তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষ এখন আর কেবল কারখানার অভ্যন্তরীণ বিষয় নয়; এটি জাতীয় অর্থনীতির জন্য একটি গুরুতর সংকট। বিজিএমইএর জরুরি জরিপ অনুযায়ী, নভেম্বরের প্রথম ১৮ দিনে ৩১৭টি কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় ৪২৮ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ৫ হাজার ৩৩৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। একই সময়ে ২৫৪ মিলিয়ন ডলারের রপ্তানি আদেশ অন্য দেশে সরে গেছে। ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি হলেও জরিপে তথ্য দিয়েছে মাত্র ৩১৭টি। অর্থাৎ প্রকৃত ক্ষতি আরও বেশি এবং অস্থিরতা চলতে থাকলে তা আরও বাড়বে।
সিপিডির সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন যথার্থই সতর্ক করেছেন, সরবরাহে বিলম্ব ক্রেতার আস্থা ও দেশের বিনিয়োগ পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। যে খাত দেশের রপ্তানি আয়ের প্রধান ভরসা এবং লাখ লাখ মানুষের জীবিকার ভিত্তি, তার এই টালমাটাল অবস্থা উপেক্ষা করার সুযোগ নেই।
গতকাল সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষের লিখিত প্রস্তাব দাখিলের কথা রয়েছে। এটি একটি ইতিবাচক সূচনা, তবে সভা চলাকালেই শ্রম ভবনের সামনে কয়েকশ শ্রমিকের বিক্ষোভ প্রমাণ করে, প্রত্যাশা ও বাস্তবতার ব্যবধান এখনো বড়। শ্রমিক সংগঠনগুলো ৩০ থেকে ৩২ হাজার টাকার দাবি জানাচ্ছে, অথচ বর্তমান ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা, যা ২০২৩ সালের শেষ প্রান্তিক থেকে কার্যকর। এ ব্যবধান ঘোচানোর একমাত্র পথ সংলাপ।
শ্রমিকদের দাবির পেছনে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির বাস্তব চাপ আছে, আবার খাতের সামর্থ্য ও বৈশ্বিক প্রতিযোগিতার বাস্তবতাও উপেক্ষণীয় নয়। তাই কোনো পক্ষই শতভাগ দাবি আদায় করতে পারবে না; পারস্পরিক ছাড় ও নমনীয়তাই হবে টেকসই সমাধানের ভিত্তি। এ পরিস্থিতিতে মালিকপক্ষকে বাস্তবসম্মত ও যৌক্তিক প্রস্তাব নিয়ে আলোচনায় আসতে হবে, যাতে সভা দীর্ঘায়িত না হয় এবং প্রস্তাব দেওয়ার প্রক্রিয়া নতুন করে অনিশ্চয়তা তৈরি না করে। শ্রমিকপক্ষকেও বাস্তবতা বিবেচনায় নিয়ে আলোচনার সুযোগ দিতে হবে।
ন্যায্য দাবি আদায়ের অধিকার তাদের আছে, কিন্তু মহাসড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর, পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ কিংবা সাংবাদিককে হুমকির মতো ঘটনা আন্দোলনের নৈতিক ভিত্তি দুর্বল করে এবং জনসহানুভূতি হারানোর ঝুঁকি তৈরি করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে হবে। মালিকপক্ষের উচিত কারখানা বন্ধ বা আকস্মিক ছুটি ঘোষণার আগে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা, কারণ এ ধরনের সিদ্ধান্ত অনেক ক্ষেত্রেই পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে।
সরকারের দায়িত্বও এখানে সবচেয়ে বেশি। মজুরি বোর্ডের পরবর্তী সভার সময়সূচি ও সিদ্ধান্ত গ্রহণের একটি স্পষ্ট রোডম্যাপ জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং ডিসেম্বর থেকে নতুন কাঠামো কার্যকরের অঙ্গীকার রক্ষায় সময়মতো সুপারিশ চূড়ান্ত করতে হবে। ১৬ নভেম্বরের মতো সভা স্থগিতের পুনরাবৃত্তি যাতে না ঘটে, তা নিশ্চিত করা জরুরি। বোর্ডের আলোচনায় শ্রমিক, মালিক ও নিরপেক্ষ প্রতিনিধিদের বক্তব্য সমান গুরুত্ব পাওয়া উচিত এবং মূল্যস্ফীতি, জীবনযাত্রার প্রকৃত ব্যয় ও খাতের সামর্থ্য বিবেচনায় তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে হবে। একইসঙ্গে ক্রেতাদের আস্থা পুনরুদ্ধারে সরকার ও বিজিএমইএকে সমন্বিত উদ্যোগ নিয়ে সংকট নিরসনের রোডম্যাপ আন্তর্জাতিক ক্রেতাদের কাছে তুলে ধরতে হবে, যাতে আরও রপ্তানি আদেশ হাতছাড়া না হয়। দীর্ঘমেয়াদে মজুরি পুনর্নির্ধারণকে একটি পূর্বানুমেয় কাঠামোর মধ্যে আনা প্রয়োজন।
শ্রম আইন সংশোধন করে পর্যালোচনার সময়সীমা পাঁচ বছর থেকে তিন বছরে নামানো ইতিবাচক পদক্ষেপ। এর সঙ্গে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বার্ষিক সমন্বয়ের ব্যবস্থা যুক্ত করলে প্রতিটি মজুরি বোর্ড ঘিরে এমন অস্থিরতার আশঙ্কা অনেকটাই কমবে। শ্রমিকের স্বার্থ ও শিল্পের স্বার্থ পরস্পরবিরোধী নয়।
শিল্প টিকে থাকলেই কর্মসংস্থান টিকে থাকে, আবার শ্রমিক ন্যায্য মজুরি ও মর্যাদা পেলেই শিল্পে স্থিতিশীলতা আসে।
কেকে/সাশ