রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
বিনোদন
মারা গেছেন ‘মুখ ও মুখোশ’ চলচ্চিত্রের কণ্ঠশিল্পী মাহবুবা রহমান
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৯:০০ পিএম
 মাহবুবা রহমান

মাহবুবা রহমান

বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একুশে পদকপ্রাপ্ত এ গায়িকা। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর বয়সী। মাহবুবা রহমান বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সংগীতশিল্পী রুমানা ইসলাম।

তিনি বলেন, ‘বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। শুক্রবার মগবাজার ওয়্যারলেস জামে মসজিদে উনার জানাজা অনুষ্ঠিত হয়।’

একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমানকে বাদ জুমা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানান রুমানা।

এদিকে, মাহবুবা রহমানের মৃত্যুতে অভিনেত্রী শবনম, সংগীত পরিচালক শেখ সাদী খান, সংগীতশিল্পী আবিদা সুলতানা, পরিচালক মতিন রহমান, এফআই মানিক, সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবু, প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা মিয়া আলাউদ্দিন শোক প্রকাশ করেছেন।

‘মুখ ও মুখোশ’ চলচ্চিত্রে ‘মনের বনে দোলা লাগে’ গানে কণ্ঠ দেন মাহবুবা রহমান, সংগীত পরিচালনা করেছেন সমর দাস। পরে ফতেহ লোহানীর ‘আসিয়া’ সিনেমায় ‘আমার গলার হার খুলে নে ওগো ললিতে’ গানে কণ্ঠ দিয়ে খ্যাতি পান তিনি।

মাহবুবা রহমানের অন্যান্য পরিচিত গানের মধ্যে রয়েছে আমার যদি থাকত পাখির ডানা, আমার না বলা কথা, সোনালী এই ধানের ক্ষেতে, আগে জানি না রে দয়াল, তুমি দাও দেখা দরদী, আমার বন্ধু বিনোদিয়া, আজকে আমার মালঞ্চে ফুল ফোটে নাই ও আমার মন ভালো না গো প্রাণ ভালো না গো।

জাগো হুয়া সাভেরা, আসিয়া, এ দেশ তোমার আমার, যে নদী মরুপথে, কখনো আসেনি, সূর্যস্নান, সোনার কাজল, নবাব সিরাজউদ্দৌলা, সাত ভাই চম্পার মতো ঢাকার প্রথম দিকের বহু চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন তিনি।

কয়েক দশক ধরেই অনেকটা নিভৃতে জীবন যাপন করছিলেন মাহবুবা রহমান। তার প্রকৃত নাম নিভা রানী রায়। ১৯৩৫ সালের ৩ মার্চ চট্টগ্রামে জন্ম। শৈশবেই ঢাকায় চলে আসেন। ঢাকায় সুধীরলাল চক্রবর্তী, ওস্তাদ পিসি গোমেজ ও মোমতাজ আলী খানের কাছে কিছু দিন গান শেখেন। গীত, গজল শিখেছিলেন ওস্তাদ কাদের জামেরী ও ওস্তাদ ইউসুফ কোরেশীর কাছে। মমতাজ আলীর কাছে শিখেছিলেন লোকসংগীত।

মাহবুবা রহমান ১৯৪৮ সালে ঢাকার কামরুননেসা গার্লস স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। এর আগের বছর অল ইন্ডিয়া রেডিও ঢাকা কেন্দ্র থেকে তার গান প্রথম প্রচার হয়।

১৯৫৮ সালে সাংস্কৃতিক ব্যক্তিত্ব খান আতাউর রহমানের সঙ্গে বিয়ে হয় মাহবুবা রহমানের। এর আগে আবুল হাসনাতকে বিয়ে করেন তিনি। খান আতাউর রহমানের সঙ্গে রয়েছে দুই মেয়ে ও এক ছেলে। তাদের একজন সংগীতশিল্পী রুমানা ইসলাম।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মুখ ও মুখোশ   চলচ্চিত্র   কণ্ঠশিল্পী মাহবুবা  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close