সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজকের নির্ধারিত বিপিএলের দুটি ম্যাচ বাতিল করা হয়েছে। শিগগিরই নতুন করে সূচি দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিসিবি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানায়, খালেদা জিয়ার মৃত্যুতে দেশে শোক বিরাজ করছে। প্রয়াত দেশনেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আজ নির্ধারিত সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের ম্যাচ বাতিল করা হয়েছে। এই ম্যাচগুলো পরবর্তীতে নতুন সূচিতে অনুষ্ঠিত হবে। পুনঃনির্ধারিত সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক, দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন। আর সুস্থ হতে পারেননি। দেশের প্রথম নারী ও তিনবারের প্রধানমন্ত্রী না ফেরার দেশে চলে গেলেন।
কেকে/ এমএস