বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ইলিয়াস আলী-সালাহউদ্দিনসহ গুমের ঘটনায় তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর      ● ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তার ৬      ● গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ      ● গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ      ● সিলেটে হোটেল থেকে বদির দুই ভাই, ছেলে ও কাউন্সিলর আটক      ● ভোটাভুটিতে পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ      
খোলা মত ও সম্পাদকীয়
হাওরে নব্য উৎপাদক শক্তির দিনচিত্র
রাসেল আহমদ
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:৫২ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ক্ষেতমজুররা আজকাল হাওর দাপিয়ে চাষাবাদ করছে, একসময় যা ভাবাও ছিল দুষ্কর। আজ অবিশ্বাস্য হলেও সত্য, গোটা হাওরের জমি চাষযোগ্য রাখা ও আবাদে বড় ভূমিকা রাখছে তারাই। যাদের একসময় ‘কামলা’ বা ‘কামলাবেটা-কামলা বেটি’ বলে তুচ্ছতাচ্ছিল্য করা হতো, সময়ের পরিবর্তনে তারাই আজ কৃষি উৎপাদনের অন্যতম প্রধান শক্তি। এই পরিবর্তন কেবল পেশার পরিবর্তন নয়; এটি গ্রামীণ সমাজ ও কৃষি অর্থনীতির শ্রেণিগত রূপান্তরেরও দিনচিত্র।

একসময় এই কামলাদের দৈহিক শ্রমশক্তি ছাড়া কোনো সম্পদ ছিল না। জমি ছিল না, পুঁজি ছিল না, রাষ্ট্রীয় কোনো সুযোগ-সুবিধাও ছিল না। অতীতের অসম সামাজিক কাঠামোতে তাদের মূল্যায়ন ছিল অত্যন্ত তুচ্ছ। ‘নেংটির নিচে কাপড় নাই, আর কামলার নিচে মানুষ নাই’ -এমন নির্মম কথাও প্রচলিত ছিল। আবার বলা হতো, ‘গামছাও একটা কাপড়, আর কামলাও একটা মানুষ!’ অথচ এই কামলা ছাড়া কৃষি যে অচল, সেটি বুঝতে সমাজের প্রায় ষাট বছরের বেশি সময় লেগে গেল।

একসময় ক্ষেত-কামলারা গৃহস্থ কৃষকের বাড়ি বাড়ি ঘুরে অনুনয়-বিনয় করে ছয় মাসের জন্য ‘বদ্ধ’ হতো। অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য নিজের শ্রম একজন গৃহস্থের কাছে সমর্পণ করত। কামলার সংখ্যা ছিল বেশি, তাই সুঠাম, দক্ষ ও কর্মক্ষম কামলারাই আগে সুযোগ পেত। দুর্বল, বয়স্ক কিংবা কম দক্ষদের বড় একটি অংশ ভালো গৃহস্থের বাড়িতে বদ্ধ হতে পারত না। তারা রোজ-কামলার ওপর নির্ভর করে পরিবার নিয়ে মানবেতর জীবন কাটাত। তখন আজকের মতো কাজের সন্ধানে অন্য জেলা বা অঞ্চলে যাওয়ার সুযোগও ছিল না।

হাওরের গ্রামীণ সমাজে একসময় একটি গ্রামের বড়জোর তিন-চারটি পরিবার ছিল ছোট-বড় গৃহস্থ; বাকিগুলো ছিল জমিশূন্য দিনমজুর পরিবার। কৃষকের জমি হারানো, ফসলহানি, ফসলের ন্যায্য দাম না পাওয়া এবং ধারদেনার চাপে সেই অনুপাতও বদলেছে। প্রান্তিক কৃষকের একটি অংশ এসে মিশেছে ক্ষেতমজুরের কাতারে। অন্যদিকে জমি হারিয়ে ছোট কৃষকের জমি মাঝারি ও বড় কৃষকের হাতে কেন্দ্রীভূত হয়েছে। পাকিস্তান আমলের কিছুটা পূর্ব থেকে মুক্তিযুদ্ধ-পরবর্তী প্রায় দুই দশক পর্যন্ত এ অঞ্চলে জমির মালিকানার দিক থেকে বড় গৃহস্থদের একটি বিশেষ সময় ছিল।

অবস্থাপন্ন বড় কৃষক পরিবারগুলো তখন একেকটি মৌসুমি ধান উৎপাদনের কারখানার মতো ছিল। ত্রিশ-চল্লিশ হাল জমির গৃহস্থের ঘরে পঁচিশ-ত্রিশজন কামলা থাকত। গরুর রাখাল, পাচক, হাট-বাজারের লোক, ধান উড়ানির কামলা,  ক্যাশিয়ার বা কামলাদের ম্যানেজার -সব মিলিয়ে বিশাল কর্মযজ্ঞ। আশ্বিন থেকে জ্যৈষ্ঠের করমাদি সংক্রান্তি পর্যন্ত চলত আট মাসের এক মহাকর্মযজ্ঞ। ছয় মাসের কামলা বলা হলেও শেষ দিনে ভালো খাবার, মাছ-মাংস, আম-কাঁঠাল আর চোখের জলে তার বাৎসরিক পরিসমাপ্তি ঘটত।

তখন ‘ভালো কামলা’ মানে ছিল বহুমুখী দক্ষতা। বোরো জমিতে এক কেয়ার জমি একাই রোপণ করতে পারে, বাঁশ-বেত দিয়ে উড়া, পাইলা, ডুলি, কুলা, কাঠা, ধারি বানাতে পারে, গরু দোয়াতে পারে- এমন কামলাই ছিল সর্বশ্রেষ্ঠ। তাঁর পারিশ্রমিক বোরো মৌসুমে পঁয়ত্রিশ-চল্লিশ মণ ধান পর্যন্ত উঠত। অন্যদের দক্ষতা অনুযায়ী পনেরো থেকে পঁচিশ মণ। বড় গৃহস্থের উঠানে দশ-পনেরোটি গরুর গাড়ি হাওরের বুক চিরে ধান নিয়ে ফিরত- সে ছিল এক অন্য পৃথিবী।

কিন্তু সেই পৃথিবীর ভেতরেই ছিল শ্রমের নির্মম বাস্তবতা। সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ক্ষেতের কাজ, এরপর বাজার-হাট, বাড়ি ফেরা, খাওয়া-দাওয়া শেষে ঘুম। মাসিক প্রয়োজনের টাকা বা পাওনা সময়মতো না পাওয়ার কারণে অনেক কামলাকে গৃহস্থ-মহাজনের ঋণ ও সুদের হিসাবেও আটকে থাকতে হতো। ফলে নামমাত্র বেশি মজুরি পেলেও প্রকৃত পাওনা কমে যেত। এই অভিজ্ঞতা থেকেই একসময় তারা নিজেরাই হিসাব করতে শুরু করেন- ছয়-আট মাস গৃহস্থের বাড়িতে বদ্ধ থাকা ভালো, নাকি সারা বছর রোজ-কামলা করা ভালো?

আশির দশকে ক্ষেতমজুরদের সংগঠিত করার উদ্যোগ এবং বাম রাজনৈতিক আন্দোলনের প্রভাবে এই শ্রেণির মানুষের জীবন, শ্রম ও অধিকার নিয়ে আলোচনা বাড়ে। গ্রামের ক্ষেতমজুররাও নিজেদের জীবনের হিসাব নতুন করে দেখতে শেখে। শেষ পর্যন্ত নব্বইয়ের দশকের গোড়া থেকে গৃহস্থের বাড়িতে বদ্ধ হওয়ার প্রথা ধীরে ধীরে বন্ধ হতে থাকে। কৃষক প্রথমে ক্ষুব্ধ হয়েছিল- কামলা বদ্ধ হবে না, তাহলে চাষ হবে কীভাবে? কিন্তু বাস্তবতা শেষ পর্যন্ত কৃষককেও মেনে নিতে হয়েছে।

এরপর ক্ষেতমজুরের সামনে খুলে যায় নতুন পথ। নিজ এলাকায় দিনমজুরি, মৌসুমি ‘ভাগালো’, আর কাজ কমে গেলে অন্য জেলায় গিয়ে শ্রম বিক্রি -এই তিন পথ ধরে তারা টিকে থাকে। গত তিন দশকে আরও বড় পরিবর্তন ঘটে। নগদ জমায় অন্যের জমি নিয়ে প্রথমে দুই-তিন কেয়ার, পরে পাঁচ-ছয় কেয়ার এবং এখন অনেক ক্ষেতমজুর বারো-চৌদ্দ কেয়ার পর্যন্ত জমি চাষ করছেন। কারও মাচায় আশি থেকে দেড়শ মণ ধানও উঠছে। আয় খুব বেশি না হলেও অন্যের জমিতে রোজ-কামলা দেওয়ার পাশাপাশি নিজের জমির সার, কীটনাশক ও অন্যান্য ব্যয় চালানোর সক্ষমতা তৈরি হয়েছে।

হাওর এলাকায় এই পরিবর্তনের গুরুত্ব আরও বেশি। এখানে এক ফসলি বোরো কৃষির ঝুঁকি অনেক। ঋণ, ধানের দাম, শ্রমিকের মজুরি, পাওয়ারটিলার ও হার্ভেস্টারের ভাড়া -সবকিছু মিলিয়ে বড় গৃহস্থের পুরোনো কাঠামো ভেঙে পড়েছে। বিশের দশকের শুরুতে হার্ভেস্টার মেশিন আসার পর ক্ষেতমজুরদের ধান কাটার আয়ে বড় ধাক্কা লাগে। তবু ধানের দাম কিছুটা বেশি পাওয়ায় তারা টিকে আছে।

২০২৫ সালের দিকে এসে হাওরের ত্রিশ-চল্লিশ হাল জমির গৃহস্থ নেমে এসেছে তিন-চার হালে। ছয়-সাত হালের বেশি জমি নিয়ে গৃহস্থি করার মতো কৃষকও এখন খুব কম। কিন্তু জমি তো পড়ে থাকেনি। কৃষকের সেই শূন্যস্থান পূরণ করেছে ক্ষেতমজুর। রাষ্ট্রীয় ঋণ, উৎপাদন ব্যয়, ধানের দাম, শ্রমের সংকট ও যান্ত্রিক কৃষির ব্যয় -সব প্রতিকূলতার মধ্যেও তারাই জমি চাষের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে।

এ কারণেই ‘ক্ষেতমজুর’ শব্দটির মধ্যেও আজ পরিবর্তনের ইঙ্গিত আছে। শুধু ক্ষেতে কাজ করেন বলে তাঁরা ক্ষেতমজুর নন; তাঁরা এখন শ্রমিক, ক্ষুদ্র উৎপাদক এবং অনেক ক্ষেত্রে জমির চাষি। কেউ কেউ নিজেদের ‘ছোট কৃষক’ বা ‘প্রান্তিক কৃষক’ বলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। এমনকি ‘ক্ষেতমজুর’ নামের পরিবর্তে ‘গ্রামীণ মজুর’ নামটি অধিকতর বিস্তৃত হতে পারে -এমন মতও আছে।

আমার কাছে এ পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো -যে মানুষ একসময় শুধু নিজের শরীরকে পুঁজি করে বেঁচে থাকতেন, তিনিই আজ উৎপাদনের দায়িত্ব নিচ্ছেন। কৃষকের জমি নগদ জমায় নিয়ে চাষ করছেন, নিজের শ্রম দিচ্ছেন, আবার অন্যের জমিতেও শ্রম বিক্রি করছেন। অর্থাৎ তিনি একই সঙ্গে শ্রমিক ও উৎপাদক হয়ে উঠছেন। তবে তাদের জীবন এখনো স্বচ্ছলতার নিশ্চয়তা পায়নি; সামাজিক মর্যাদা, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অন্যান্য নাগরিক পাওনাও সেই গতিতে এগোয়নি।

সে কারণেই তাদের আমি বলছি ‘নব্য উৎপাদক শক্তি’। আজ তারা হাওরের জমি আবাদ রাখছেন; আগামী দিনে এই শ্রেণিই হয়তো গ্রামীণ সমাজে নতুন এক মধ্যবিত্ত উৎপাদক শ্রেণির ভিত্তি তৈরি করবে। ইতিহাসের বৈচিত্র্যময়তা এখানেই -যাদের একদিন সমাজের প্রান্তে ঠেলে রাখা হয়েছিল, কৃষির সংকটের দিনে তারাই আজ হাওর কৃষির কেন্দ্রীয় শক্তি হয়ে উঠছে।

লেখক: ফ্রিল্যান্স সাংবাদিক ও কলামিস্ট

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  হাওরে নব্য উৎপাদক শক্তি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলা মত ও সম্পাদকীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close