সোমবার, ১৬ মার্চ ২০২৬,
২ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ মার্চ ২০২৬
শিরোনাম: খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর      স্কুল ভর্তিতে থাকছে না লটারি : শিক্ষামন্ত্রী      ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান      খাল খননের মাধ্যমে জিয়াউর রহমান দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন: ভূমিমন্ত্রী      বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত      র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ      পদত্যাগ করলেন ইউজিসি চেয়ারম্যান এসএমএ ফায়েজ      
খোলাকাগজ স্পেশাল
পার পাচ্ছে না অপরাধীরা
রোকন উদ্দিন
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১০:২৫ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

অপরাধ ও দুর্নীতি দমনে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি লক্ষ্য করা গেছে। অপরাধী যেই হোক, কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির। রাজধানীসহ দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান ও আইনি ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া সমাজে অস্থিরতা সৃষ্টিকারী অভ্যাসগত অপরাধীদের নিয়ন্ত্রণে ফৌজদারি কার্যবিধির ধারা প্রয়োগের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। এমনকি দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধেও কঠোর বার্তা দেওয়া হয়েছে।

দলের কেউ অপরাধী হলে তাদের বহিষ্কার করা থেকে শুরু করে আইনি পদক্ষেপও নেওয়া হচ্ছে। ক্ষমতা গ্রহণের পর অল্প সময়ে নতুন সরকারের এমন পদক্ষেপ গ্রহণে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও বিশিষ্টজনেরা। তারা আশাবাদ ব্যক্ত করেন, বর্তমান সরকার আইনশৃঙ্খলার উন্নতি করবে, যা তারা ইতোমধ্যে শুরু করেছে। অতীতের তুলনায় আরও ভালো পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা। আইনশৃঙ্খলার কঠোর বাস্তবায়ন প্রত্যাশা করি।

রাজধানীর বাড্ডা এলাকায় বসবাস করেন আসাদুজ্জামান আবেদ। তিনি একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। তিনি বলেন, আমরা একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার পেলাম। আশা করছি, এখন আর কেউ অযথা ‘মব’-এর শিকার হবে না। ইতোমধ্যে এই সরকার অপরাধ দমনে বিভিন্ন আইনি অভিযান শুরু করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, জনভোগান্তি কমাতে এবং দ্রুত অভিযোগ গ্রহণের সুবিধার্থে একটি বিশেষ হটলাইন নম্বর চালু করা দরকার। নির্দিষ্ট এলাকার যে কোনো বাসিন্দা চাঁদাবাজি বা অনিয়মের শিকার হলে যাতে ওই নম্বরে কল করে অভিযোগ জানাতে পারেন। তাছাড়া হটলাইনের মাধ্যমে সরাসরি জনগণের অভিযোগ মনিটর করা সম্ভব হবে। এতে অপরাধ দমন অনেকাংশে সহজ হবে।

এদিকে সম্প্রতি রাজধানীসহ সারা দেশে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব অভিযানের মাধ্যমে অপরাধীদের গ্রেপ্তার ও কারাগারে প্রেরণ করা হচ্ছে।

রুমমেটকে হত্যার পর সাত টুকরো : ৫ দিনের রিমান্ডে শাহীন

ঢাকার মতিঝিলে রুমমেটকে হত্যার পর মরদেহ কেটে টুকরো টুকরো করে ছড়িয়ে দেওয়ার ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার শাহীন আলমকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার এসআই মো. শাহরিন হোসেন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

এর আগে মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানিয়েছিলেন, ‘ব্যক্তিগত ক্ষোভ ও বিতণ্ডার জেরে’ ৩০ বছর বয়সী মোহাম্মদ ওবায়দুল্লাহকে হত্যা করে তারই রুমমেট শাহীন।

বগুড়ায় জামায়াত নেতা খুন, গ্রেপ্তার ২

বগুড়া শহরে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জামায়াত নেতার প্রাণ গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, ভোর সাড়ে তিনটার দিকে বগুড়ার ধুনট উপজেলার মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ইয়ার মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়।

ছাত্রদলের কর্মীকে হত্যা, ৩ জামায়াত কর্মী গ্রেপ্তার

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ছাত্রদলের সাবেক এক কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগে জামায়াতে ইসলামীর তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—সোনাতলা গ্রামের খলিল বয়াতি, শাহজালাল বয়াতি ও তানজের হাওলাদার। রোববার রাতে সোনাতলা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আরিফুল ইসলাম মাসুম শরণখোলার খুড়িয়াখালী গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে।

জামায়াতকর্মী নিহতের ঘটনায় যুবদল নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াতকর্মী নিহতের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে দামুড়হুদার জয়রামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জীবননগরের বাঁকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদ্য অব্যাহতিপ্রাপ্ত আহ্বায়ক।

রংপুরে দুই যুবদল নেতা বহিষ্কার

রংপুর নগরে এক ডিশ ও ইন্টারনেট ব্যবসায়ীকে হত্যার হুমকির অভিযোগে যুবদলের দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

রোববার রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়। এ ছাড়া ক্যাবল অপারেটর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও কর্মকর্তাকে মারধরের ঘটনা ঘটে। বহিষ্কৃতরা হলেন—রংপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু এবং সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশীদ গালিব।

মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জের কাজীপুরে বসতবাড়ির আঙিনায় ১২ ফুট উচ্চতার ৫ কেজি ওজনের গাঁজার গাছসহ মাহবুবুর রহমান (৪৫) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মাহবুবুর রহমান উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক।

বালু পাচারের অপরাধে যুবকের কারাদণ্ড

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বালু পাচারের অপরাধে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিকের ভ্রাম্যমাণ আদালত সালমান নামের এক যুবককে গত রোববার দুপুরে এ দণ্ড দেন।

ব্যবসায়ীর বাসায় গুলি, অভিযানে পুলিশ

চট্টগ্রামে ব্যবসায়ী ও সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানের বাসা লক্ষ্য করে দুই দফায় গুলির ঘটনায় অভিযান পরিচালনার কথা জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। গত রোববার রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী ব্যবসায়ীর বাড়িতে গুলি বর্ষণের ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ মন্তব্য করে অভিযান পরিচালনার কথা জানান। নগরীর চকবাজার থানার চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে শনিবার ভোরের দিকে গুলিবর্ষণের ঘটনা ঘটে। সংবাদ সম্মেলনের পর রাতে পুলিশের বিভিন্ন দল নগরীর বিভিন্ন স্থানে অভিযান শুরু করে।

রাজধানীতে বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী, শ্যামপুর ও কদমতলী থানা এলাকায় গত শনিবার দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৭৭ জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।

ডিএমপি জানায়, যাত্রাবাড়ী থানা এলাকার সিটি পল্লি, ওয়াসা কলোনি ও কুতুবখালি এলাকায় অভিযান চালিয়ে মাদক, ওয়ারেন্টভুক্ত আসামি, ছিনতাই ও মাদকসেবন-সংক্রান্ত অভিযোগে ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপি সূত্র জানায়, শ্যামপুরের আইজি গেট, জুরাইন কবরস্থান ও রেলগেট এলাকায় অভিযান চালিয়ে একই ধরনের অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া কদমতলীর ডিপটি গলি, পাটের বাগান, জুরাইন বউবাজার, নামা শ্যামপুর ও মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

মোহাম্মদপুর-আদাবরে ৪ ঘণ্টার অভিযানে আটক ১০০

চাঁদাবাজ, ছিনতাইকারী ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ সাঁড়াশি অভিযানে গত বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকা থেকে অন্তত ১০০ জনকে আটক করে পুলিশ। পুলিশের তেজগাঁও বিভাগ জানায়, এ বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজানের নেতৃত্বে পুলিশ ওই রাত ১০টার দিকে মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় অভিযান চালায়। রাত দুইটা পর্যন্ত অভিযান চলে। চার ঘণ্টা ধরে চলা এ অভিযানে ১০০ জনকে আটক করে পুলিশ। পরে তাদের মোহাম্মদপুর ও আদাবর থানায় সোপর্দ করা হয়।

অভিযান শেষে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, চাঁদাবাজ, ছিনতাইকারী ও কিশোর গ্যাং যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কড়া বার্তা দিয়েছেন আইজিপি মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, ছিনতাই, চাঁদাবাজি এবং মাদক বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। গতকাল সোমবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অনলাইন প্ল্যাটফর্মে সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মতবিনিময়কালে এ নির্দেশনা প্রদান করেন আইজিপি। আইজিপি বলেন, মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়কে তৎপরতা বাড়াতে হবে।

চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’

চাঁদাবাজি, সন্ত্রাস ও যে কোনো ধরনের অনিয়ম দমনে কঠোর অবস্থান নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত রাখাই আমার অঙ্গীকার। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না।

এদিকে বিএনপির নেতৃত্বাধীন সরকারের ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গত রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হচ্ছে না। সম্প্রতি নরসিংদীতে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে।

কেকে/এলএ
আরও সংবাদ   বিষয়:  অপরাধী   জামায়াত   বিএনপি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
স্কুল ভর্তিতে থাকছে না লটারি : শিক্ষামন্ত্রী
আইসিটি সেক্টরে ১০ লক্ষ মানুষের কর্মসংস্থান করা হবে : ফকির মাহবুব
দাউদকান্দির গোয়ালমারী-জুরানপুর সড়কের গর্তে ‘মাছ চাষের’ ভাবনা এলাকাবাসীর
খাল খনন প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা : তথ্যমন্ত্রী

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ
ঝড় ও ভারী বৃষ্টিতে মাদারগঞ্জে ফসলি জমির ব্যাপক ক্ষতি
মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার
লটারি বাদ দিয়ে আবার ভর্তি পরীক্ষায় ফিরছে সরকার
মৌলভীবাজারে কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close