ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসে, দেশে ফিরতে চান বলে তার মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন। শুধু ফেরার ঘোষণাই নয়, সেই ফেরার জন্য তিনি রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজও চেয়েছেন। যে ব্যক্তি মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত, যিনি আদালতের বিচার এড়িয়ে দুই বছরের বেশি সময় ধরে বিদেশে অবস্থান করছেন, তার মুখে রাষ্ট্রের কাছেই ফেরার বাহন চাওয়ার এই দাবি কেবল অযৌক্তিক নয়, রাষ্ট্র ও জনগণের প্রতি চরম ঔদ্ধত্যেরও বহিঃপ্রকাশ। বিজয় দিবসের মতো জাতীয় গৌরবের দিনকে নিজের রাজনৈতিক প্রত্যাবর্তনের নাটকীয় মঞ্চ বানানোর চেষ্টাও একই সঙ্গে নিন্দনীয়।
এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট এবং আইনসম্মত। সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে প্রত্যর্পণের আওতায়ই দেশে আসতে হবে, দেশে প্রবেশমাত্র তাকে গ্রেপ্তার করা হবে এবং অন্য দণ্ডিত পলাতকদের মতোই আইনের আওতায় রাখা হবে। আইনের শাসনের প্রশ্নে এর কোনো বিকল্প নেই। রাষ্ট্র কোনো দণ্ডিত ব্যক্তির জন্য আলাদা সুবিধা বা বিশেষ পথ তৈরি করতে পারে না। যিনি দীর্ঘ সময় ক্ষমতায় থেকে আইনের শাসনের কথা বলেছেন, আজ তিনিই আইনের মুখোমুখি হওয়ার বদলে ফেরার শর্ত ঠিক করে দিতে চাইছেন, এটি ন্যায়বিচারের প্রতি তার অশ্রদ্ধারই প্রমাণ।
এই ঘোষণার পর যেসব তথ্য সামনে আসছে, তা উদ্বেগজনক। সূত্রের খবরে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ডিসেম্বরের শুরু থেকে দেশের বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনা করছেন। কলকাতার একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পলাতক নেতারা পেট্রাপোল ও আখাউড়া-আগরতলা সীমান্ত পরিদর্শন করেছেন। সেটি হাসিনার সম্ভাব্য প্রবেশপথ খতিয়ে দেখার উদ্দেশ্যে কি না, তা এখনো যাচাইসাপেক্ষ।
তবে মশাল মিছিল, লকডাউন, শাটডাউন ও হরতালের মতো কর্মসূচির যে ঘোষণা এসেছে, তা জনজীবনে অস্থিরতা তৈরির স্পষ্ট ইঙ্গিত বহন করে। যে দলের কার্যক্রম নিষিদ্ধ, যাদের শীর্ষ নেতারা দেশের বাইরে বসে নির্দেশনা দিচ্ছেন, তাদের এমন তৎপরতা দেশের মানুষের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। জুলাই গণঅভ্যুত্থানে যে জনগণ স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে, তারা পুরোনো ব্যবস্থার ফিরে আসার এই অপচেষ্টা মেনে নেবে বলে মনে হয় না।
তবে কেবল জনসমর্থনের ওপর ভরসা করে বসে থাকা সরকারের জন্য যথেষ্ট নয়। প্রথমত, কূটনৈতিক পথে প্রত্যর্পণের অনুরোধ জোরালো ও নিয়মিতভাবে চালিয়ে যেতে হবে। দণ্ডিত ব্যক্তিকে আশ্রয় দেওয়ার দায় নয়াদিল্লিকে স্মরণ করিয়ে দিতে হবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক মহলের সমর্থন সংগ্রহ করতে হবে। দ্বিতীয়ত, বিজিবি, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সীমান্ত নজরদারি জোরদার করতে হবে। উত্তর-পূর্ব সীমান্ত, বিশেষ করে ময়মনসিংহ ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল, বাড়তি সতর্কতার দাবি রাখে। একই সঙ্গে সীমান্ত পাহারার দায়িত্ব রাজনৈতিক দলের কর্মীদের হাতে ছেড়ে দেওয়া চলবে না। সেটি রাষ্ট্রের দায়িত্ব, আর এতে নতুন সংঘাতের ঝুঁকিও থাকে।
তৃতীয়ত, ডিসেম্বরের শুরু থেকে গুরুত্বপূর্ণ স্থাপনা, গণপরিবহন ও জনসমাগমস্থলের নিরাপত্তা বাড়াতে হবে। নাশকতা প্রতিরোধে আগাম ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের হয়রানি যেন না ঘটে, তাও নিশ্চিত করতে হবে। চতুর্থত, পুলিশসহ বিভিন্ন বাহিনীতে যারা পলাতক শক্তির সঙ্গে যোগসাজশে সরকারকে অস্থির করার চেষ্টা করছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্যমতে তাদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে। ইতোমধ্যে কয়েকজন রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে আছেন। এ প্রক্রিয়া অবশ্যই সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে ও স্বচ্ছভাবে চলতে হবে, যাতে নির্দোষ কেউ ক্ষতিগ্রস্ত না হন। পঞ্চমত, গুজব ও অপতথ্য মোকাবিলায় সরকারকে যাচাই করা তথ্য নিয়মিত জনগণের সামনে তুলে ধরতে হবে এবং সব রাজনৈতিক দলকে সংযত আচরণের আহ্বান জানাতে হবে।
শেখ হাসিনা সত্যিই ফিরবেন কি না, তা এখনো অনিশ্চিত। এটি হয়তো রাজনৈতিক চাপ তৈরির কৌশলও হতে পারে। তবে সেটি যা-ই হোক, সরকারকে প্রস্তুত থাকতে হবে। দণ্ডিত ব্যক্তি আইনের কাছে জবাবদিহি করবেন, এটাই রাষ্ট্রের অমোঘ অবস্থান হওয়া উচিত। এ ক্ষেত্রে আইন, কূটনীতি ও জননিরাপত্তা, তিন ক্ষেত্রেই সরকারকে দৃঢ় ও সংযত থাকতে হবে।
বিজয় দিবসের মর্যাদা রক্ষা করা এবং জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের প্রথম কর্তব্য।
কেকে/সাশ