সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা      ● প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির চার নেতা      ● নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবলকে হত্যা      ● গাজীপুরে ফের পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল নিক্ষেপ      ● নির্ধারিত সময়েই হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● ইনু-লতিফসহ ১০ আসামি কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে      
খোলা মত ও সম্পাদকীয়
দাঙ্গা সৃষ্টির পাঁয়তারা রুখে দিতে হবে
সম্পাদকীয়
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৯ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

রাজনৈতিক সহিংসতাকে সাম্প্রদায়িক রং দিয়ে দেশে উত্তেজনা ছড়ানোর অপচেষ্টা আবারও সামনে এসেছে। নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর এলাকাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি ছড়ানো হয়েছে, সেখানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ হয়েছে। পুলিশ এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বাসিন্দা ও নেতাদের বক্তব্যে এই দাবি ভিত্তিহীন প্রমাণিত হয়েছে।

পুলিশের ভাষ্য, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওগুলো পুরোনো ঘটনার বা নির্মিত; কিছু ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি ব্যবহারেরও অভিযোগ উঠেছে। এই প্রচারণার পেছনে কিছু আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। অভিযোগটি তদন্তসাপেক্ষ। তবে অপতথ্যের উদ্দেশ্য যে বিভাজন ও অস্থিরতা তৈরি করা, তা বুঝতে কষ্ট হয় না।

প্রকৃত ঘটনা অবশ্য সামান্য নয়। ১৮ নভেম্বর কালিয়ার বেন্দারচর স্লুইসগেট-সংলগ্ন বটতলায় বিএনপির একটি মিছিলে হামলার ঘটনায় দুই বিএনপি নেতা নিহত হওয়ার পর সাবেক সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি ও কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষসহ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার তথ্যমতে, ১৫ থেকে ২০টি বাড়িতে ভাঙচুর হয়েছে এবং কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। পুলিশের প্রাথমিক হিসাবে, ১৫-১৬টি বাড়িতে ভাঙচুর এবং ৪-৫টি বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে। প্রাথমিক তথ্য ও অভিযোগ অনুযায়ী ঘটনাটি রাজনৈতিক প্রেক্ষাপটের; তবে এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের শনাক্ত করা এখনো বাকি। রাজনৈতিক প্রতিশোধও অপরাধ। আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই, কোনো দলের নেতাকর্মীরও নয়। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচার না হলে সহিংসতার চক্র থামবে না, আর অপপ্রচারকারীরা সেই ফাঁক গলেই বিষ ছড়াবে।

এই প্রবণতা নতুন নয়। জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে সংখ্যালঘুদের ওপর হামলা, রাজনৈতিক হত্যা, মিছিল-সংঘর্ষ কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের নামে পুরোনো ছবি ও ভিডিও নতুন করে প্রচারের নজির বারবার মিলেছে। ডিসমিসল্যাব ও এএফপির ফ্যাক্টচেকে তার প্রমাণ আছে। এখন এর সঙ্গে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তায় নির্মিত দৃশ্য, যা সাধারণ মানুষের পক্ষে আসল-নকল আলাদা করা আরও কঠিন করে তুলেছে। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ, ধর্মীয় পরিচয় ও অনুভূতিকে রাজনৈতিক হাতিয়ার বানানোর কৌশল দীর্ঘদিনের। যেখানে যে পরিচয় সামনে আনলে প্রতিক্রিয়া বেশি হয়, সেখানে সেই পরিচয়ই ব্যবহৃত হয়।

বেন্দারচরের ঘটনায় একটি ইতিবাচক দিকও আছে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বাসিন্দা ও নেতারা, যারা এই গুজবের প্রধান লক্ষ্য হতে পারতেন, তারাই সবার আগে সত্য তুলে ধরেছেন। তারা স্পষ্ট জানিয়েছেন, ঘোষপাড়ায় কোনো সাধারণ মানুষের বাড়িতে হামলা হয়নি। এ ধরনের স্থানীয় সচেতনতা ও সম্প্রীতিই দাঙ্গার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরক্ষা।

এই পরিস্থিতিতে সরকারের প্রথম করণীয় হলো তথ্যের শূন্যতা পূরণ করা। সংঘাত বা সহিংসতার ঘটনা ঘটলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত প্রকৃত তথ্য যাচাই করে গণমাধ্যমের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতে হবে, কারণ তথ্যের শূন্যতায়ই গুজব জন্ম নেয়। একই সঙ্গে কালিয়ার হত্যাকাণ্ড এবং পরবর্তী হামলা-অগ্নিসংযোগের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের, যে দলেরই হোক, দ্রুত আইনের আওতায় আনতে হবে। অপতথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তায় নির্মিত বিভ্রান্তিকর কনটেন্টের উৎস শনাক্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়াও জরুরি। এর জন্য সাইবার ফরেনসিক সক্ষমতা বাড়াতে হবে।

রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে। নিজেদের নেতাকর্মীদের সংযত রাখা, সংবেদনশীল এলাকায় সতর্ক থাকা এবং প্রতিহিংসার পথে না যাওয়ার অঙ্গীকার তাদের কথায় নয়, আচরণে প্রমাণ করতে হবে। গণমাধ্যমকেও যাচাই ছাড়া ভাইরাল ছবি বা ভিডিও প্রচার থেকে বিরত থাকতে হবে এবং ফ্যাক্টচেক-সংস্কৃতি আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি সাধারণ নাগরিকের ডিজিটাল ও তথ্যসাক্ষরতা বাড়াতে সরকারি-বেসরকারি উদ্যোগ নিতে হবে, যাতে কোনো ছবি বা ভিডিও শেয়ারের আগে মানুষ তা যাচাই করতে শেখে।

বাংলাদেশের মানুষ অতীতে বহুবার উসকানির মুখেও সম্প্রীতির পরিচয় দিয়েছে। সেই ঐতিহ্য রক্ষার দায় রাষ্ট্র, রাজনীতি ও নাগরিক—সবার। 


কেকে/সাশ 



মতামত লিখুন:
Loading...
Loading...

খোলা মত ও সম্পাদকীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close