মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে উদযাপিত হয়েছে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে। ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) কুয়েত ওভারসিজ চ্যাপ্টারের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে প্রবাসে বাংলাদেশি প্রকৌশলীদের পেশাগত উৎকর্ষ, দক্ষতা ও অবদান তুলে ধরার মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে কুয়েত সিটি টাওয়ার হোটেলে এ অনুষ্ঠান করা হয়।
এ বছর ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে উদযাপিত হয়েছে। তারই ধারাবাহিকতায় কুয়েতেও দিবসটি উদযাপিত হলো।
আইইবি কুয়েত চ্যাপ্টারের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. শাহেদ ফারুক সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল রকিবুল করিম চৌধুরী, বিএমসি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, প্রকৌশলী এমআই আলম, প্রকৌশলী আতিকুর রহমান, প্রকৌশলী মিজানুর রহমান, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি মুখাই আলী লুৎফর রহমান, আইপিসির সাধারণ সম্পাদক রুহুল আমিন খান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কুয়েত কান্ট্রি ম্যানেজার একেএম ফারহাদ, স্টেশন ম্যানেজার মো. শাহজাহান, বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন।
অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন আইইবি কুয়েত চ্যাপ্টারের সাবেক চেয়ারম্যান ও কাউন্সিল সদস্য প্রকৌশলী আবদুল কুদ্দুস মল্লিক। এরপর বিমান উড্ডয়ন, এর বিভিন্ন যন্ত্রাংশ ও ব্যবহারিক দিক নিয়ে চিত্রের মাধ্যমে বিস্তারিত উপস্থাপনা করেন চ্যাপ্টারের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম।
এরপর অনুষ্ঠানে আইইবি কুয়েত চ্যাপ্টারের ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। কমিটিতে চেয়ারম্যান হিসেবে রয়েছেন প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. শাহেদ ফারুক সিনহা ও সম্মানীয় সচিব প্রকৌশলী হুমায়ুন সুলাইমান কবির। কাউন্সিল সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মো. জুলফিকার আলী, প্রকৌশলী মো. মিজানুর রহমান, প্রকৌশলী মো. আবদুল হালিম ও প্রকৌশলী ইউসুফ।
অনুষ্ঠানে কুয়েতের প্রকৌশল ও প্রযুক্তি খাতে বাংলাদেশি প্রকৌশলীদের অবদান, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা ও বাংলাদেশের দক্ষ জনশক্তির কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
এ সময় কুয়েতে বাংলাদেশ থেকে আরও বেশি প্রকৌশলী ও কারিগরিভাবে দক্ষ জনশক্তি নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
আলোচনা সভা শেষে আনন্দঘন ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান করেন কণ্ঠশিল্পী আশরাফ, প্রকৌশলী আবদুস সালাম, দসিনা লাবণি ও নাজমা তালুকদার। তাদের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রবাসে বাংলাদেশি প্রকৌশলীদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, পেশাগত অভিজ্ঞতা বিনিময় ও দেশের দক্ষ জনশক্তির সক্ষমতা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার প্রত্যয়ে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে মতবিনিময় করেন।
প্রসঙ্গত, আইইবি বাংলাদেশের প্রকৌশল পেশাজীবীদের জাতীয় সংগঠন। ভারত উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্য পতনের পর ও পাকিস্তান স্বাধীন হওয়ার পরপরই কয়েকজন উর্ধ্বতন প্রকৌশলী একটি পেশাদার ফোরাম প্রতিষ্ঠার উদ্যোগ নেন। যার ফলে ১৯৪৮ সালের ৭ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন পাকিস্তান প্রতিষ্ঠিত হয়, যার সদর দপ্তর ছিল ঢাকায়। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন পাকিস্তানের নাম পরিবর্তন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ করা হয়। বাংলাদেশের প্রকৌশলীরা প্রতিবছর ৭ মে ইঞ্জিনিয়ার্স ডে পালন করে। এ উপলক্ষে থাকে বিস্তারিত কর্মসূচি।
কেকে/এমএ