রাজশাহী শিক্ষাবোর্ডে বিশেষ ব্যবস্থায় এইচএসসি পরীক্ষা দিয়েছেন ৩৪ জন পরীক্ষার্থী। বোর্ডের আওতাধীন আট জেলা থেকে ৩৭জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও তিনজন অনুপস্থিত থাকায় ৩৪ জন পরীক্ষায় অংশ নেন।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩০ জন ছেলে ও চারজন মেয়ে।
এইচএসসি পরীক্ষা কেন্দ্রের কনভেনার ড. রবিউল ইসলাম জানান, সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। এদিন বাংলা প্রথমপত্র, যুক্তিবিদ্যা প্রথমপত্র ও পদার্থবিজ্ঞান প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, ‘কিছুদিন আগে রাজশাহী শিক্ষাবোর্ড থেকে একটি বিষয়ে বিশেষ পরীক্ষা আয়োজনের জন্য চিঠি দেওয়া হয়। বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করে বোর্ডকে জানানো হয়। সেই অনুযায়ী সোমবার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে এরপর আর কোনো পরীক্ষা হবে কি না, তা তিনি নিশ্চিত করে বলতে পারছি না।’
কেন বিশেষ ব্যবস্থায় এ পরীক্ষা নেওয়া হচ্ছে-এ বিষয়ে ড. রবিউল ইসলাম বলেন, বোর্ডের চিঠিতে উল্লেখ করা হয়েছিল, প্রাকৃতিক দুর্যোগের কারণে যেসব পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষা দিতে পারেননি, তাদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। ওই প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মধ্য থেকেই এ পরীক্ষা নেওয়া হয়েছে।’
রাজশাহী শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা শুরু হয় ২ জুলাই। এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন। এর মধ্যে ছাত্র ৭৩ হাজার ৫৭ জন এবং ছাত্রী ৬৭ হাজার ৭৭৩ জন। বোর্ডের আওতাধীন আট জেলায় ২০৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এ বিষয়ে রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন বলেন, ‘নিউ গভ. ডিগ্রি কলেজ কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ কেন্দ্রে ৩৭ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও ৩৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।’
কেকে/এআই