গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগে মামলার প্রধান আসামি তারা ডাকাতকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩১ ডিসেম্বর) ভোররাতে র্যাবের সহযোগিতায় গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে টিটু (২৫) নামের এক আসামিকে গ্রেফতার করে পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির আহমেদ বিষয়টি নিশ্চিত করে খোলা কাগজকে বলেন, “এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি তারা ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এ পর্যন্ত মামলার এজাহারভুক্ত দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।”
তিনি আরও জানান, “হত্যাকাণ্ডের সময় তারা ডাকাত কর্তৃক নিহত জাসাস নেতাকে কুপিয়ে আঘাত করার একটি কল রেকর্ড পুলিশের হাতে রয়েছে।”
মামলার তদন্ত কর্মকর্তা ইনস্পেক্টর মতিউর রহমান খোলা কাগজকে বলেন, “প্রধান আসামিকে রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হয়েছে। রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।”
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার ভোররাত আনুমানিক ৩টার দিকে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত ফরিদ সরকার (৩৫) উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা ও জামাল উদ্দিনের ছেলে। তিনি জাসাসের গোসিংগা ইউনিয়ন শাখার সিনিয়র যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমেদ জানান, “নিহত ফরিদ সরকারের হাত ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের বড় ভাই ফারুক হোসেন বাদী হয়ে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।”
কেকে/এলএ