সিরাজগঞ্জে সরকারি ভাতা, অনুদান ও বিভিন্ন কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাসে দরিদ্র নারীদের কাছ থেকে ১০ হাজার টাকা করে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে মো. আব্দুল আলিম ও মোছা. ফরিদা বেগমের বিরুদ্ধে। দীর্ঘদিনেও প্রতিশ্রুত সুবিধা না পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
সোমবার (১১ আগস্ট) সকালে সিরাজগঞ্জের কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সামনে বড় কয়ড়া ও একডালা পূর্বপাড়া গ্রামের ভুক্তভোগী নারী ও স্থানীয় বাসিন্দারা এ মানববন্ধন করেন।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, সরকারি বিভিন্ন সহায়তা, ভাতা, কার্ড ও অনুদান পাইয়ে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে ২ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। এভাবে এলাকার দরিদ্র ও অসহায় নারীদের কাছ থেকে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা আদায় করা হয়েছে বলে তাদের দাবি।
তাদের অভিযোগ, দীর্ঘদিন পার হলেও অনেকেই কোনো সরকারি সুবিধা পাননি। টাকা ফেরত চাইলে অভিযুক্তদের পক্ষ থেকে ভয়ভীতি, মারধর ও বাড়িঘর উচ্ছেদের হুমকি দেওয়া হয়েছে।
ভুক্তভোগীদের পক্ষ থেকে এ ঘটনায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি থানায় অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।
মানববন্ধনে বক্তারা অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, ভুক্তভোগীদের টাকা ফেরত এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
কেকে/সাশ