তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের নির্দেশনা থাকলেও পাবনার ভাঙ্গুড়ায় একটি সরকারি অফিসে উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা। এমন উদাসীনতায় স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভ ও সমালোচনা সৃষ্টি হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের অবস্থিত দিলপাশার ইউনিয়ন ভূমি অফিস (ক্যাম্প অফিস) চত্বরে এমন চিত্র দেখা গেছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসেবে তিন দিন দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
এদিকে বুধবার (৩১ ডিসেম্বর) একদিনের সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। অন্যদিকে বিএনপি সাত দিনের শোক পালনের ঘোষণা দেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, যখন সারা দেশ শোক পালন করছে, তখন একটি সরকারি অফিসে জাতীয় পতাকা না ওঠানো চরম অবহেলা ও দায়িত্বহীনতার পরিচয়। এমন অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট বিচারের দাবি জানান।
এ বিষয়ে দিলপাশার ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা (নায়েব) ফিরোজ ইকবাল বলেন, “দিলপাশার ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। তবে পৌর ভূমি অফিস চত্বরে ওটা (দিলপাশার ইউনিয়ন ভূমি অফিস) ক্যাম্প অফিস। একই চত্বরে হওয়ায় ওখানে পতাকা তোলা হয়নি।”
কেকে/এলএ