ঢাকা-৮ আসনে ১১-দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী নাসিরুদ্দীন পাটওয়ারী একদল মানুষের রোষের মুখে পড়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসব অনুষ্ঠানে তাকে উদ্দেশ করে ডিম নিক্ষেপ করা হয়। এ ঘটনায় নাসিরুদ্দীন পাটওয়ারী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
তবে মির্জা আব্বাস বিষয়টি অস্বীকার করেছেন। তিনি উল্টো অভিযোগ করেন, নাসিরুদ্দীন পটোয়ারি অনেকদিন ধরেই এ ধরনের সুযোগ খুঁজছিল। এ জন্য নাসিরুদ্দীন তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছিল। তবে তিনি এর প্রতিক্রিয়া দেখাননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ভিডিও ফুটেজে দেখা যায়, নাসিরুদ্দীন পাটওয়ারী ওই কলেজে গেলে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে একদল ব্যক্তি তাকে ঘিরে ধরে। সে সময় নাসীরুদ্দীন পাটওয়ারী তার কর্মীদের সঙ্গে কলেজের ভেতরে একটি ভবনের বারান্দায় অবস্থান নেন। পরে ঘিরে ধরা ব্যক্তিরা তাকে উদ্দেশ্য করে একের পর এক ডিম নিক্ষেপ করেন। এ সময় তার কর্মীরাও ‘নারায়ে তকবির, আল্লাহু আকবার’ স্লোগান দেন। পরে তিনি কলেজ থেকে বের হয়ে সামনের রাস্তায় বসে পড়েন।
নাসিরুদ্দীন পাটওয়ারী সেখানে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘ছাত্রদল এই হামলা করেছে। আমরা জনগণের কাছে এ হামলার বিচার দিলাম। তারা অরিজিনাল ছাত্রদল নয়, মির্জা আব্বাসের আলাদা বাহিনী আছে এখানে।’
বিশ্লেষকরা বলছেন, নাসিরুদ্দীন দীর্ঘদিন ধরেই উসকানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনি পরিবেশ নষ্টের পাঁয়তারা করছিলেন। ডিম নিক্ষেপ সেই নাটকেরই অংশ। একটি ঘটনা ঘটিয়ে নির্বাচন বানচাল করতে চায় এনসিপি। তাদের পেছনে রয়েছে জামায়াতে ইসলামী। তাই আজ ডিম নিক্ষেপের পরই একই সুরে কথা বলছে জামায়াত ও এনসিপি। দুই দলই সংঘাত উসকে দেওয়ার মতো বক্তব্য দিচ্ছে।
প্রত্যক্ষ্যদর্শীরা বলছেন, কে বা কারা নাসিরুদ্দীনকে ডিম ছুড়েছে, তা স্পষ্ট নয়। অথচ নাসিরুদ্দীন ও এনসিপি সরসরি তা বিএনপির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। এমনবি এর দায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ওপর দিচ্ছে। এতে বোঝা যায় পুরো ঘটনা পূর্ব পরিকল্পিত। তারা নিজেরাই ঘটনা ঘটিয়ে বিএনপিকে ঘায়েল করতে চাইছে।
এদিকে সংবাদ সম্মেলনে এনসিপি মাথায়-হাতে ব্যান্ডেজ করা কয়েকজনকে উপস্থাপন করে। ডিম ছোড়ার ঘটনায় তারা নাকি আহত হয়েছেন।
এ প্রসঙ্গে এক গণমাধ্যম কর্মী বলেন, ‘নাসিরউদ্দিন পাটোয়ারী যেখানে যায় সেখানে অন্তত ২০ থেকে ৫০টা ক্যামেরা থাকে শিবিরের। আমাকে একটা ভিডিও কেউ দেখান যে কীভাবে শিবিরের পাঁচজনের সেখানে মাথা ফেটেছে। ওই সময়ের প্রতিটা মোমেন্ট ক্যাপচার করা আছে। সেই ভিডিওগুলো আসুক। কোথায় মাথা ফাটানোর ভিডিও?’
এ ঘটনায় মির্জা আব্বাস বলেছেন, ‘আমার কোনো রেকর্ড নাই যে, কোনো প্রতিপক্ষে সঙ্গে আমার কখনো সংঘর্ষ হয়েছে কিংবা ঝগড়া হয়েছে।’
এনসিপির নেতার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে আব্বাস বলেন, ‘এ ধরনের সুযোগ তো খুঁজছে। এরা বহুদিন ধরে চেষ্টা করছে লাগার জন্য। কে লাগবে ওর সঙ্গে খামখা! কী দরকার! প্রয়োজন নেই তো। আমার ঝগড়া করার কোনো প্রয়োজন আছে? আমার ঝগড়ার রেকর্ড আছে? আমি বহু দিন এ এলাকায় নির্বাচন করি- ১৯৭৭ সাল থেকে, আজকে থেকে না। আমার কোনো রেকর্ড নাই যে, কোনো প্রতিপক্ষে সঙ্গে আমার কখনো সংঘর্ষ হয়েছে কিংবা ঝগড়া হয়েছে।’
ভিন্ন উদ্দেশে এসব অভিযোগ তোলা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘ওদের কিছু ভিন্নতর উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যের জন্য করছে।’
আর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, ‘আজকে যেটা হয়েছে, সেটি খুবই দুঃখজনক। এটি অস্বীকারের চেষ্টা আরও বেশি ন্যক্কারজনক। হাবিবুল্লাহ বাহার কলেজের চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এ হামলা করেছে। মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে এ ঘটনা ঘটেছে। একদিকে মঞ্চে উঠে ভালো ভালো কথা বলবেন, অন্যদিকে বিরোধীদের সন্ত্রাসী কায়দায় দমন করবেন। আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করবেন, সেটি হতে দেব না।’
নির্বাচন কমিশনের প্রতি নাহিদ ইসলাম বলেন, ‘আমরা এ ঘটনার ব্যবস্থা দেখতে চাই। কলেজ প্রশাসন এটার কী ব্যবস্থা নেয়, দেখতে চাই। বিএনপি দলীয়ভাবে এটার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়, দেখতে চাই। এরপরে বাকি জবাব রাজপথে দেব, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে দেব।’
এদিকে গতকাল এক নির্বাচনি সভায় বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কারও পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাধাতে চাই না। কিন্তু কেউ ঝগড়া বাধাতে এলে ছেড়েও দেওয়া হবে না।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাৎ খান বলেন, পুলিশ পুরোটা সময় সেখানে ছিল। উত্তেজিত জনতাকে পুলিশ নিবৃত্ত করার চেষ্টা করেছে।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীর গোল্ডেন প্লাজা গলি এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনি প্রচারের পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপ করা হয়। এ ঘটনার জন্য তখন তিনি চাঁদাবাজদের দায়ী করেন। তিন দিন পর আবার ডিম নিক্ষেপের ঘটনা ঘটল।
হামলার প্রতিবাদে বেলা ২টার দিকে ফকিরেরপুল মোড়ে নির্বাচনি কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে সঙ্গে নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য দেন। তিনি এ হামলার জন্য তারেক রহমান ও ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে দায়ী করেন। একইসঙ্গে হামলায় ১২ জন আহত হয়েছেন বলে জানান।
২০২৪ সালের জুলাই-আগস্টে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা দল এনসিপি-জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। সে জায়গা থেকে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তার আসনে প্রধান প্রতিপক্ষ হিসেবে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
কেকে/এমএ