‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ সবল জীবন গড়ি’—এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে মাগুরার মহম্মদপুর উপজেলায় ঝাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ (উপজেলা পর্যায়)।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মহম্মদপুর উপজেলা মিনি স্টেডিয়ামে মহম্মদপুর থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের যৌথ উদ্যোগে এই টুর্নামেন্টের উদ্বোধন হয়।
প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন মাগুরা জেলা পুলিশ সুপার (এসপি) মোল্লা আজাদ হোসেন।
প্রধান অতিথি অনুষ্ঠানে তিনি বলেন, “ইনসপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) আলী হোসেন ফকির স্যারের দিকনির্দেশনায় বাংলাদেশ পুলিশ দেশব্যাপী এই কমিউনিটি পুলিশ কাবাডি টুর্নামেন্টের আয়োজন করেছে। পুলিশ ও জনতার সুদৃঢ় মেলবন্ধনের মাধ্যমে সমাজের অপরাধ নির্মূল করাই এর মূল লক্ষ্য। আমাদের তরুণ ও যুবসমাজ যেন মাদক, জুয়া কিংবা কিশোর গ্যাংয়ের মতো ভয়াল গ্রাসে নিমজ্জিত না হয়ে খেলাধুলার মধ্য দিয়ে সুস্থ-সবল ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সেজন্যই এই উদ্যোগ।”
মোল্লা আজাদ আরও বলেন, “প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার—‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—তারই ধারাবাহিকতায় খেলোয়াড়দের পেশাদারত্ব ও অর্থনৈতিক সুরক্ষার সুযোগ তৈরি হচ্ছে। কাবাডি জাতীয় দলে জায়গা পাওয়া খেলোয়াড়রা প্রতি মাসে ১ লাখ টাকা করে সম্মানী পাবেন। আমি আশাবাদী, এই মহম্মদপুর থেকেই এমন দক্ষ খেলোয়াড় উঠে আসবে যারা জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় দলে মাগুরার সুনাম উজ্জ্বল করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কমিউনিটি পুলিশিং ফোরাম মহম্মদপুর থানার আহ্বায়ক মৈমুর আলী মৃধা বলেন, “পুলিশ প্রতিনিয়ত জনমানুষের সেবায় নিয়োজিত থাকে। পুলিশি সেবাকে আরও জনমুখী ও জনগণের কাছাকাছি নিয়ে যেতে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্) থান্দার খায়রুল হাসান, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী, সার্কেল সহকারী পুলিশ সুপার নাহিয়ান, কমিউনিটি পুলিশিং ফোরাম মহম্মদপুর থানার সদস্যসচিব আকতারুজ্জামান এবং সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী হিরো।
বসুর ধুলজুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুর রহমান রিয়াজ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিলটনের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষাবিদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি ও ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথি ও অন্য আমন্ত্রিত অতিথিবৃন্দ মাঠে নেমে উভয় দলের বালিকা ও বালক খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন ও শুভেচ্ছা বিনিময় করেন।
উদ্বোধনী দিনে বালিকা ও বালক বিভাগে রাজাপুর ইউনিয়ন এবং নোহাটা ইউনিয়নের দল প্রতিদ্বন্দ্বিতা করে। পুরো মাঠজুড়ে স্থানীয় দর্শকদের উপস্থিতি ও করতালিতে মুখরিত উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিশেষ এ আয়োজনের সাথে সংহতি প্রকাশ করে যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ ধারার মানসিকতায় ফেরানোর প্রত্যয়ে একাত্মতা ঘোষণা করে ‘প্রেস ক্লাব মহম্মদপুর’।
ক্লাবের পক্ষ থেকে উদ্বোধনী ম্যাচের বালিকা ও বালক উভয় বিভাগের সেরা দুই খেলোয়াড়ের (ম্যান অব দ্য ম্যাচ) হাতে বিশেষ পুরস্কার ও শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রেস ক্লাব মহম্মদপুরের নেতৃবৃন্দ।
ডেকোরেশন ও খেলাধুলার আমেজে মাদকমুক্ত সমাজ গড়ার এই পুলিশি ও সামাজিক উদ্যোগকে প্রেস ক্লাব নেতৃবৃন্দ সাধুবাদ জানান।
কেকে/এমএ