শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করা সময়ের দাবি: প্রধানমন্ত্রী      ● গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন না হলে জাতীয় ঐক্য সম্ভব নয়: শফিকুর রহমান      ● স্বৈরাচারী শাসনামলে দুর্বল হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, অর্থনীতি পড়েছে দুর্নীতির চক্রে: রাষ্ট্রপতি      ● জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী      ● আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ টাকা      ● ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন      
খোলা মত ও সম্পাদকীয়
আগামীর বাংলাদেশে তারুণ্যের কর্মসংস্থান
জুবাইয়া বিন্তে কবির
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ২:৩২ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বাংলাদেশের প্রতিটি তরুণের চোখে একটি স্বপ্ন থাকে নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হওয়া, পরিবারের মুখে হাসি ফোটানো এবং দেশকে এগিয়ে নেওয়ার। কেউ বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে বসে ভবিষ্যতের স্বপ্ন বুনছেন, কেউ চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে নিতে জীবনের মূল্যবান সময় পার করছেন, আবার কেউ সামান্য পুঁজি নিয়ে উদ্যোক্তা হওয়ার সাহস সঞ্চয় করছেন। কিন্তু বাস্তবতার কঠিন দেয়ালে বারবার ধাক্কা খেয়ে অনেকের স্বপ্নই আজ অনিশ্চয়তার অন্ধকারে হারিয়ে যাচ্ছে। শিক্ষিত বেকারত্ব, দক্ষতার ঘাটতি, কর্মসংস্থানের সীমিত সুযোগ এবং উদ্যোক্তাদের পুঁজি সংকট বাংলাদেশের অর্থনীতির সামনে বড় চ্যালেঞ্জ। 

প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের সামনে তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর একটি হলো দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ, আত্মনির্ভরশীল ও উৎপাদনশীল মানবসম্পদে রূপান্তর করা। সরকারের সাম্প্রতিক কর্মসূচি, নতুন এসএমই নীতির উদ্যোগ এবং কর্মসংস্থান সৃষ্টির ঘোষণাগুলো এই লক্ষ্য অর্জনের সম্ভাবনার কথা জানাচ্ছে। তবে প্রতিশ্রুতিকে বাস্তব সাফল্যে রূপান্তর করাই হবে আগামী দিনের সবচেয়ে বড় পরীক্ষা।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ইতিহাসে তরুণ জনগোষ্ঠী এক অমূল্য সম্পদ। কৃষি, শিল্প, তথ্যপ্রযুক্তি, পর্যটন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিবহন ও আন্তর্জাতিক শ্রমবাজার প্রতিটি ক্ষেত্রেই তরুণদের অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। জনমিতিক সুবিধা বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের এই সময়কে কাজে লাগাতে পারলে বাংলাদেশ উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। কিন্তু এই সুযোগ চিরস্থায়ী নয়। কর্মক্ষম জনগোষ্ঠীকে যথাসময়ে দক্ষ ও উৎপাদনশীল করে তুলতে না পারলে জনসংখ্যার এই সম্ভাবনাই একসময় অর্থনৈতিক ও সামাজিক চাপে পরিণত হতে পারে। তাই তরুণদের কর্মসংস্থানকে কেবল একটি মন্ত্রণালয়ের দায়িত্ব কিংবা বিচ্ছিন্ন সামাজিক কর্মসূচি হিসেবে দেখার সুযোগ নেই। এটি রাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ সমৃদ্ধির অন্যতম প্রধান শর্ত।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এর গত জানুয়ারিতে প্রকাশিত বাংলাদেশের আর্টিকেল ফোর প্রতিবেদনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ ২০২৪-এর তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, দেশে সামগ্রিক বেকারত্বের হার ৩ দশমিক ৬৯ শতাংশ হলেও ১৫ থেকে ২৯ বছর বয়সি তরুণদের বেকারত্বের হার ৮ দশমিক ৪৯ শতাংশ। শহরাঞ্চলে তরুণদের বেকারত্বের হার আরও বেশি, ১৩ দশমিক ২৭ শতাংশ। উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্ব ৮ দশমিক ৭০ শতাংশ এবং উচ্চশিক্ষিত নারীদের ক্ষেত্রে তা ১৬ দশমিক ৬৬ শতাংশ। অর্থাৎ শিক্ষার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেও অনেক তরুণ-তরুণী কাঙ্ক্ষিত কর্মসংস্থান পাচ্ছেন না। অন্যদিকে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের বিশ্লেষণে দেশের মোট কর্মসংস্থানের প্রায় ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে বলে উল্লেখ করা হয়েছে। এসব তথ্য প্রমাণ করে, আমাদের শুধু চাকরির সংখ্যা বাড়ালেই চলবে না; নিরাপদ, নিয়মিত, মর্যাদাপূর্ণ ও উৎপাদনশীল কর্মসংস্থানও নিশ্চিত করতে হবে।

পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) গত আগস্ট-সেপ্টেম্বরের গবেষণায় দেশের তরুণদের অর্থনৈতিক সম্ভাবনা বাস্তবে রূপ না পাওয়ার পেছনে ‘মিসিং মিডল’ বা অনুপস্থিত মধ্যবর্তী প্রাতিষ্ঠানিক স্তরকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গবেষণায় দেখা যায়, সরকারি সেবা নিতে যাওয়া তরুণদের প্রায় ৮০ শতাংশ বিলম্ব অথবা অনানুষ্ঠানিক অর্থ প্রদানের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। প্রায় ৬৭ শতাংশ তরুণ উদ্যোক্তা জামানতের অভাবকে অর্থায়নের প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছেন। প্রায় অর্ধেক নিয়োগপ্রক্রিয়ার অস্বচ্ছতা এবং দুই-পঞ্চমাংশের বেশি রাজনৈতিক বা সামাজিক প্রভাবকে চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে দেখেছেন। অর্থাৎ রাষ্ট্রের নীতিমালা এবং ব্যক্তিগত উদ্যোগের মাঝখানে কার্যকর প্রতিষ্ঠান, শিল্পসংযোগ, স্থানীয় ব্যবসায়িক নেটওয়ার্ক ও সহজ অর্থায়নব্যবস্থা গড়ে না উঠলে সম্ভাবনা বাস্তব কর্মসংস্থানে রূপ নেবে না।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের জন্য তাই মেসো-অর্থনীতিকে শক্তিশালী করা একটি গুরুত্বপূর্ণ নীতিগত অগ্রাধিকার হওয়া প্রয়োজন। তারেক রহমানের কর্মসংস্থান দর্শন : প্রতিশ্রুতি থেকে পরিকল্পিত উদ্যোগ : এ বছর জাতীয় নির্বাচনের আগে বিএনপির নির্বাচনি ইশতেহারে ‘কাজ করব, গড়ব দেশ’ দর্শনের আলোকে পাঁচ বছরে দেশে-বিদেশে ১ কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির অঙ্গীকার করা হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানও নির্বাচনি প্রচারে এই লক্ষ্য পুনর্ব্যক্ত করেন। ইশতেহারে জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি কর্মসংস্থান বিনিময় কেন্দ্র স্থাপন, বেকার ভাতা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার আধুনিকায়ন, বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার সেন্টার, ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং প্রশিক্ষণ, স্টার্টআপ অর্থায়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সম্প্রসারণের কথা বলা হয়েছে। তথ্যপ্রযুক্তি খাতে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা প্রসেসিং, সেমিকন্ডাক্টর ও আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রতি বছর ২ লাখ প্রত্যক্ষ এবং ৮ লাখ পরোক্ষ কর্মসংস্থানের লক্ষ্যও ইশতেহারে রয়েছে। এগুলো নিঃসন্দেহে উচ্চাভিলাষী পরিকল্পনা।

তবে ১ কোটি কর্মসংস্থান একটি নির্বাচনী অঙ্গীকার; একে ইতিমধ্যে অর্জিত কর্মসংস্থানের সংখ্যা হিসেবে দেখার সুযোগ নেই। পরিকল্পনাগুলোর বাস্তবায়ন, অগ্রগতি ও ফলাফল নিয়মিত প্রকাশ করা প্রয়োজন।

সরকারের সাম্প্রতিক উদ্যোগগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে খসড়া জাতীয় এসএমই নীতি-২০২৬। গত ২২ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেন, আগামী চার বছরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা রয়েছে।

একইসঙ্গে খসড়া এসএমই নীতিতে ২০৩১ সালের মধ্যে এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এসএমই ফাউন্ডেশনের ‘এসএমই সৃষ্টি’ কর্মসূচির আওতায় ৬৪ জেলায় প্রতি বছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। পাঁচ বছরে অন্তত ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে নীতিটি তখনো খসড়া পর্যায়ে ছিল; মন্ত্রিসভার অনুমোদন ও বাস্তবায়নই হবে এর কার্যকারিতা প্রমাণের পরবর্তী ধাপ।

তথ্যপ্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সম্প্রসারণে সরকারের একটি উল্লেখযোগ্য উদ্যোগ হলো শিক্ষিত বেকার তরুণদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি। যুব উন্নয়ন অধিদপ্তরের ‘৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় গত ১ জুলাই সপ্তম ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়। প্রকল্পটির মোট লক্ষ্য ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ৩৬ হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়া। ১ জুলাইয়ের সরকারি তথ্য অনুযায়ী, আগের ছয় ব্যাচে ১৯ হাজার ২০০ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদের মধ্যে ১১ হাজার ৩৫৩ জন স্থানীয় ও আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করছেন। তাদের সম্মিলিত আয় প্রায় ১৯ লাখ ৯৯ হাজার মার্কিন ডলার এবং দেশীয় আয় ৯ কোটি ৯০ লাখ টাকার কাছাকাছি। প্রকল্পের তথ্য অনুযায়ী, সপ্তম ব্যাচে ৪ হাজার ৮০০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। এটি নিঃসন্দেহে আশাব্যঞ্জক অগ্রগতি। তবে প্রশিক্ষণ শেষ করার পর কতজন নিয়মিত আয় করছেন, তাদের গড় আয় কত এবং কতজন দীর্ঘমেয়াদি পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছেন— এসব তথ্যও নিয়মিত প্রকাশ করা জরুরি।

দেশের চাকরির বাজারে একটি বড় সমস্যা হলো চাকরিপ্রার্থী ও নিয়োগকর্তার মধ্যে তথ্যের ঘাটতি। কোথায় কী ধরনের কর্মী প্রয়োজন, কোন দক্ষতার চাহিদা রয়েছে, কোথায় প্রশিক্ষণ পাওয়া যাবে কিংবা কোনো প্রতিষ্ঠানে নিয়োগ চলছে— এসব তথ্য অনেক তরুণের কাছেই সহজলভ্য নয়। এই সমস্যা সমাধানে বিএনপির নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ বা কর্মসংস্থান বিনিময় কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৮ জুলাই জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান এ পরিকল্পনার কথা জানান। পরবর্তী সময়ে ৪ অক্টোবর শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ঢাকায় প্রাথমিকভাবে এ কার্যক্রম চালুর প্রস্তুতি চলছে; পর্যায়ক্রমে বিভাগীয় ও জেলা পর্যায়ে সম্প্রসারণ করা হবে। এসব কেন্দ্রের মাধ্যমে চাকরিপ্রার্থীদের তথ্যভান্ডার, নিয়োগ বিজ্ঞপ্তি, দক্ষতার চাহিদা, ক্যারিয়ার পরামর্শ ও চাকরি মেলার ব্যবস্থা করা গেলে কর্মসংস্থানে নতুন গতি আসতে পারে। তবে কেন্দ্রগুলো যেন রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পরিচালিত হয়, সেটি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

সিঙ্গাপুরের স্কিলসফিউচার ওয়ার্ক-স্টাডি কর্মসূচি প্রমাণ করেছে, কাজের সঙ্গে যুক্ত প্রশিক্ষণ মানুষের আয় বাড়াতে পারে। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ২০২৪ সালের গবেষণায় দেখা যায়, এ কর্মসূচির আওতায় প্রশিক্ষণ নেওয়া পলিটেকনিক স্নাতকদের আয় একই ধরনের অন্য স্নাতকদের তুলনায় প্রশিক্ষণ শেষ হওয়ার এক থেকে দুই বছর পর প্রায় ৯ শতাংশ বেশি ছিল। অন্যদিকে ভারতের জাতীয় শিক্ষানবিশ প্রশিক্ষণ ও পদোন্নয়ন কর্মসূচির আওতায় ২০২৫ সালে যথাক্রমে ৫ লাখ ২৩ হাজার এবং ১১ লাখ ৮৪ হাজার শিক্ষানবিশ শিল্পপ্রতিষ্ঠানে যুক্ত হন। ভারত সরকার শিক্ষানবিশদের প্রশিক্ষণ ভাতার একটি অংশও বহন করে। বাংলাদেশের জন্য এই দুটি উদাহরণ অত্যন্ত শিক্ষণীয়। আমাদেরও শিল্পপ্রতিষ্ঠান, ব্যাংক, হাসপাতাল, প্রযুক্তি প্রতিষ্ঠান ও বেসরকারি কোম্পানিগুলোতে শিক্ষানবিশির সুযোগ বাড়াতে হবে। শিক্ষার্থীরা যেন পড়াশোনা শেষ করার আগেই বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে পরিচিত হতে পারেন, সেই ব্যবস্থা গড়ে তুলতে হবে।

বিদেশের শ্রমবাজার : দক্ষতা ও মর্যাদার সঙ্গে বৈদেশিক কর্মসংস্থান 

বাংলাদেশের কর্মসংস্থানের সম্ভাবনা শুধু দেশের সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়। জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে দক্ষ বাংলাদেশি কর্মীর চাহিদা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান গত ৮ জুলাই জাতীয় সংসদে জানান, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা এবং থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, ওমান, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে কূটনৈতিক প্রচেষ্টা চলছে। ইউরোপের উত্তর মেসিডোনিয়া, সার্বিয়া, মরিশাস ও পর্তুগালের জন্য ঢাকায় ভিসা সেন্টার স্থাপনের বিষয়েও উদ্যোগের কথা জানানো হয়েছে। পাশাপাশি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মাধ্যমে চাহিদাভিত্তিক ভাষা প্রশিক্ষণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে শুধু সংখ্যার প্রতিযোগিতা নয়, দক্ষতা, নিরাপদ অভিবাসন, ন্যায্য মজুরি, নিয়োগ ব্যয় হ্রাস এবং কর্মীর অধিকার সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিদেশে একজন দক্ষ কর্মী শুধু নিজের পরিবারের ভাগ্য পরিবর্তন করেন না; তার পাঠানো বৈদেশিক আয় জাতীয় অর্থনীতিকেও শক্তিশালী করে।

আঞ্চলিক অর্থনীতি : ঢাকার বাইরেও গড়ে উঠুক কর্মসংস্থানের নতুন ঠিকানা 

বাংলাদেশের প্রতিটি অঞ্চলের রয়েছে নিজস্ব অর্থনৈতিক বৈশিষ্ট্য। অথচ কর্মসংস্থানের বড় অংশ ঢাকা ও কয়েকটি বড় শহরে কেন্দ্রীভূত। ফলে গ্রাম ও মফস্বলের তরুণেরা বাধ্য হয়ে শহরমুখী হচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়িত হলে এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব। বরিশাল ও পটুয়াখালীতে মৎস্য, সামুদ্রিক সম্পদ, কাঁকড়া, চিংড়ি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং কুয়াকাটাকেন্দ্রিক পর্যটনশিল্পে বিপুল কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। খুলনায় চিংড়ি ও পরিবেশবান্ধব পর্যটন, রাজশাহীতে আম ও রেশম, রংপুরে কৃষিভিত্তিক শিল্প এবং চট্টগ্রামে বন্দর ও লজিস্টিকস খাতকে কেন্দ্র করে নতুন অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা যেতে পারে। এজন্য স্থানীয় পর্যায়ে শিল্পপার্ক, সংরক্ষণাগার, কোল্ড স্টোরেজ, প্রশিক্ষণকেন্দ্র এবং সহজ ঋণের ব্যবস্থা করতে হবে। আঞ্চলিক পণ্যের ব্র্যান্ডিং ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি করা গেলে স্থানীয় তরুণেরাই হয়ে উঠবেন নিজ নিজ অঞ্চলের অর্থনৈতিক পরিবর্তনের অগ্রদূত।

সরকারের সামনে বড় পরীক্ষা 

প্রতিশ্রুতির বাস্তবায়ন ও জবাবদিহি 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের কর্মসংস্থান পরিকল্পনা আশাব্যঞ্জক হলেও এর বাস্তবায়নই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ১ কোটি কর্মসংস্থানের অঙ্গীকার, এসএমই খাতে ২৫ লাখ চাকরির লক্ষ্য, ২৫ হাজার উদ্যোক্তা সৃষ্টি এবং ডিজিটাল দক্ষতা উন্নয়নের কর্মসূচিগুলোর অগ্রগতি নিয়মিত মূল্যায়ন করতে হবে। কর্মসংস্থান বিনিময় কেন্দ্রগুলো দ্রুত কার্যকর করতে হবে। প্রশিক্ষণপ্রাপ্তদের চাকরি ও আয়ের তথ্য প্রকাশ করতে হবে। ব্যাংকঋণের জামানতসংক্রান্ত জটিলতা কমিয়ে উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করতে হবে। সরকারি দপ্তরে হয়রানি, ঘুষ ও নিয়োগে রাজনৈতিক প্রভাব বন্ধ করতে হবে। নারী উদ্যোক্তাদের জন্য অর্থায়ন ও বাজারজাতকরণ সহজ করতে হবে। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে নতুন স্নাতক নিয়োগ ও প্রশিক্ষণে উৎসাহিত করতে হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কর্মসংস্থানের পরিসংখ্যান যেন শুধু ঘোষণায় সীমাবদ্ধ না থাকে; প্রকৃতপক্ষে কতজন নতুন কাজ পেলেন, কতজনের আয় বাড়ল এবং কতজন স্থায়ীভাবে স্বাবলম্বী হলেন—তার নির্ভরযোগ্য হিসাব জনগণের সামনে তুলে ধরতে হবে।

লেখক : সাংবাদিক ও কলামিস্ট



কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  তারুণ্যের কর্মসংস্থান   
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলা মত ও সম্পাদকীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close