বাংলাদেশ একদিন স্বাস্থ্যখাতে বিশ্বকে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টায় রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউট ও হাসপাতালে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও ২৫০ শয্যায় উন্নীতকরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের ডাক্তাররা মেধাবী। তাদের জন্য আরও অবকাঠামো ও চিকিৎসা সরঞ্জাম দরকার। তাহলেই তারা বিশ্বমানের সেবা দিতে সক্ষম হবেন। ডাক্তারদের দেশকে ভালোবাসতে হবে। এ দেশের মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করতে হবে। বিনিময়ে আমরা চিকিৎসকদের আরও সুযোগ-সুবিধা দেব। দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে আরও নার্স ও চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।
তিনি বলেন, ‘মনে রাখবেন, ডাক্তার ও সাংবাদিক পরস্পরের বন্ধু। পৃথিবীর কোনো মানুষ ফেরেশতা নয়। গণমাধ্যমের কাজ আমাদের ভুল ধরিয়ে দেওয়া। এর ফলে দেশের স্বাস্থ্যখাতের সমস্যার সমাধান হবে। অপরদিকে, ডাক্তাররাও প্রচুর পরিশ্রম করছেন এবং অসংখ্য রোগীকে সেবা দিয়ে সুস্থ করছেন। এসব বিষয়েও সাংবাদিকদের প্রশংসা করতে হবে। কারণ গণমাধ্যমের কাজ শুধু সমালোচনা করা নয়, ভালো দিকগুলোর প্রশংসাও করতে হবে।’
তিনি আরও বলেন, ‘ডাক্তারদের থ্যালাসেমিয়া, এইডস ও অন্যান্য ছোঁয়াচে এবং সংক্রামক রোগের বিষয়ে জনগণকে সচেতন করতে হবে। আপনারা ভালো চিকিৎসা দিয়ে দেশের সম্মান ও মর্যাদা রক্ষা করুন। কারণ আমরা মুক্তিযুদ্ধ করেছি দেশকে উন্নত করতে। এ দেশ যেন কোনো বিষয়ে অন্য দেশের ওপর নির্ভর না করে, তা নিশ্চিত করতে হবে। এজন্য ডাক্তারদেরও এগিয়ে আসতে হবে। কারণ তাদের চেষ্টায় দেশ একদিন স্বাস্থ্যখাতে বিশ্বকে নেতৃত্ব দেবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আ ন ম বজলুর রশীদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, বাংলাদেশ শিশু হাসপাতালের চেয়ারম্যান ডা. এ কে এম আজিজুল হক ও ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।
কেকে/ এমএস