বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংগঠনটির হাবিপ্রবি শাখার সভাপতি প্রফেসর ড. মো. হাসানুজ্জামান এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মহিদুল হাসান স্বাক্ষরিত এক শোকবিবৃতিতে জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারা গভীর দুঃখ ও শোক প্রকাশ করছেন।
শোকবিবৃতিতে উল্লেখ করা হয়, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তিনি তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘ সময় দেশের রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন। তার কর্মময় জীবনে তিনি বহুদলীয় গণতন্ত্র, সংসদীয় ব্যবস্থা এবং রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। একজন নারী নেতা হিসেবে তার দৃঢ়তা, সাহস ও নেতৃত্ব দেশের রাজনৈতিক অঙ্গনে একটি উল্লেখযোগ্য অধ্যায় হয়ে থাকবে। তার প্রয়াণে দেশ ও জাতি একজন মহান অভিভাবককে হারালো, যা জাতির জন্য অপূরণীয় ক্ষতি।”
বিবৃতিতে বলা হয়েছে, “আমরা মহান আল্লাহর দরবারে তার রূহের মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাদের সকলকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।”
ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
কেকে/এলএ