বাংলাদেশের ২৩তম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)।
শনিবার (২২ আগস্ট) ফোরামের সাধারণ সম্পাদক মো. রওশন কামাল জেমস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়া ও দায়িত্ব গ্রহণ বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রজ্ঞা, অভিজ্ঞতা, ধৈর্য, গণতন্ত্রের প্রতি অঙ্গীকার এবং রাষ্ট্র ও জনগণের কল্যাণে ভূমিকা রাষ্ট্রপতির দায়িত্ব পালনে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছে সংগঠনটি।
এতে আরও বলা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন, শিক্ষা, কর্মসংস্থান ও জনসেবার অন্যতম প্রধান চালিকাশক্তি। নতুন রাষ্ট্রপতির নেতৃত্ব ও সাংবিধানিক দায়িত্ব পালনের মাধ্যমে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মর্যাদা ও কার্যকর ভূমিকা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম।
ফোরামটি আশা প্রকাশ করে, রাষ্ট্রপতি তার সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ, সংবিধানের মর্যাদা, নাগরিকের অধিকার ও নিরাপত্তা এবং আইনের শাসন সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
বিজ্ঞপ্তিতে ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. শাহ জে মিয়া এবং সাধারণ সম্পাদক মো. রওশন কামাল জেমস রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশ আরও গণতান্ত্রিক, প্রযুক্তিনির্ভর, নিরাপদ, সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক রাষ্ট্র হিসেবে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সাফল্য ও কর্মময় রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
কেকে/সাশ