সতেরো বছর আগে, ২০০৯ সালে যে শিশুটি জন্মেছিল, আজ সে কিশোর। প্রায় ততটা সময় ধরেই বাংলাদেশ একটি গভীর সমুদ্রবন্দরের স্বপ্ন নিয়ে ঘুরছে। প্রথমে ঠিকানা ছিল সোনাদিয়া, তারপর পায়রা, শেষমেশ মহেশখালীর মাতারবাড়ী। ঠিকানা স্থির হয়েছে, জাপানি অর্থায়ন এসেছে, লক্ষ্যও ঘোষিত: ২০২৯ সালের মধ্যে বন্দর চালু। ঠিক এই মুহূর্তে আলোচনার টেবিলে সবচেয়ে জোরালো প্রশ্নটি বন্দরের গভীরতা নিয়ে নয়। প্রশ্নটি হলো, এই বন্দরের চাবি থাকবে কার হাতে?
দেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ৯৮ শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে যায়। ২০২৫ সালে বন্দরটি সামলেছে ৩৮ লাখ ৯ হাজারের বেশি টিইইউ কনটেইনার, রাজস্ব এসেছে প্রায় ৫ হাজার ৪৬০ কোটি টাকা। সংখ্যাগুলো গর্বের, আবার সতর্কসংকেতও।
একটিমাত্র নদীমুখী বন্দরের কাঁধে পুরো দেশের আমদানি-রপ্তানির ভার, অথচ তার প্রবেশপথ সীমিত; প্রায় সাড়ে নয় মিটারের বেশি ড্রাফটের জাহাজ সেখানে ঢুকতে পারে না। ফলে বড় মাদার ভেসেল চট্টগ্রামে আসে না। পণ্য আগে যায় সিঙ্গাপুর, কলম্বো বা পোর্ট ক্লাংয়ে, সেখান থেকে ছোট ফিডার জাহাজে ফেরে। একই কনটেইনারকে দুবার নামানো-তোলা, দুবার অপেক্ষা, দুবার খরচ।
এ খরচ কেবল টাকার নয়, ক্যালেন্ডারেরও। পোশাকের মতো ফ্যাশন-সংবেদনশীল পণ্যে সপ্তাহখানেকের দেরি মানে ক্রেতার হাতে পৌঁছানোর আগেই ঋতু ফুরিয়ে যাওয়া। তাই গভীর সমুদ্রবন্দর আমাদের কাছে বিলাসী অবকাঠামো নয়; এটি সময় কিনে আনার কারখানা।
দেরির দামও কম নয়। মাতারবাড়ী প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ১৭ হাজার ৭৭৭ কোটি টাকা, সংশোধনের পর তা দাঁড়িয়েছে ২৪ হাজার ৩৮১ কোটি টাকায়, অর্থাৎ প্রায় ৩৭ শতাংশ বেশি। বাড়তি অঙ্কটি প্রায় ৬ হাজার ৬০০ কোটি টাকা, যা চট্টগ্রাম বন্দরের পুরো এক বছরের রাজস্বের চেয়েও বেশি। এর সবটুকু দেরির ফল নয়; মূল্যবৃদ্ধি, নকশা সংশোধন ও বিনিময় হারেরও ভূমিকা আছে। তবু সতেরো বছরের দোলাচলের বিল যে শেষ পর্যন্ত জনগণের পকেট থেকেই মেটে, তা অস্বীকারের উপায় নেই।
মাতারবাড়ীর প্রাকৃতিক গভীরতা প্রায় ১৩ মিটার। তার সঙ্গে প্রায় ১৪ দশমিক ৩ কিলোমিটার দীর্ঘ, ৩৫০ মিটার প্রশস্ত ও ১৬ মিটার গভীর একটি নৌ-চ্যানেল খনন করতে হয়েছে। নৌ-পরিবহনমন্ত্রী জুলাইয়ে সংসদে জানিয়েছেন, বন্দর চালু হলে প্রায় ৮ হাজার ২০০ টিইইউ ধারণক্ষমতার কনটেইনার জাহাজ এবং প্রায় এক লাখ ডেডওয়েট টনের মালবাহী জাহাজ সরাসরি ভিড়তে পারবে। অর্থাৎ বাংলাদেশের পণ্য প্রথমবারের মতো সিঙ্গাপুর-কলম্বোর মধ্যস্থতা ছাড়া মহাসাগর পাড়ি দেওয়ার সুযোগ পাবে।
সোনাদিয়ার দিকে তাকালে একটি প্রশ্ন ফিরে আসে: প্রাকৃতিক গভীরতা সেখানে বেশি ছিল বলে বলা হয়, তবু প্রকল্প গেল কেন? সরকারি ব্যাখ্যায় এসেছে পরিবেশ ও জীববৈচিত্র্যের ঝুঁকির কথা; সঙ্গে যুক্তি, মাতারবাড়ীতে বিদ্যুৎকেন্দ্রের সূত্রে অবকাঠামোর ভিত আগেই তৈরি ছিল। অন্য পক্ষের সন্দেহ, সিদ্ধান্তের পেছনে ভ‚রাজনীতির ছায়া ছিল, বিশেষ করে চীনা অর্থায়নের প্রস্তাব নিয়ে ভারতের উদ্বেগ। কোনো ব্যাখ্যাই চূড়ান্তভাবে প্রমাণিত নয়। দুই স্থানের তুলনামূলক ব্যয়-সুবিধার পূর্ণাঙ্গ বিশ্লেষণ জনসমক্ষে না আসায় প্রশ্নটি আজও ঝুলে আছে।
চলতি বছরের ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে বিষয়টি নতুন মোড় নিয়েছে। ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত প্রথম অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (EPA) পটভূমিতে ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে শীর্ষ বৈঠকে ‘বিগ-বি’ (BIG-B) উদ্যোগকে উন্নীত করার সিদ্ধান্ত হয়। যৌথ বিবৃতি অনুযায়ী মাতারবাড়ী-মহেশখালী অঞ্চলকে বিদ্যুৎ, জ্বালানি, গভীর সমুদ্রবন্দর, শিল্প ও তথ্যপ্রযুক্তি অবকাঠামো মিলিয়ে একটি সমন্বিত লজিস্টিকস ও শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রায় ৬ বিলিয়ন ডলারের একটি জাপানি পরিকল্পনার কথাও এসেছে।
এর মধ্যে একটি বাক্য আলাদা করে চোখে পড়ে। দুই নেতা বন্দরের পরিচালনা ও ব্যবস্থাপনা নিয়ে ভবিষ্যৎ সহযোগিতা আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন। একই সময়ে ভারতীয় গণমাধ্যমে খবর বেরিয়েছে, মাতারবাড়ীকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত করার কথা ভাবছে জাপান। এসব নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তার বক্তব্য, বন্দর নিয়ে কোনো গোপনীয়তা আছে কি না জাতি জানতে চায়, আর সংযোগের নামে দেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না। সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত যা প্রকাশ্যে এসেছে, তাতে পরিচালনা-কাঠামোর শর্ত স্পষ্ট নয়। ফাঁকটুকুই জল্পনার জমি।
ভারতের উত্তর-পূর্বের সাত রাজ্যে প্রায় সাড়ে চার কোটি মানুষের বাস। স্থলবেষ্টিত এই অঞ্চলের পণ্য সমুদ্রে পৌঁছাতে এখন সরু “চিকেনস নেক” পেরিয়ে কলকাতা ঘুরে দেড় হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দেয়; চট্টগ্রাম-মাতারবাড়ী হয়ে সেই দূরত্ব কয়েক শ কিলোমিটারে নেমে আসতে পারে। এই বাস্তবতাই একপক্ষের ভরসা, অন্যপক্ষের শঙ্কা। সমর্থকরা বলেন, ট্রানজিট মানে মাশুল, শিল্প ও কর্মসংস্থান; বাংলাদেশ নিজের শর্তে সেবা বিক্রি করলে লাভ বাংলাদেশেরই। সমালোচকরা বলেন, অতীতে ট্রানজিট ও করিডরের নামে সুবিধা দেওয়া হয়েছে, অথচ প্রত্যাশিত সুফল মেলেনি; নিরাপত্তাঝুঁকিও হালকা করে দেখার নয়।
দুই পক্ষই আংশিক সত্য বলছে। করিডর যদি হয় সেবা-বাণিজ্যের চুক্তি, তবে তা বাজার; আর যদি শর্তহীন অধিকারে গড়ায়, তবে তা ঝুঁকি। ফারাক গড়ে দেবে চুক্তির খুঁটিনাটি: মাশুলের হার, নির্দিষ্ট রুট, নিরাপত্তা-নজরদারি, মেয়াদের সীমা, আর নেপাল ও ভুটানের জন্য সমান শর্তে সুযোগ। যে প্রতিবেশীকে আমরা বাজার দিচ্ছি, তার কাছ থেকে ন্যায্য দাম আদায় করা এবং প্রয়োজনে “না” বলার সামর্থ্য রাখা—এটাই সার্বভৌমত্বের ব্যবহারিক রূপ।
বঙ্গোপসাগর আজ সবার মানচিত্রেই আছে। জাপানের কাছে এটি “মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক” ভাবনার অংশ; টোকিওর কর্মকর্তারাও মাতারবাড়ীর সংযোগকে সেই দৃষ্টিভঙ্গির কেন্দ্রীয় উপাদান বলে বর্ণনা করেছেন। ভারতের কাছে এটি পূর্বমুখী নীতি ও উত্তর-পূর্বাঞ্চলের প্রবেশদ্বার। চীনের আগ্রহ তিস্তা প্রকল্পসহ নানা অবকাঠামোয় স্পষ্ট। যুক্তরাষ্ট্রও এই জলপথ নিয়ে উদাসীন নয়। এমন ভিড়ের মাঝে ছোট ও মাঝারি অর্থনীতির সবচেয়ে নিরাপদ কৌশল হলো কারও একার ওপর নির্ভর না করা: ঋণ একজনের হলে টার্মিনালের পরিচালনা হোক প্রতিযোগিতামূলক দরপত্রে, আর গ্রাহক ও সংযোগ হোক বহুমুখী। দরজা কারও জন্য বন্ধ নয়, আবার কারও জন্য একচেটিয়াও নয়।
সোনাদিয়া বাতিলের পেছনে কোন শক্তির ছায়া ছিল, সে বিতর্ক আজও মীমাংসিত নয়। তবে ইতিহাসের শিক্ষা পরিষ্কার: পররাষ্ট্রনীতিতে সিদ্ধান্ত যদি অর্থনৈতিক যুক্তির বদলে বাইরের চাপের ফল বলে মনে হয়, তবে ভালো সিদ্ধান্তও জনআস্থা হারায়।
শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর ২০১৭ সালে ৯৯ বছরের ইজারায় চীনা প্রতিষ্ঠান চায়না মার্চেন্টস পোর্ট-এর হাতে চলে যায়, বিনিময়ে মিলেছিল প্রায় ১১২ কোটি ডলার। সেখানে ঋণের চাপ ছিল, কিন্তু তার চেয়েও বড় সমস্যা ছিল পর্যাপ্ত কার্গোর অভাব। শিক্ষাটা বিদেশি অর্থায়নবিরোধী নয়; শিক্ষা হলো, যে বন্দরের কার্গো নেই, শিল্পাঞ্চল নেই, চুক্তিতে স্বচ্ছতা নেই, সে বন্দর সম্পদ নয়, বোঝা।
উল্টো দিকে সিঙ্গাপুর, কলম্বো ও পোর্ট ক্লাংয়ের সাফল্য কেবল পানির গভীরতার জোরে আসেনি। এসেছে দ্রুত কাস্টমস, নির্ভরযোগ্য শিপিং নেটওয়ার্ক, শিল্প-সংযোগ ও দক্ষ জনবলের সমন্বয়ে। মাতারবাড়ীতে ১৬ মিটার গভীর চ্যানেল কাটা হয়েছে, কিন্তু সেই চ্যানেলের শেষ প্রান্তে যদি কারখানা, সড়ক-রেল সংযোগ, ডিজিটাল কাস্টমস আর প্রশিক্ষিত কর্মী না থাকে, তবে গভীরতা হবে কেবল সংখ্যা। চট্টগ্রামের অভিজ্ঞতাও মনে রাখার মতো: যে বন্দরে অবকাঠামোর সঙ্গে ব্যবস্থাপনা তাল মেলাতে পারে না, সেখানে জট বাড়ে, খরচ বাড়ে, ক্রেতা অন্যত্র সরে যায়।
বন্দরের পরিচালনা, ইজারা বা অংশীদারিত্ব নিয়ে যে কোনো চুক্তি স্বাক্ষরের আগে সংসদীয় কমিটিতে আলোচনা হোক এবং স্বাক্ষরের পর তার সারসংক্ষেপ জনসমক্ষে আসুক।
জমি, চ্যানেল ও নৌ-নিরাপত্তার ওপর বাংলাদেশের পূর্ণ কর্তৃত্ব আইনি ভাষায় সুস্পষ্ট করা হোক।
সোনাদিয়া বনাম মাতারবাড়ীর ব্যয়-সুবিধা বিশ্লেষণ, কার্গো-পূর্বাভাস ও ঋণ পরিশোধের হিসাব প্রকাশ করা হোক, যাতে সংশয় তথ্যের কাছে হার মানে।
যেকোনো দেশের জন্য সুবিধা হবে মাশুলভিত্তিক, রুট ও মেয়াদে সীমাবদ্ধ, এবং সব প্রতিবেশীর জন্য সমান বিধিতে উন্মুক্ত।
২০২৯ সালের সময়সূচির বিপরীতে অগ্রগতি, ব্যয় ও বিলম্বের কারণ নিয়ে নিয়মিত প্রতিবেদন আসুক।
যারা বলেন বন্দর হলে সব সমস্যা মিটবে, তাদের আশাবাদ যেমন অতিসরলীকরণ, তেমনি যারা দেখেন সবকিছুতেই ষড়যন্ত্র, তাদের আশঙ্কাও অনেক সময় প্রমাণের চেয়ে সন্দেহে ভর করে। দুই প্রান্তের মাঝখানে দাঁড়িয়ে রাষ্ট্রের কাজ হলো প্রশ্নের উত্তর দেওয়া, তাড়াহুড়ো করে নয়, কিন্তু দেরিও না করে।
সতেরো বছর অপেক্ষার পর জাহাজ যখন মাতারবাড়ীর ঘাটে ভিড়বে, তখন বিশ্ব দেখবে বাংলাদেশের নৌ-গভীরতা। কিন্তু ইতিহাস দেখবে অন্য কিছু: এই দেশ তার সবচেয়ে বড় অবকাঠামোর চাবি নিজের হাতে রাখতে পেরেছিল কি না। গভীরতা মাপা যায় মিটারে; আস্থা মাপা যায় স্বচ্ছতায়। মাতারবাড়ীর আসল পরীক্ষা তাই সাগরে নয়, সিদ্ধান্তের টেবিলে।
লেখক: শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
কেকে/সাশ