স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে বাস্তবায়নাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্টের (ক্রিম্প)আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) আয়োজিত ‘কনসালটেন্সি সার্ভিসেস ফর ই-লার্নিং কনটেন্ট ডেভেলপমেন্ট’-এর আওতায় কনটেন্ট ওভারভিউ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) এলজিইডির সদর দপ্তরের চতুর্থ তলার সেমিনার কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল বাছেদ মোহাম্মদ রেজাউল বারী।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে দক্ষ জনবল তৈরিতে ই-লার্নিং কনটেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানসম্পন্ন ও ব্যবহারবান্ধব কনটেন্ট তৈরিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক সালমা শহীদ।
তিনি বলেন, ‘ই-লার্নিং কনটেন্টের মাধ্যমে এলজিইডির কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি সহজ হবে। কনটেন্ট বাস্তবসম্মত ও ব্যবহারবান্ধব করতে সবার মতামত ও সহযোগিতা প্রয়োজন।’
কর্মশালায় অংশগ্রহণকারীদের মূল্যবান মতামতের মাধ্যমে কনটেন্টকে আরও কার্যকর ও টেকসই করে গড়ে তোলাই ছিল এ আয়োজনের প্রধান লক্ষ্য। এই অ্যাসাইনমেন্টের জন্য নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠান অ্যাডি সফট লিমিটেডের পক্ষে কনটেন্ট ডেভেলপার ইমরান হোসেন কনটেন্টের ডিজাইন বিষয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করেন।
অনুষ্ঠানে অ্যাডি সফট লিমিটেডের ডিরেক্টর বিজনেস ডেভেলপমেন্ট কেএম আবদুল্লাহ আল-মুরাদ, টিমলিড মো. ছাবেদ আলম, এজিএম মো. শরিফুল ইসলাম, এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী সাইফুল কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
কেকে/এমএ