“নয় মণ ঘিও পুড়বে না, রাধাও নাচবে না” বাংলা লোকসাহিত্যের এই তীক্ষ্ম, ব্যঙ্গাত্মক প্রবাদটি আবহমান কাল ধরে আমাদের সমাজে অসম্ভব বা অবাস্তব কোনো শর্তের আড়ালে রাজনৈতিক কিংবা ব্যবহারিক লক্ষ্য হাসিলের কৌশলকে বিদ্রুপ করে ব্যবহৃত হয়ে আসছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক কথিত দেশে ফেরার ঘোষণা ও তৎপরতাকে বিশ্লেষণ করলে এই লোকপ্রবাদটিই নতুন করে প্রাসঙ্গিক হয়ে ওঠে।
দীর্ঘদিন ধরে ভারতে পালিয়ে থেকে তিনি দেশে ফেরার নানা ইঙ্গিত ও জল্পনা জিইয়ে রেখেছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই জল্পনায় যুক্ত হয়েছে নির্দিষ্ট দিনক্ষণ, কূটনৈতিক চিঠি চালাচালি এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে ছড়িয়ে পড়া নানা দাবি। প্রশ্ন হলো, এসব তৎপরতা কি সত্যিই কোনো বাস্তব প্রত্যাবর্তনের প্রস্তুতি, নাকি নিষিদ্ধ, নিষ্ক্রিয় ও কোণঠাসা রাজনৈতিক শক্তিকে উজ্জীবিত করার এক সুচিন্তিত কৌশল?
গত ২৪ নভেম্বর আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত একটি প্রতিবেদনে সৈয়দ মোজাম্মেল আলীকে শেখ হাসিনার মুখপাত্র হিসেবে উল্লেখ করে জানানো হয় যে, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর এই প্রথম তার ফেরার একটি নির্দিষ্ট তারিখের কথা সামনে এলো। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, দিল্লিতে যাওয়ার পর বাতিল হওয়া জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট পুনরায় ইস্যু করার পাশাপাশি ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ পাঠানোর আহ্বান জানানো হয়েছে। বিজয় দিবসের মতো একটি জাতীয় ও আবেগঘন দিনকে বেছে নেওয়ার পেছনে যে বিশেষ অকৌশল রয়েছে, তা সহজেই অনুমেয়। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের দিনটির সঙ্গে নিজের প্রত্যাবর্তনের দাবিকে যুক্ত করে তিনি একদিকে যেমন দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে চাইতে পারেন, তেমনি আন্তর্জাতিক মহল এবং দেশের ভেতরের সমর্থকদের কাছে এই বার্তা দিতে চাইতে পারেন যে নির্বাসনে থেকেও তিনি রাজনীতি থেকে বিচ্ছিন্ন নন।
কিন্তু রাজনৈতিক ঘোষণা আর বাস্তব প্রত্যাবর্তনের মধ্যে যে বিস্তর ফারাক রয়েছে, সাম্প্রতিক ঘটনাবলি তা আরও স্পষ্ট করেছে। শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে লন্ডনভিত্তিক আইন পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের ব্যারিস্টার স্টিভেন পাওলেস গত ৯ নভেম্বর নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে চিঠি পাঠান। পরবর্তীতে ১৯ নভেম্বর আগের আবেদনের অগ্রগতি জানতে চেয়ে আরেকটি চিঠি পাঠানো হয়, যার সঙ্গে শেখ হাসিনার পক্ষে আইনি প্রতিনিধিত্বের একটি স্বাক্ষরিত অনুমতিপত্র সংযুক্ত ছিল বলে জানা যায়।
তবে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই অনুমতিপত্রে শেখ হাসিনার স্বাক্ষর জাল করার অভিযোগ উঠেছে, যা পুরো প্রক্রিয়াটির বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। আইন ও প্রশাসনিক নিয়মের বাইরে গিয়ে কোনো নথি বা বিশেষ সুবিধা পাওয়ার সুযোগ যে সীমিত, এই বিতর্ক তারই ইঙ্গিত দেয়। একজন নাগরিকের চলাফেরা ও দেশে ফেরার অধিকারের পাশাপাশি রাষ্ট্রের আইনগত ও সাংবিধানিক সীমারেখার বিষয়টিও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের সংবিধানের ৩৬ অনুচ্ছেদে নাগরিকদের অবাধ চলাফেরা ও দেশে প্রবেশের অধিকারের কথা বলা হলেও তা শর্তহীন নয় বরং “জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে’’ তা প্রযোজ্য। পাশাপাশি সংবিধানের ৪৭(৩) অনুচ্ছেদ গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত কিংবা দণ্ডিত ব্যক্তিদের বিচার ও শাস্তি সংক্রান্ত আইনের ক্ষেত্রে মৌলিক অধিকারের চ্যালেঞ্জ সীমিত করে। “দ্য বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩’’ এর ৬ ও ৭ অনুচ্ছেদ অনুযায়ী, গুরুতর ফৌজদারি অপরাধের অভিযোগ, মানবতাবিরোধী অপরাধের মামলা, আদালত কর্তৃক দেশত্যাগে নিষেধাজ্ঞা কিংবা রাষ্ট্রীয় নিরাপত্তা ও জনস্বার্থের বিবেচনায় পাসপোর্ট প্রত্যাখ্যান, স্থগিত বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষের রয়েছে। এর ওপর শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। এই আইনি বাস্তবতা উপেক্ষা করে স্বাভাবিকভাবে দেশে ফেরা বা রাষ্ট্রীয় উড়োজাহাজে ফেরার দাবি একেবারেই অবান্তর ও অবাস্তব।
এ বিষয়ে রাষ্ট্রীয় পর্যায় থেকেও কঠোর ও স্পষ্ট অবস্থান জানানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ১৬ ডিসেম্বর ফেরার ইচ্ছাকে উন্মাদনা হিসেবে অভিহিত করে মন্তব্য করেছেন যে, একজন পলাতক আসামির পক্ষে অন্য কারও উড়োজাহাজ চাওয়ার ঘটনা বিরল। সরকারের পক্ষ থেকেও স্পষ্ট করা হয়েছে যে, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে এবং প্রত্যর্পণ ও প্রচলিত আইনি প্রক্রিয়া ছাড়া তার ফেরার সুযোগ নেই। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বক্তব্যেও আকাঙ্ক্ষা ও বাস্তবতার পার্থক্য তুলে ধরা হয়েছে।
অন্যদিকে, রয়টার্সের প্রতিবেদনেই উল্লেখ করা হয়েছে যে বিমান পাঠানোর বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি এবং বাংলাদেশ সরকার এ ধরনের কোনো সিদ্ধান্তও নেয়নি। এদিকে গত ২৫ নভেম্বর নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং তাকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধ এক বিষয় নয়। এ দুটি আলাদা বিষয়। জয়সোয়াল আরও বলেন, এখানে দুটি বিষয় রয়েছে। একটি শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ। সেই অনুরোধ দেশের প্রতিষ্ঠিত প্রক্রিয়ার আওতায় বিবেচনা করে দেখা হচ্ছে। অন্য বিষয়টি হলো, একজন নাগরিক প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্ট নিয়ে স্বেচ্ছায় তার দেশে ফিরে যেতে চাইছেন। বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা।
ফলে ১৬ ডিসেম্বরের প্রত্যাবর্তনের দাবিটি আপাতত বাস্তব প্রস্তুতির চেয়ে রাজনৈতিক বক্তব্যের ভারেই বেশি ভারী। এই প্রেক্ষাপটে সবচেয়ে নির্ণায়ক শক্তি হলো ভারতের কূটনৈতিক অবস্থান। ২০২৪ সালের আগস্ট থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং বাংলাদেশ সরকার তার প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল অতীতে ও বিভিন্ন ব্রিফিংয়ে প্রত্যর্পণের বিষয়টিকে আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়া এবং প্রচলিত চুক্তি ও কাঠামোর আওতাধীন বিষয় হিসেবে উল্লেখ করেছেন। দিল্লির বর্তমান নীরবতা বা সতর্ক অবস্থান থেকে কোনো নিশ্চিত প্রত্যাবর্তনের ইঙ্গিত পাওয়া যায় না। দীর্ঘ সীমান্ত, বাণিজ্য, যোগাযোগ, পানিবণ্টন এবং আঞ্চলিক নিরাপত্তার মতো বহুমাত্রিক স্বার্থ জড়িত থাকায় ভারত যেকোনো পদক্ষেপ অত্যন্ত হিসাব-নিকাশ করেই নেবে।
অন্যদিকে সাম্প্রতিক সময়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে ২০০৪ সালের ৫ আগস্টের বিশেষ সামরিক ফ্লাইটে ভারতে যাওয়ার প্রসঙ্গ টেনে অনুরূপ কোনো বিশেষ কূটনৈতিক বা সামরিক প্রক্রিয়ায় ফেরানোর সম্ভাবনার কথা আলোচনায় এলেও বাস্তব ভূরাজনীতি ও বর্তমান দ্বিপাক্ষিক বাস্তবতায় তেমন কোনো চিত্র দৃশ্যমান নয়।
এদিকে, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার সীমান্তবর্তী এলাকা পরিদর্শনের খবরও আলোচনার জন্ম দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে যে, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের মতো নেতারা পশ্চিমবঙ্গের পেট্রাপোল ও ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকায় গেছেন এবং সেখানে বৈঠকের খবর প্রকাশিত হয়েছে।তবে সীমান্ত এলাকায় যাওয়া বা পর্যবেক্ষণ করলেই আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম কিংবা দেশে ফেরার পথ তৈরি হয়ে যায় না। অভিবাসন, সীমান্ত নিরাপত্তা এবং দুই দেশের রাষ্ট্রীয় সিদ্ধান্ত ছাড়া কোনো প্রবেশ পথ কার্যকর হতে পারে না। তাছাড়া, সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেওয়া কিংবা মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা বা কানাডায় অবস্থানরত দলটির অনেক নেতার বিরুদ্ধেই দেশে গুরুতর মামলা রয়েছে, ফলে তাদের অনেকের ক্ষেত্রেই ব্যক্তিগত আইনি ঝুঁকি একটি বড় বাস্তবতা।
আবার দেশের ভেতরের চিত্রটিও উদ্বেগজনক। শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা ঘিরে গোপালগঞ্জে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি এবং দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর গোপন নাশকতা, অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে। ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা এবং নড়াইলের কালিয়ায় জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা ওরফে সোহেল মোল্যা ও পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলামের হত্যাকাণ্ডের ঘটনা রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ও ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি শামীম ওসমানের চতুর্থ পর্যায়ের ক্যানসারে আক্রান্ত হওয়া এবং নিজের আয়ু নিয়ে অনিশ্চয়তা প্রকাশের ঘটনা নির্বাসিত ও পলাতক রাজনীতিকদের সংকটময় বাস্তবতার আরেকটি দিক তুলে ধরে।
এদিকে ২৩ নভেম্বর ঢাকায় ডিক্যাব টক অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর আরোপিত বিধিনিষেধের বিষয়ে ইইউর সুনির্দিষ্ট কোনো অবস্থান নেই বলে জানিয়েছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে দলটির রাজনৈতিক অবস্থান নিয়ে চলমান টানাপোড়েনকেই নির্দেশ করে।
ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায়, ক্ষমতার উত্থান-পতন এবং রাজনৈতিক দায়বদ্ধতার প্রশ্ন কোনো ব্যক্তি বা দলের জন্যই চিরস্থায়ী নয়। একসময় রাষ্ট্রযন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ ও কর্তৃত্বের অভিযোগ যাদের বিরুদ্ধে উঠেছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর তাদেরকেই আইনি ও নৈতিক জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা পরবর্তী সংকট থেকে শুরু করে জুলফিকার আলী ভুট্টো, অগুস্তো পিনোশে কিংবা হোসনি মুবারকের পরিণতি প্রতিটি ঘটনা ভিন্ন প্রেক্ষাপটে ঘটলেও একটি সাধারণ সত্য বারবার প্রমাণ করেছে যে, ক্ষমতা চিরস্থায়ী নয় এবং ক্ষমতার অপব্যবহারের হিসাব একসময় মেলাতে হয়। একই সঙ্গে অবকাঠামোগত উন্নয়ন বা অর্থনৈতিক প্রবৃদ্ধির দাবি কখনোই মানবাধিকার, আইনের শাসন কিংবা জবাবদিহির বিকল্প হতে পারে না।
তবে প্রতিহিংসা বা আইনবহির্ভূত আচরণের পথে হাঁটাও কোনো সমাধান নয়। শেখ হাসিনাসহ অভিযুক্ত বা দণ্ডিত যে কারও বিচার হতে হবে স্বচ্ছতা, সাক্ষ্যপ্রমাণ, আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং গ্রহণযোগ্য আইনি মানদণ্ড অনুসরণ করে। রাজনৈতিক পরিচয়ের কারণে সাধারণ সমর্থক বা নাগরিকদের ওপর ঢালাও দায় চাপানো কিংবা সহিংসতায় জড়ানো গণতান্ত্রিক সংস্কৃতি ও আইনের শাসনের পরিপন্থী। রাষ্ট্রের দায়িত্ব হলো আইনশৃঙ্খলা রক্ষা করা, নাশকতা ও সহিংসতা কঠোরভাবে দমন করা এবং একই সঙ্গে বিচারব্যবস্থার নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন রাখা।
সব মিলিয়ে, ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা আপাতত একটি রাজনৈতিক কুটচাল হিসেবেই সামনে এসেছে। স্বাক্ষর জালিয়াতির অভিযোগ, পাসপোর্ট ও ভ্রমণ নথির আইনি জটিলতা, মৃত্যুদণ্ডের রায় ও গ্রেপ্তারের ঘোষণা, দিল্লির সতর্ক অবস্থান এবং রাষ্ট্রীয় বিমান পাঠানোর কোনো প্রস্তুতি না থাকা সবকিছু মিলিয়ে এই প্রত্যাবর্তনের বাস্তব ভিত্তি অত্যন্ত দুর্বল। বিজয় দিবস কোনো একক ব্যক্তি বা দলের রাজনৈতিক পুনর্বাসনের উপলক্ষ নয় এটি বাংলাদেশের মানুষের আত্মত্যাগ ও সার্বভৌমত্বের প্রতীক।
সেই বিজয়ের প্রকৃত অর্থ রক্ষা করতে হলে গুজব, নাশকতা ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে আইনের শাসন, গণতান্ত্রিক জবাবদিহি এবং স্থিতিশীলতার পথে এগিয়ে যাওয়াই আজ সময়ের সবচেয়ে বড় দাবি।
লেখক: কলামিস্ট ও বিশ্লেষক
কেকে/সাশ