বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১ জুলাই ২০২৬
শিরোনাম: এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাইবার নিরাপত্তা: তথ্যমন্ত্রী      ডিএমপির আওতায় আসছে পূর্বাচল, ৪টি থানা স্থাপনের সিদ্ধান্ত       জাল সনদে এমপিও ভোগী ১৩ শিক্ষকের বেতন বন্ধ      পাহাড় ধসের শঙ্কায় লাখো রোহিঙ্গা      এইচএসসি পরীক্ষা শুরু আগামীকাল, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র      সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে পাঁচ কোটি টাকা পর্যন্ত জরিমানা      দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে বাজেট পাস      
জাতীয়
গাঢ় নীল-খাকি পোশাকে ফিরল বাংলাদেশ পুলিশ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৫:০০ পিএম আপডেট: ০১.০৭.২০২৬ ৫:২২ পিএম

সংস্কারের অংশ হিসেবে পরিবর্তন আনা ইউনিফর্ম বাদ দিয়ে আবারও গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টের পোশাকে ফিরেছে বাংলাদেশ পুলিশ। 

বুধবার (১ জুলাই) সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নতুন ইউনিফর্ম পরে দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশ সদস্যরা।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধনের সময় নতুন পোশাকে দেখা যায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরকে। একই অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদও হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্ট পরিহিত ছিলেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ জানান, বুধবার থেকেই নতুন ইউনিফর্ম পরা শুরু করেছেন পুলিশ সদস্যরা। তবে এখনো সব সদস্যের কাছে নতুন পোশাক পৌঁছেনি। পর্যায়ক্রমে সবাই নতুন ইউনিফর্ম পাবেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশে সংস্কারের দাবির অংশ হিসেবে ইউনিফর্ম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। গত বছরের ২০ জানুয়ারি আইন-শৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় লোহা-ধূসর শার্ট ও কফি-বাদামি ধূসর প্যান্টের নতুন পোশাক অনুমোদন করা হয় এবং ২৫ নভেম্বর তা কার্যকর হয়।

তবে ওই ইউনিফর্ম নিয়ে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। পোশাকের রং নিয়েও বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। সরকার পরিবর্তনের পর আবারও পুরোনো ধাঁচের রঙে ফিরে যাওয়ার দাবি ওঠে।

এর পরিপ্রেক্ষিতে গত ১৮ জুন পুলিশ সদর দপ্তর নতুন প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে শার্ট, ট্রাউজার, জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট, নারী পুলিশের পোশাক, মাথার আবরণ এবং পূর্ণহাতা পোশাকের রঙে পরিবর্তন আনা হয়।

নতুন বিধান অনুযায়ী, জেলা পুলিশ এবং এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাব ছাড়া অন্যান্য ইউনিটের সদস্যদের ট্রাউজার হবে খাকি রঙের টিসি টুইল কাপড়ের এবং শার্ট হবে গাঢ় নীল রঙের টিসি প্লেইন ফেব্রিকের। শার্টে চারটি সামনের পকেট ও সাতটি বোতাম থাকবে।

নারী পুলিশ সদস্যদের জন্যও নতুন নির্দেশনায় পোশাকের রঙ নির্ধারণ করা হয়েছে। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ এবং মহানগর পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ পরার বিধান রাখা হয়েছে। চাইলে নারী সদস্যরা মাথার আবরণ ব্যবহার করতে পারবেন। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী সদস্যরা সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন এবং গর্ভাবস্থায় ইউনিটপ্রধানের অনুমোদন নিয়ে সাধারণ পোশাক ব্যবহারের সুযোগ থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, গ্রীষ্মকালে শার্ট হবে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা। মাথার আবরণও হবে অনুমোদিত গাঢ় নীল রঙের।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  গাঢ় নীল-খাকি পোশাক   বাংলাদেশ   পুলিশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close