সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করা ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের ইসরায়েলি যাত্রীদের দেশে ফিরিয়ে নিতে সামরিক বিমান পাঠানোর অনুমতি চেয়েছিল ইসরায়েল। তবে রিয়াদ সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে দুটি নিরাপত্তা সূত্র।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ দুবাই থেকে তেল আবিব যাওয়ার পথে মাঝ আকাশে গুরুতর ঘটনার মুখে পড়ে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, উড়োজাহাজটির সহকারী পাইলট মূল পাইলটকে ছুরিকাঘাত করে বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করেন। পরে যাত্রী ও ক্রু সদস্যরা তাকে নিয়ন্ত্রণে আনেন এবং বিমানে থাকা অন্য পাইলটরা উড়োজাহাজটি নিরাপদে সৌদি আরবের তাবুকে অবতরণ করান।
ঘটনার পর ইসরায়েলি যাত্রীদের ফিরিয়ে নিতে ‘সুপার হারকিউলিস’ সামরিক পরিবহন বিমান পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকায় রিয়াদের অনুমতির প্রয়োজন ছিল। নিরাপত্তা সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, সেই অনুমতি দেয়নি সৌদি কর্তৃপক্ষ।
পরে যাত্রীদের ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজেই তেল আবিবে নেওয়ার ব্যবস্থা করা হয়। ফ্লাইদুবাই জানিয়েছে, ঘটনাটির পর তাদের ক্রুরা উড়োজাহাজটি নিরাপদে নিয়ন্ত্রণে নিয়ে তাবুকে অবতরণ করান এবং পরবর্তী সময়ে যাত্রীদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ফ্লাইটটি প্রায় ৩৩-৩৪ হাজার ফুট উচ্চতায় থাকার সময় দ্রুত নিচে নামতে শুরু করে। পরে যাত্রী ও ক্রু সদস্যরা ককপিটে ঢুকে হামলাকারী পাইলটকে নিয়ন্ত্রণে আনেন। দুই পাইলটই আহত হন এবং চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। ঘটনার প্রকৃত কারণ ও উদ্দেশ্য এখনো তদন্তাধীন।
এদিকে, ফ্লাইটের ঘটনাকে ঘিরে ইসরায়েলি কর্তৃপক্ষ সম্ভাব্য সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়টিও খতিয়ে দেখছে। তবে এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য বা কোনো সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হয়নি।
সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম অ্যাকর্ডসে সৌদি আরবকে যুক্ত করার প্রচেষ্টা চললেও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে অগ্রগতি ছাড়া এ চুক্তিতে যোগ না দেওয়ার অবস্থান দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে রিয়াদ।
এ ঘটনার মধ্যেই ইসরায়েলি সংবাদমাধ্যমে সৌদি ও ইসরায়েলি কর্মকর্তাদের বৈঠকের খবর প্রকাশিত হয়। তবে এক জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা এমন কোনো বৈঠকের খবর অস্বীকার করেছেন।
সূত্র: রয়টার্স
কেকে/সাশ