একজন শিক্ষার্থী চার-পাঁচ বছর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে স্নাতক ডিগ্রি অর্জন করেন। গণিত, বিজ্ঞান, প্রযুক্তি ও নিজ বিভাগের মৌলিক বিষয়ে তার প্রাতিষ্ঠানিক জ্ঞান তৈরি হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে কর্মক্ষেত্রে প্রবেশের সময় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে—অর্জিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার মতো প্রয়োজনীয় প্রযুক্তিগত ও ব্যবহারিক দক্ষতা কি তার রয়েছে?
আধুনিক প্রকৌশল শিক্ষার উদ্দেশ্য শুধু তাত্ত্বিক জ্ঞান অর্জন নয়; সেই জ্ঞান কাজে লাগিয়ে বাস্তব সমস্যার কার্যকর সমাধান করাও এর অন্যতম লক্ষ্য। একজন প্রকৌশলীর জন্য প্রাতিষ্ঠানিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা—দুটিই সমান গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের প্রকৌশল শিক্ষায় এই দুইয়ের সমন্বয় আরও শক্তিশালী করা এখন সময়ের দাবি। এ ক্ষেত্রে ভারত, থাইল্যান্ড, ফিলিপাইন ও সিঙ্গাপুরের মতো দেশের প্রকৌশল শিক্ষাব্যবস্থা থেকে আমাদের শেখার সুযোগ রয়েছে। এসব দেশে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র, প্রযুক্তি প্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের সহযোগিতায় শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বা আইআইটিগুলোতে তাত্ত্বিক পাঠের পাশাপাশি গবেষণা, পরীক্ষাগারভিত্তিক শিক্ষা, বাস্তব প্রকল্প ও শিল্পপ্রতিষ্ঠানে শিক্ষানবিশির সুযোগ রয়েছে।
থাইল্যান্ড, ফিলিপাইন ও সিঙ্গাপুরেও বিশ্ববিদ্যালয়, প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং শিল্পখাতের সমন্বয়ে প্রযুক্তিগত দক্ষতা ও কর্মক্ষেত্রের উপযোগী প্রশিক্ষণের বিভিন্ন উদ্যোগ দেখা যায়। এসব অভিজ্ঞতা থেকে আমাদের শিক্ষা হলো—বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য পরিকল্পিত, বিভাগভিত্তিক ও বাস্তব কাজনির্ভর দক্ষতা উন্নয়নের ব্যবস্থা গড়ে তুলতে হবে। আধুনিক কর্মক্ষেত্রে বিভাগ ও পেশার ধরন অনুযায়ী বিভিন্ন সফটওয়্যার ব্যবহারের দক্ষতা অপরিহার্য। যেমন—অটোক্যাড, সলিডওয়ার্কস, রেভিট, ইট্যাপ, ম্যাটল্যাব, প্রাইমাভেরা পি-৬ ও মাইক্রোসফট প্রজেক্ট। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা, যন্ত্রশিক্ষণ, রোবোটিকস, রোবোটিক প্রক্রিয়া স্বয়ংক্রিয়করণ, শিল্পকারখানার স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ, সাইবার নিরাপত্তা ও নৈতিক হ্যাকিংয়ের মতো প্রযুক্তিগত ক্ষেত্রেও দক্ষতার চাহিদা বাড়ছে। ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস প্রকৌশলীদের জন্য ম্যাটল্যাবভিত্তিক অনুকল্পন, বর্তনী নকশা ও ব্যবস্থাপনা বিশ্লেষণের ব্যবহারিক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। এসব দক্ষতা শিক্ষার্থীর বিভাগ, আগ্রহ ও ভবিষ্যৎ পেশার চাহিদা অনুযায়ী নির্ধারণ করতে হবে।
আমাদের কিছু বিশ্ববিদ্যালয়ে এসব বিষয়ে পাঠ্যক্রম ও পরীক্ষাগার কার্যক্রম রয়েছে। তবে মূল চ্যালেঞ্জ হলো—প্রতিটি শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত হাতে-কলমে প্রশিক্ষণ, বাস্তব প্রকল্পে অংশগ্রহণ, আধুনিক সফটওয়্যার ব্যবহারের সুযোগ এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর সংযোগ নিশ্চিত করা। শিক্ষার্থীদের জানতে হবে কোথায় এবং কীভাবে এসব দক্ষতা অর্জন করা যায়। পাশাপাশি চাকরির নিয়োগ ও পদোন্নতির মানদণ্ডে সংশ্লিষ্ট সফটওয়্যার ও ব্যবহারিক দক্ষতার যথাযথ মূল্যায়ন থাকা দরকার। এতে শিক্ষার্থীরা দক্ষতা অর্জনে আরও উৎসাহিত হবেন।
বিষয়টি বোঝার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের উদাহরণ বিবেচনা করা যেতে পারে। এসব প্রতিষ্ঠানে নকশা ও পরিকল্পনা বিভাগ থাকলেও বড় প্রকল্পের অনেক বিস্তারিত নকশা ও অঙ্কন পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়। প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে ডিজিটাল নকশা ও অঙ্কন নিয়ে সরাসরি কাজ করতে হয়। কিন্তু ব্যবহৃত সফটওয়্যার ও প্রযুক্তিগত সুবিধার মধ্যে সামঞ্জস্য না থাকলে সম্পাদনাযোগ্য ডিজিটাল অঙ্কনের পরিবর্তে পিডিএফ ফাইল আদান-প্রদানের ওপর নির্ভর করতে হয়। এতে সমন্বয়, সংশোধন ও সিদ্ধান্ত গ্রহণে সময় ও শ্রম বাড়ে। আমাদের প্রকৌশলীদের প্রযুক্তিগতভাবে আরও সক্ষম করে তুলতে পারলে এ ধরনের সীমাবদ্ধতা কমানো সম্ভব।
বিষয়টির আন্তর্জাতিক দিকটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক মেধাবী নবীন প্রকৌশলী প্রাতিষ্ঠানিক জ্ঞান থাকা সত্ত্বেও প্রয়োজনীয় সফটওয়্যার দক্ষতা, বাস্তব প্রকল্পের অভিজ্ঞতা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রশিক্ষণ সনদের অভাবে বিদেশের প্রকৌশল চাকরি ও পরামর্শক প্রতিষ্ঠানে কাজের প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে নকশা, প্রকল্প পরিকল্পনা, অনুকল্পন, স্বয়ংক্রিয়করণ ও প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি বাস্তব কাজের অভিজ্ঞতাও গুরুত্ব পায়। ফলে প্রস্তুতির ঘাটতি তাদের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানোর পথে বাধা হয়ে দাঁড়ায়। প্রকৌশলী আছেন, মেধা আছে, জ্ঞান আছে—কিন্তু সেই জ্ঞান প্রয়োগের পর্যাপ্ত দক্ষতা ও সুযোগের অভাব রয়েছে। এটি শুধু ব্যক্তির নয়, জাতীয় সক্ষমতারও ক্ষতি।
আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো সমন্বিত প্রকৌশল। আধুনিক প্রযুক্তিতে একটি পণ্য, যন্ত্র বা সেবা তৈরি করতে যন্ত্রকৌশল, তড়িৎকৌশল, ইলেকট্রনিকস ও কম্পিউটার প্রকৌশলীদের সমন্বিতভাবে কাজ করতে হয়। একটি শিল্পকারখানার পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা তৈরিতে একাধিক বিভাগের প্রকৌশলীর জ্ঞান ও দক্ষতার সমন্বয় অপরিহার্য। বিশ্ববিদ্যালয় পর্যায়ে আন্তবিভাগীয় প্রকল্প ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণ বাড়ানো গেলে দেশীয় প্রযুক্তিপণ্য উদ্ভাবন, আমদানিনির্ভরতা হ্রাস এবং প্রকৌশল সেবা আন্তর্জাতিক বাজারে রপ্তানির নতুন সম্ভাবনা তৈরি হবে।
এ লক্ষ্য অর্জনে সরকার, বিশ্ববিদ্যালয়, বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক দক্ষতা উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা, বিভাগভিত্তিক সফটওয়্যার প্রশিক্ষণ, বাস্তব প্রকল্পভিত্তিক শিক্ষা এবং শিল্পপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক শিক্ষানবিশি নিশ্চিত করা জরুরি। শিক্ষার্থীদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত দক্ষতার সনদ অর্জনের সুযোগ তৈরি করতে হবে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে সংশ্লিষ্ট পেশার উপযোগী প্রযুক্তিগত দক্ষতাকে যথাযথ গুরুত্ব দিতে হবে।
বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে বাস্তব সমস্যা সমাধান, গবেষণা ও উদ্ভাবনের সুযোগ সম্প্রসারণ করতে হবে। আমাদের লক্ষ্য শুধু ডিগ্রিধারী প্রকৌশলী তৈরি করা নয়; বরং এমন দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, যারা দেশীয় শিল্পের প্রযুক্তিগত সমস্যার সমাধান করবেন, আন্তর্জাতিক প্রকল্পে নেতৃত্ব দেবেন, নিজস্ব পরামর্শক প্রতিষ্ঠান গড়ে তুলবেন এবং বাংলাদেশের প্রকৌশল পণ্য ও সেবা বিশ্ববাজারে পৌঁছে দেবেন। প্রকৌশল শিক্ষার সাফল্য শুধু ডিগ্রির সংখ্যায় নয়, সেই ডিগ্রিধারীরা বাস্তবে কতটা দক্ষতার সঙ্গে জ্ঞান প্রয়োগ করতে পারছেন, তার ওপর নির্ভরশীল। ডিগ্রির সঙ্গে দক্ষতার সমন্বয় ঘটুক, বিশ্ববাজারে এগিয়ে যাক বাংলাদেশের প্রকৌশলী।
লেখক: প্রকৌশলী, সেন্ট্রাল কাউন্সিল মেম্বার, লাইভ ফেলো, আইইবি এবং সদস্য- এ্যাব
কেকে/সাশ