বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে শোকাহত পুরো দেশ। শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গণেও।
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীরভাবে শোক জানিয়েছে। বিসিবি জানায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সারা দেশের এই বিশাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। আমরা তার আত্মার চির শান্তি কামনা করি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শোক প্রকাশ করে জানিয়েছে, আজ বাংলাদেশ তার অন্যতম প্রভাবশালী নেতার মৃত্যুতে শোক প্রকাশ করছে।
বাফুফে জানায়, ‘বেগম খালেদা জিয়া শুধু একজন রাষ্ট্রনায়ক নন, সাহস, স্থিতিস্থাপকতা ও নেতৃত্বের প্রতীক ছিলেন। তাঁর যাত্রা, তার সংগ্রাম, এবং তার দৃষ্টি একটি প্রজন্ম গঠন করেছে। জাতি তাকে সম্মান ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন গভীর সমবেদনা ও আন্তরিক সমবেদনা জানাচ্ছে।
খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট করেছেন বাংলাদেশে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল।
তিনি লিখেছেন, ‘আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম শোকাবহ দিন। আমাদের সকলের শ্রদ্ধেয় আপোষহীন দেশনেত্রী, গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান রাব্বুল আলামিন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’
খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা।
খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে সাকিব আল হাসান সামাজিক যোগাযোক মাধ্যমে লেখেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’
তিনি জানান, এই শোকের মুহূর্তে তাঁর পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন। আল্লাহ তায়ালা তাঁর রুহের মাগফিরাত দান করুন। সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।’
খালেদা জিয়ার মৃত্যুতে মাশরাফি বিন মুর্তজা সামাজিক যোগাযোক মাধ্যমে লেখেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছি। কঠিন এই সময়ে তাঁর শোক সন্তপ্ত পরিবার, তাঁর স্বজন ও শুভাকাঙ্ক্ষী সবার প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। রাজনীতির পথচলায় দীর্ঘ লড়াইয়ে তাঁর অবদান দেশের মানুষ মনে রাখবে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। নিশ্চয়ই আল্লাহ উত্তম প্রতিদান দেবেন।’
নিজের অফিশিয়াল ফেসবুক পোস্টে তামিম লেখেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তার প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তার রূহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’
শোক প্রকাশ করে মুশফিকুর রহিম লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ’ জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তা'লা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ স্থান দিন এবং তাকে ক্ষমা করুন। তার আত্মার শান্তি এবং দেশের জন্য শক্তি কামনা করছি।’
সাবেক ক্রিকেটার ইমরুল লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়ার মাগফিরাত নসিব করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন।’
এর আগে, খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে।
কেকে/এআর