যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং অংশীদারত্বের বহুমুখী দিক তুলে ধরতে তিন দিনের সরকারি সফরে আগামীকাল সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি। বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত চলবে তার এই সফর। এ সময় নারী ও কন্যাশিশুদের কল্যাণ, সুরক্ষা ও ক্ষমতায়ন এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য পরিচালিত সহায়তা কার্যক্রম বিশেষ গুরুত্ব পাবে।
বাকিংহাম প্যালেসের ঘোষণা অনুযায়ী, সফরকালে ডাচেস সোফি বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায় ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এসব কার্যক্রমের মধ্য দিয়ে যুক্তরাজ্য ও বাংলাদেশের অংশীদারত্বের বিস্তৃতি তুলে ধরার পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত সহায়তা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন তিনি।
ঢাকায় অবস্থানকালে ডাচেস সোফির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রপতির সাক্ষাতের কথা রয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। এ সময় নারী ও কন্যাশিশুদের কল্যাণ, নিরাপত্তা, সুরক্ষা এবং ক্ষমতায়নের মতো অভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফরের অন্যতম কর্মসূচি হিসেবে ডাচেস সোফি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিআইপিএসওটি) পরিদর্শন করবেন। সেখানে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা সম্পর্কে জানবেন তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরবেন।
এ ছাড়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শনের সময় নারী হকি খেলোয়াড়সহ তরুণ ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময় করবেন ডাচেস। এ কর্মসূচির মধ্য দিয়ে নারী ও কন্যাশিশুদের জন্য নতুন সুযোগ সৃষ্টিতে খেলাধুলার ইতিবাচক ভূমিকা তুলে ধরা হবে।
বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি। সেখানে তরুণদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং নারীর ক্ষমতায়নের বিষয়গুলো গুরুত্ব পাবে।
ঢাকার কর্মসূচি শেষে ডাচেস সোফি কক্সবাজার সফর করবেন। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থার কার্যক্রম পরিদর্শন করবেন তিনি। বিশেষ করে বলপূর্বক বাস্তুচ্যুত নারী, শিশু ও পরিবারগুলোর জন্য পরিচালিত সুরক্ষা এবং সহায়তা কার্যক্রম সম্পর্কে জানবেন।
কক্সবাজারে সফরকালে শরণার্থী জনগোষ্ঠীর মধ্যে সক্ষমতা বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশে নেওয়া বিভিন্ন উদ্যোগও পর্যবেক্ষণ করবেন ডাচেস। পাশাপাশি নারী ও শিশুদের সুরক্ষা, পুনর্বাসন এবং অন্তর্ভুক্তিমূলক সেবা নিশ্চিত করতে পরিচালিত কার্যক্রম সম্পর্কে অবহিত হবেন তিনি।
কেকে/ এমএস