শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে সরকার কিছুটা দায় মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সশস্ত্র বাহিনী দিবসে শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী      ● সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির      ● ৬২-তে তারেক রহমান : সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান       ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৪৭      
খোলা মত ও সম্পাদকীয়
শিকড়ে জনগণ, ফল খায় কে?
ফকর উদ্দিন মানিক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১:০৪ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

রাজনীতির অভিধানে জনগণ শব্দটি বড় পবিত্র। নির্বাচনের আগে এই শব্দের কদর এত বেশি যে, নেতাদের বক্তৃতায় জনগণ কখনো মালিক, কখনো শক্তি, কখনো ভাগ্যবিধাতা। কিন্তু নির্বাচন শেষ হলে সেই জনগণই যেন হয়ে যায় পুরোনো পোস্টারের মতো—দেয়ালে থাকে, চোখে পড়ে না। ভোটের সময় যে হাত ধরে নেতা সিঁড়ি বেয়ে ওপরে ওঠেন, ক্ষমতার বারান্দায় পৌঁছে সেই হাতটির পরিচয়ও অনেক সময় ভুলে যান। তখন গণতন্ত্রের বাগানে জন্ম নেয় এক অদ্ভুত বৃক্ষ—গণতন্ত্রী ফলতন্ত্র। তার শিকড় জনগণের ভোটে, কাণ্ড দলের আদর্শে, ডালপালা আত্মীয়তার দিকে, আর ফল পাড়ার অধিকার কয়েকটি পরিচিত হাতের দখলে!

রাজনীতির মাঠে সাধারণ কর্মীটি বড় বিচিত্র প্রাণী। দলের প্রয়োজনে তার ঘুম নেই, সংসারের হিসাব নেই, নিজের নিরাপত্তার নিশ্চয়তা নেই। নেতার ডাক এলে সে ঘর ছাড়ে; মিছিলের ডাক এলে রাজপথে নামে। কখনো হামলার শিকার হয়, কখনো মামলার বোঝা বইতে হয়, কখনো কারাগারের অন্ধকারে দিন গুনতে হয়। তার সন্তানের স্কুলের বেতন বাকি পড়ে, অসুস্থ মায়ের ওষুধ কেনা হয় ধার করে, সংসারের হাঁড়িতে ফুটতে থাকে অভাবের পানি। তবু দলের পতাকা নামতে দেয় না। অথচ সুদিন এলে সেই কর্মীর নাম যেন দলের স্মৃতির অ্যালবাম থেকে হারিয়ে যায়। প্রশ্ন জাগে— যে কর্মীর কাঁধে ভর করে রাজনৈতিক ভবন দাঁড়াল, সেই ভবনের ছায়ায় তার পরিবারের জন্য একটুখানি জায়গা কি বরাদ্দ নেই?

ক্ষমতার বাগানে আত্মীয়তার চারা রোপণের অভিযোগও নতুন নয়। কোথাও ভাই, কোথাও স্ত্রী, কোথাও বোন, কোথাও ভাগনে—একেকটি পদ যেন পারিবারিক অ্যালবামের জন্য বাঁধানো ফ্রেম। জনপ্রতিনিধির চারপাশে আত্মীয়তার এমন এক বলয় গড়ে ওঠার অভিযোগ শোনা যায়, যেখানে যোগ্যতার চেয়ে পরিচয়ের সুপারিশপত্রটি কখনো কখনো বেশি ওজনদার হয়ে ওঠে। অবশ্য আত্মীয় হলেই কেউ অযোগ্য নন। আত্মীয়ের মেধা থাকতে পারে, যোগ্যতা থাকতে পারে, নেতৃত্বের সামর্থ্যও থাকতে পারে। আপত্তি আত্মীয়তার অস্তিত্বে নয়; আপত্তি তখনই, যখন প্রতিযোগিতার মাঠটি সবার জন্য সমান থাকে না। প্রশ্নটি তাই সহজ— যোগ্যতার দরজা কি সবার জন্য খোলা, নাকি কারও কারও জন্য সেখানে আগে থেকেই লালগালিচা বিছানো?

গণতন্ত্রের দরজায় আবার কিছু অদ্ভুত প্রহরীরও দেখা মেলে। নেতার গাড়িচালক, ব্যক্তিগত সহকারী, দেহরক্ষী কিংবা দরজার দায়িত্বে থাকা কেউ কেউ কখনো এমন প্রভাবশালী হয়ে ওঠেন, যেন জনপ্রতিনিধির চেয়ারের চাবি তাদের কোমরেই ঝুলছে।

সাধারণ মানুষ নিজের নির্বাচিত প্রতিনিধির সঙ্গে দেখা করতে গিয়ে আগে দেখা পান এক অঘোষিত দরবারের। সেখানে পরিচয়, সুপারিশ, অপেক্ষা— সবকিছুর পরও সাক্ষাৎ নিশ্চিত নয়। গণতন্ত্রের মালিক জনগণ, অথচ মালিকের ঘরে ঢুকতে অনুমতি লাগে মধ্যস্বত্বভোগীর! এ যেন এমন এক বাড়ি, যেখানে বাড়ির মালিক বাইরে দাঁড়িয়ে আর দারোয়ান ভেতরে বসে রাজত্ব করছেন।

জাতীয় পর্যায়েও প্রশ্নগুলো একই রকম প্রাসঙ্গিক। কোনো রাজনীতিকের সন্তান মেধা ও যোগ্যতার ভিত্তিতে বড় প্রতিষ্ঠানের দায়িত্ব পেলে আপত্তির কারণ নেই। কিন্তু সরকারি নিয়োগ, প্রকল্পের বরাদ্দ, ব্যবসায়িক সুযোগ কিংবা গুরুত্বপূর্ণ পদ যদি স্বচ্ছ প্রতিযোগিতার বদলে পারিবারিক পরিচয় ও রাজনৈতিক প্রভাবের কাছে নতিস্বীকার করে, তবে তা জনস্বার্থের প্রশ্ন হয়ে দাঁড়ায়। রাষ্ট্রের সম্পদ কোনো পারিবারিক শোকেস নয়, যেখানে ক্ষমতার স্মারক হিসেবে আত্মীয়স্বজনকে সাজিয়ে রাখা হবে। সরকারি সুযোগ কোনো উত্তরাধিকারসূত্রে পাওয়া জমিদারি নয়; এর মালিক নাগরিকেরা।

নেতাদের সন্তানদের ভালো শিক্ষা, উন্নত চিকিৎসা ও নিরাপদ ভবিষ্যৎ পাওয়া স্বাভাবিক। প্রত্যেক অভিভাবকই সন্তানের জন্য ভালো জীবন চান। কিন্তু যে কর্মী নিজের সন্তানের শিক্ষার খরচ জোগাতে হিমশিম খেয়েও দলের জন্য সময়, শ্রম ও জীবনের ঝুঁকি উৎসর্গ করেন, তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে দল বা নেতৃত্বের কোনো প্রাতিষ্ঠানিক ভাবনা থাকবে না কেন? একজনের সন্তানের জন্য বিদেশের বিশ্ববিদ্যালয়ের দরজা খুলবে, আরেকজনের নাগরিকের সন্তানের জন্য স্থানীয় স্কুলের বকেয়া বেতনই হবে উচ্চশিক্ষার পথে প্রথম দেয়াল—এই বৈপরীত্যের জবাব কে দেবে?

একবার এক স্থানীয় সংসদ সদস্যের ছেলের সঙ্গে দেখা হয়েছিল। কথার প্রসঙ্গে জানতে চেয়েছিলাম, বাবার অসুস্থতার সময় তিনি দেশে ফিরে যান না কেন। উত্তরে তিনি বলেছিলেন, বাবা বয়স্ক, অসুস্থতা স্বাভাবিক; আর দেশটি তার ভালো লাগে না। এটি ব্যক্তিগত অভিজ্ঞতার একটি কথোপকথন— কোনো পরিবার বা প্রজন্মের সামগ্রিক চরিত্রের রায় নয়। তবু কথাটি মনে একটি প্রশ্ন রেখে গেছে : যে দেশের মানুষের ভোট, ভালোবাসা ও ত্যাগ একজন রাজনীতিকের অবস্থান তৈরিতে ভূমিকা রাখে, সেই দেশের প্রতি পরবর্তী প্রজন্মের দায়বোধ গড়ে তোলার কোনো সামাজিক দায়িত্ব কি নেই? দেশ যদি কেবল ক্ষমতা অর্জনের সিঁড়ি হয়, তবে নাগরিকের প্রতি ভালোবাসা কি শুধু নির্বাচনী মৌসুমের ফুল?

রাজনীতির মঞ্চে প্রতিপক্ষকে কখনো এমনভাবে আঁকা হয়, যেন দুই দলের মাঝখানে কাঁটাতারের সীমান্ত। কর্মীদের কানে ঢালা হয় বিদ্বেষের বীজ, বক্তৃতায় শেখানো হয় শত্রুতার ব্যাকরণ। অথচ বাস্তব জীবনে রাজনৈতিকভাবে ভিন্ন শিবিরের মানুষের মধ্যে বিয়ে, আত্মীয়তা ও সামাজিক সম্পর্ক গড়ে ওঠে। সেটি স্বাভাবিক; ব্যক্তিগত সম্পর্ক রাজনৈতিক বিভাজনের চেয়ে বড় হওয়াই মানবিক। কিন্তু প্রশ্ন হলো, নেতাদের পরিবার যদি সামাজিক সম্পর্কের সেতুতে হাঁটতে পারে, তবে সাধারণ কর্মীদের হাতে কেন ঘৃণার মশাল ধরিয়ে দেওয়া হয়? রাজনীতির মঞ্চে শত্রু, বিয়ের দাওয়াতে আত্মীয়—এই দ্বৈত পাঠের শিক্ষক কারা?

দুঃসময়ে দলের জন্য ঝুঁকি নেওয়া কর্মীদের সুসময়ে অবহেলার অভিযোগও দীর্ঘদিনের। কেউ মামলা-হামলা ও হয়রানি সহ্য করেও নেতৃত্বের দরজায় পৌঁছাতে পারেন না; কেউ আবার কঠিন সময়ে নিরাপদ দূরত্ব বজায় রেখেও প্রশংসার ফুলঝুরি ছড়িয়ে গুরুত্বপূর্ণ পদ ও সুযোগ পেয়ে যান। তখন মনে হয়, দলীয় রাজনীতিতে বুঝি দুটি আলাদা পাঠ্যক্রম চালু আছে। একটিতে শেখানো হয় ত্যাগ, আদর্শ ও দায়িত্ব; অন্যটিতে শেখানো হয় কীভাবে সঠিক সময়ে সঠিক কানে মধু ঢালতে হয়। প্রথম পাঠ্যক্রমের শিক্ষার্থীরা রাজপথে পরীক্ষা দেয়, দ্বিতীয়টির শিক্ষার্থীরা ক্ষমতার কক্ষে ফল প্রকাশের অপেক্ষা করে!

এ যেন এক অদ্ভুত পুরস্কারবিধি—যার ক্ষত গভীর, তার প্রাপ্যতা অনিশ্চিত; যার প্রশংসাবাক্য মসৃণ, তার অগ্রগতির সিঁড়ি তত পিচ্ছিলহীন। কেউ দলের জন্য লাঠির আঘাত খেয়ে হাসপাতালের বিছানায়, কেউ নেতার প্রশংসা করে পদ-পদবির বারান্দায়। কেউ পতাকার কাপড় কেনার টাকা জোগাড় করতে পারে না, কেউ সেই পতাকার নিচে দাঁড়িয়ে সুবিধার হিসাব মেলায়। যেখানে ত্যাগের চেয়ে তোষামোদ, যোগ্যতার চেয়ে ব্যক্তিগত আনুগত্য এবং জনসেবার চেয়ে ঘনিষ্ঠতার মূল্য বেশি হয়ে ওঠে, সেখানে রাজনৈতিক নৈতিকতার প্রশ্ন এড়ানোর উপায় থাকে কি ?

এই আলোচনা কোনো একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়। ক্ষমতায় থাকা দল, বিরোধী দল কিংবা ভবিষ্যতে ক্ষমতায় আসতে চাওয়া—সবার জন্যই প্রশ্নগুলো সমান প্রাসঙ্গিক। কারণ ক্ষমতার রং বদলালেও যদি আত্মীয়তার বলয়, সুবিধাভোগীদের তালিকা এবং ত্যাগীদের অবহেলার সংস্কৃতি অক্ষত থাকে, তবে পরিবর্তন কেবল সাইনবোর্ডে ঘটে, রাজনীতির চরিত্রে নয়। পুরোনো দোকানের নামফলক খুলে নতুন নাম লাগালেই দোকানের পণ্যের মান বদলে যায় না।

আর এই বৈষম্যের সবচেয়ে বড় মূল্য দেয় সাধারণ মানুষের সন্তানরা। একজন কৃষকের সন্তান, শ্রমিকের সন্তান, দিনমজুরের সন্তান কিংবা নিম্নআয়ের পরিবারের সন্তান—তাদের স্বপ্নও তো আকাশ ছুঁতে চায়। কিন্তু অনেক সময় অর্থের অভাব, সুযোগের সীমাবদ্ধতা ও পরিচয়ের অনুপস্থিতি তাদের স্বপ্নের পায়ে অদৃশ্য শিকল পরিয়ে দেয়। যে কৃষকের ঘামে দেশের খাদ্যের জোগান হয়, যে শ্রমিকের শ্রমে অর্থনীতির চাকা ঘোরে, যে দিনমজুরের ঘামে শহরের ইট গাঁথা হয়—তাদের সন্তান কেন সুযোগের দৌড়ে পিছিয়ে থাকবে? মেধার জন্ম কি কেবল বিত্তশালীর ড্রয়িং কক্ষে, নাকি গ্রামের কুঁড়েঘরেও প্রতিভা জন্ম নেয়?

একটি শিশুর ভবিষ্যৎ তার বাবার পেশা, ব্যাংক হিসাব কিংবা রাজনৈতিক পরিচয় দিয়ে নির্ধারিত হওয়া উচিত নয়। নেতার সন্তান যেমন ভালো শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ ভবিষ্যতের অধিকার রাখে, তেমনি কৃষক, শ্রমিক ও দিনমজুরের সন্তানও সমান অধিকার রাখে। রাষ্ট্রের সুযোগ-সুবিধা কোনো বিশেষ পরিবার বা শ্রেণির জন্য সংরক্ষিত থাকতে পারে না। রাষ্ট্র কোনো বংশের ব্যক্তিগত বাগান নয়; এটি নাগরিকের সম্মিলিত ঠিকানা। এখানে কারও জন্য রাজকীয় ফটক আর কারও জন্য তালাবদ্ধ পেছনের দরজা থাকতে পারে কি ?

তাই প্রয়োজন নিয়োগে যোগ্যতা, প্রকল্পে স্বচ্ছতা, নেতৃত্বে জবাবদিহি এবং সুযোগ বণ্টনে সমতা। রাজনৈতিক দলগুলোর উচিত ত্যাগী কর্মীদের অবদান স্বীকার করার পাশাপাশি তাদের পরিবারের শিক্ষা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তার জন্য বাস্তব ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া। একজন কর্মী কেবল মিছিলের সংখ্যা নন; তিনি একটি পরিবারের আশ্রয়, সন্তানের ভবিষ্যৎ এবং অসংখ্য স্বপ্নের বাহক। তার ত্যাগকে নির্বাচনি স্লোগানে ব্যবহার করে পরে ভুলে যাওয়া শুধু অকৃতজ্ঞতা নয়, রাজনৈতিক দায়িত্বেরও অবমূল্যায়ন।

রাজনীতির বৃক্ষ জনগণের শিকড়ে বেঁচে থাকে, আত্মীয়তার ডালপালায় নয়। শিকড়ের ঘামেই ফল পাকে; অথচ ফলের ঝুড়ি যদি বারবার অন্যের ঘরে যায়, একদিন শিকড়ও আর সেই বৃক্ষকে বাঁচিয়ে রাখার শক্তি খুঁজে পাবে না।

লেখক : প্রকৌশলী ও রাজনৈতিক বিশ্লেষক 

কেকে/সাশ 



মতামত লিখুন:
Loading...
Loading...

খোলা মত ও সম্পাদকীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close