জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত শনিবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করেছে বিএনপি। সেখানে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় কোনো আপস না করার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, অতীতের মতো আবারও দেশের ভেতরে ও বাইরে থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে এবং তা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
স্বাধীন দেশের সরকারপ্রধানের মুখে সার্বভৌমত্ব রক্ষার এই দৃঢ় অবস্থান প্রত্যাশিত। এ প্রশ্নে কোনো নাগরিকের দ্বিমত থাকার কথা নয়। তবে সার্বভৌমত্ব কেবল স্লোগানে সুরক্ষিত হয় না। এর জন্য প্রয়োজন কার্যকর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আইনের শাসন, জবাবদিহি এবং ভিন্নমত ধারণের নিরাপদ পরিসর। প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ‘বাংলাদেশি’ পরিচয়ই এ জাতির সবচেয়ে বড় ঐক্যসূত্র। ‘দিল্লি নয়, পিণ্ডি নয়, সবার আগে বাংলাদেশ’— এই উচ্চারণে জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষারই প্রতিধ্বনি শোনা যায়। কিন্তু জাতীয় ঐক্য কোনো একক দলের কর্মসূচি দিয়ে নির্মিত হয় না।
৭ নভেম্বরের ব্যাখ্যা নিয়ে দেশের রাজনীতিতে ভিন্নমত রয়েছে। ইতিহাসের এমন অধ্যায়কে সবার জন্য গ্রহণযোগ্য করতে হলে প্রয়োজন খোলামেলা আলোচনা ও পারস্পরিক সম্মান। ষড়যন্ত্রের অভিযোগ গুরুতর বিষয়। কোনো সরকার যখন প্রকাশ্যে বলে যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং ষড়যন্ত্রকারীদের ‘একে একে জবাব’ দেওয়া হবে, তখন জনগণের জানার অধিকার জন্মায়, কারা এবং কীভাবে এই ষড়যন্ত্রে জড়িত। প্রমাণ ও স্বচ্ছ প্রক্রিয়া ছাড়া এমন অভিযোগ রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের হাতিয়ার হয়ে উঠতে পারে, যার ক্ষতি শেষ পর্যন্ত গণতন্ত্রেরই।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সবচেয়ে বড় শিক্ষা হলো, ভয় ও দমনপীড়ন দিয়ে মানুষকে দাবিয়ে রাখা যায় না। এই শিক্ষা ক্ষমতাসীনদের জন্যও সমানভাবে প্রযোজ্য। এ ছাড়া লাখো মানুষের জমায়েতকে ঘিরে মালিবাগ, কাকরাইল ও পল্টন এলাকায় যে দীর্ঘ যানজট ও ভোগান্তি হয়েছে, তা-ও এড়ানো উচিত ছিল। রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার সবার আছে, তবে নগরবাসীর চলাচলের অধিকারও সমান গুরুত্বপূর্ণ। ক্ষমতাসীন দলের কাছ থেকে নাগরিক দুর্ভোগ কমানোর দায়িত্বশীল দৃষ্টান্তই প্রত্যাশিত যা অতীতে বর্তমান সরকারের বিভিন্ন কর্মযজ্ঞে আমরা দেখেছি।
এবার আসা যাক সার্বভৌমত্বের বিষয়ে। ষড়যন্ত্রের যেসব অভিযোগ করা হচ্ছে, সংশ্লিষ্ট তথ্য ও প্রমাণ যথাযথ প্রক্রিয়ায় জাতির সামনে উপস্থাপন করতে হবে। অনির্দিষ্ট অভিযোগ থেকে বিরত থাকতে হবে। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা নিরপেক্ষ আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে হবে। রাজনৈতিক প্রতিহিংসা বা গণবিচারের সংস্কৃতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া চলবে না।
জাতীয় ঐক্যকে বাস্তব রূপ দিতে বিরোধী দল, নাগরিক সমাজ ও তরুণ প্রজন্মের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত সংলাপের কাঠামো গড়ে তুলতে হবে। ইতিহাসের বিতর্কিত অধ্যায়ের মূল্যায়নেও খোলা আলোচনার সুযোগ রাখতে হবে। কোনো একক দেশের প্রতি নির্ভরতা বা বিরোধিতা নয়; সব দেশের সঙ্গে সমমর্যাদার সম্পর্ক ও জাতীয় স্বার্থ অগ্রাধিকার পাবে, এই নীতি সুস্পষ্টভাবে ঘোষণা ও অনুসরণ করতে হবে।
গণতান্ত্রিক অধিকার রক্ষার অঙ্গীকার তখনই বিশ্বাসযোগ্য হবে, যখন সরকারের সমালোচকেরাও নিরাপদে কথা বলতে পারবেন। বড় রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে বিকল্প সড়ক, সময়সূচি ও যান চলাচল ব্যবস্থাপনার আগাম পরিকল্পনা নিশ্চিত করতে হবে। ২১ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে রাজপথে হাঁটা প্রতীকীভাবে তাৎপর্যপূর্ণ। এখন জনগণ দেখতে চায়, সেই পথচলা কেবল দলের শক্তি প্রদর্শনে সীমাবদ্ধ থাকে, নাকি রাষ্ট্র পরিচালনায় সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রকৃত সুরক্ষায় রূপ নেয়।
সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আপসহীনতার পাশাপাশি জবাবদিহি, স্বচ্ছতা ও সবার অংশগ্রহণই হতে পারে সেই অঙ্গীকারের সবচেয়ে নির্ভরযোগ্য ভিত্তি।
কেকে/সাশ