঘোষণার পর কক্সবাজারের শিবিরে রোহিঙ্গাদের উল্লাস এবং বাংলাদেশ সরকারের স্বাগত জানানো স্বাভাবিক। তবে এ আনন্দের মুহূর্তেও আমাদের মনে রাখতে হবে, রায় ন্যায়বিচারের প্রথম ধাপ মাত্র, সমস্যার সমাধান নয়।

রোহিঙ্গা সংকটের বর্তমান বাস্তবতা উদ্বেগজনক। ২০১৭ সালের ২৫ আগস্টের পর অল্প কয়েক মাসের মধ্যেই সাত লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসেন। সেদিন বাংলাদেশ সীমান্ত খুলে দিয়ে আন্তর্জাতিক পরিসরে প্রশংসা কুড়িয়েছিল। কিন্তু প্রায় এক দশক পর সেই অস্থায়ী আশ্রয়ই দেশের জন্য স্থায়ী সংকটে রূপ নিয়েছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের তথ্য অনুযায়ী, বাংলাদেশে আশ্রিত জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গার সংখ্যা এখন ১২ লাখের বেশি। ২০২৪ ও ২০২৫ সালে রাখাইনে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর সংঘাত তীব্র হওয়ার পর নতুন করে আরও মানুষ সীমান্ত পাড়ি দিয়েছেন। ফলে কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় গড়ে ওঠা বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরের ওপর চাপ ক্রমেই বাড়ছে।

এই দীর্ঘ অবস্থানের প্রভাব শুধু শিবিরের ভেতরে সীমাবদ্ধ নেই, স্থানীয় জনজীবনেও তা ছড়িয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে শিবিরের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ রয়েছে। আরসা ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতিতে মাদক পাচার, অপহরণ ও হত্যার ঘটনা বেড়েছে বলে দাবি করা হয়। এসব ঘটনা শরণার্থীদের নিজেদের জন্যই যেমন ঝুঁকির কারণ, তেমনি আশপাশের স্থানীয় মানুষের নিরাপত্তা ও স্বস্তিও এতে বিঘ্নিত হচ্ছে। একটি অস্থায়ী মানবিক সংকট দীর্ঘস্থায়ী হলে তার সামাজিক ও নিরাপত্তাজনিত মূল্য মূলত আশ্রয়দাতা দেশকেই চুকাতে হয়। বাংলাদেশ এখন সেই বাস্তবতার মুখোমুখি।

প্রত্যাবাসনের পথও এখনো মসৃণ হয়নি। বাংলাদেশ বরাবরই নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কথা বলে আসছে। ২০১৭ সালের পর মিয়ানমারের সঙ্গে দুই দফা চুক্তি হলেও একজন রোহিঙ্গাকেও আনুষ্ঠানিকভাবে ফেরত পাঠানো সম্ভব হয়নি। মিয়ানমার যাচাইকৃত রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কথা বললেও যাচাই প্রক্রিয়ায় নানা জটিলতা তৈরি হয়েছে। অন্যদিকে রোহিঙ্গারা ফিরতে চাইলেও নাগরিকত্ব, নিরাপত্তা ও চলাচলের স্বাধীনতার মতো শর্ত দিয়ে রেখেছেন। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি প্রত্যাবাসনকে আরও অনিশ্চিত করে তুলেছে। এ বাস্তবতায় রায় ঘোষণার পর শিবিরের রোহিঙ্গারা দ্রুত প্রত্যাবাসনের যে প্রত্যাশা করছেন, তা পূরণ করতে হলে রায়ের নৈতিক শক্তিকে কূটনৈতিক সাফল্যে রূপান্তর করতে হবে।

এখানেই বাংলাদেশ সরকারের দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আইসিজের নিজস্ব কোনো প্রয়োগ-ক্ষমতা নেই, রায় কার্যকর করতে তাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও রাজনৈতিক চাপের ওপর নির্ভর করতে হয়। তাই অনেকে রায়টিকে প্রতীকী বলে মনে করছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ আশা প্রকাশ করেছেন, এ রায়ের ভিত্তিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়বে। কিন্তু চাপ আপনা-আপনি তৈরি হয় না। এর জন্য নিরাপত্তা পরিষদের সদস্য ও প্রভাবশালী রাষ্ট্রগুলোর সঙ্গে ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগ, আসিয়ান ও ওআইসির মতো আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে সমন্বিত অবস্থান এবং রায়ের পর যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে মিয়ানমার সেনাবাহিনীর ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের যে দাবি উঠেছে, তাকে কাজে লাগানোর কৌশলগত উদ্যোগ প্রয়োজন। রায়ে মিয়ানমারকে ক্ষতিপূরণ দিতে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটার নিশ্চয়তা দিতে বলা হয়েছে। ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি নির্ধারণের পরবর্তী ধাপে আদালতের সামনে ভুক্তভোগী রোহিঙ্গাদের পক্ষে বাংলাদেশের অবস্থান ও তথ্য-সহযোগিতা গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে পারে।

একইসঙ্গে ঘরের ভেতরের দায়িত্বও সরকারকে পালন করতে হবে। যতদিন প্রত্যাবাসন সম্ভব না হচ্ছে, ততদিন শিবিরগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সশস্ত্র গোষ্ঠী ও মাদক পাচার চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি রক্ষায় বাধ্য করতে হবে, কারণ এ বোঝা একা বাংলাদেশের বহন করার কথা নয়। যে কোনো প্রত্যাবাসন উদ্যোগে নাগরিকত্ব, নিরাপত্তা ও চলাচলের স্বাধীনতার মতো রোহিঙ্গাদের ন্যায্য শর্তগুলোকে গুরুত্ব দিতে হবে। এসব নিশ্চয়তা ছাড়া তাড়াহুড়ো করে ফেরত পাঠানো টেকসই হবে না, আর জোরপূর্বক প্রত্যাবাসন হবে আন্তর্জাতিক রায়ের মর্মবাণীর পরিপন্থি।

প্রায় এক দশক ধরে বিপুল সংখ্যক শরণার্থীর ভার বহন করা বাংলাদেশের প্রতি বিশ্বের নৈতিক দায় রয়েছে, আর রোহিঙ্গাদের প্রতি দায় আরও বেশি। সেই দায় আদায়ে সরকারকে আরও সক্রিয়, সুসংহত ও দূরদর্শী ভূমিকা নিতে হবে। ন্যায়বিচারের পূর্ণতা রায় ঘোষণায় নয়, রায়ের বাস্তবায়নে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  রোহিঙ্গা সংকট  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলা মত ও সম্পাদকীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close