কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও লাভজনক করতে শিক্ষিত তরুণ প্রজন্মের উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসা সময়ের দাবি। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এ দেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান এবং গ্রামীণ জীবনের সঙ্গে কৃষি ওতপ্রোতভাবে জড়িত। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কৃষির ধরন, উৎপাদন পদ্ধতি ও বাজারব্যবস্থায়ও পরিবর্তন আসছে। কিন্তু এখনো আমাদের কৃষির একটি বড় অংশ প্রচলিত পদ্ধতি ও অভিজ্ঞতানির্ভর ব্যবস্থার ওপর নির্ভরশীল। এই জায়গায় শিক্ষিত তরুণ সমাজ কৃষি উদ্যোক্তা হিসেবে এগিয়ে এলে দেশের কৃষিতে আমূল পরিবর্তন ঘটানো সম্ভব।
কৃষিতে শিক্ষিত উদ্যোক্তাদের প্রয়োজন কেন :
শিক্ষিত তরুণদের রয়েছে আধুনিক জ্ঞান, প্রযুক্তি ব্যবহারের দক্ষতা, পরিকল্পনা গ্রহণের সক্ষমতা এবং নতুন কিছু করার মানসিকতা। এসব দক্ষতা কৃষিতে কাজে লাগানো গেলে উৎপাদন খরচ কমানো, ফলন বৃদ্ধি, পণ্যের গুণগত মান উন্নয়ন এবং কৃষিপণ্যের সঠিক বাজারমূল্য নিশ্চিত করা সম্ভব।
একজন শিক্ষিত কৃষি উদ্যোক্তা শুধু জমিতে ফসল উৎপাদনেই সীমাবদ্ধ থাকবেন না। তিনি মাটির গুণাগুণ পরীক্ষা, উন্নত জাত নির্বাচন, আধুনিক সেচব্যবস্থা, স্মার্ট কৃষি প্রযুক্তি, জৈব সার ব্যবহার, নিরাপদ বালাইনাশক ব্যবস্থাপনা এবং উৎপাদিত পণ্যের সংরক্ষণ ও বাজারজাতকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
প্রযুক্তিনির্ভর কৃষিই আগামীর সম্ভাবনা :
বিশ্বের অনেক দেশ কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে উৎপাদন ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করেছে। ড্রোন প্রযুক্তি, সেন্সর, আবহাওয়ার তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, আধুনিক কৃষিযন্ত্র এবং অনলাইন বিপণনব্যবস্থা কৃষিকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।
বাংলাদেশেও শিক্ষিত কৃষি উদ্যোক্তারা এসব প্রযুক্তি কাজে লাগাতে পারেন। কৃষির প্রতিটি পর্যায়ে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করলে একদিকে যেমন উৎপাদন বাড়বে, অন্যদিকে কমবে অপচয় ও অপ্রয়োজনীয় ব্যয়।
নিরাপদ খাদ্য উৎপাদনে উদ্যোক্তাদের ভূমিকা :
বর্তমানে নিরাপদ খাদ্য মানুষের অন্যতম বড় প্রত্যাশা। অতিরিক্ত রাসায়নিক সার ও বালাইনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার মাটি, পানি, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই শিক্ষিত কৃষি উদ্যোক্তাদের দায়িত্ব হবে পরিবেশবান্ধব ও বিজ্ঞানসম্মত কৃষিব্যবস্থা গড়ে তোলা।
জৈব সার, সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম), ফসল পর্যায়ক্রম, নিরাপদ সেচ এবং উত্তম কৃষিচর্চা অনুসরণের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
কৃষি হতে পারে সম্মানজনক ও লাভজনক পেশা :
আমাদের সমাজে এখনো অনেক শিক্ষিত তরুণ কৃষিকে পেশা হিসেবে গ্রহণ করতে আগ্রহী নন। তাঁদের একটি বড় অংশ চাকরির পেছনে ছুটছেন। অথচ পরিকল্পিতভাবে কৃষি উদ্যোক্তা হতে পারলে নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায়।
নার্সারি, আধুনিক সবজি চাষ, ফল উৎপাদন, মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, কোল্ড স্টোরেজ, কৃষিপণ্য পরিবহন এবং কৃষিভিত্তিক ই-কমার্স—প্রতিটি ক্ষেত্রেই রয়েছে বিপুল সম্ভাবনা।
প্রয়োজন সরকারি সহযোগিতা ও সহজ অর্থায়ন :
শিক্ষিত তরুণদের কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, কৃষি বিশ্ববিদ্যালয় ও উন্নয়ন সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। প্রয়োজন সহজ শর্তে ঋণ, আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা, কৃষি পরামর্শ, বাজারসংযোগ এবং উদ্যোক্তাবান্ধব নীতিমালা।
একই সঙ্গে কৃষি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বাস্তবমুখী উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্ব দিতে হবে। শুধু তাত্ত্বিক শিক্ষা নয়, হাতে-কলমে কৃষি উৎপাদন ও ব্যবসা পরিচালনার দক্ষতাও তৈরি করতে হবে।
কৃষিকে আর অবহেলিত বা কেবল শ্রমনির্ভর পেশা হিসেবে দেখার সুযোগ নেই। কৃষি এখন জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি ও বিনিয়োগের সমন্বয়ে গড়ে ওঠা একটি সম্ভাবনাময় অর্থনৈতিক খাত। আমরা যদি শিক্ষিত তরুণদের কৃষিতে বিনিয়োগ ও উদ্যোক্তা হওয়ার পরিবেশ তৈরি করতে পারি, তাহলে কৃষিতে উৎপাদনশীলতা বাড়বে, বেকারত্ব কমবে, খাদ্যনিরাপত্তা শক্তিশালী হবে এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আসবে। মনে রাখতে হবে, শিক্ষিতরা কৃষি উদ্যোক্তা হলে কৃষি শুধু বদলাবে না, বদলে যাবে দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও খাদ্যনিরাপত্তার চিত্র। এখনই সময় কৃষিকে নতুনভাবে ভাবার, কৃষিতে মেধা ও প্রযুক্তির সমন্বয় ঘটানোর এবং শিক্ষিত তরুণ প্রজন্মকে কৃষির নেতৃত্বে নিয়ে আসার। কৃষি বাঁচলে দেশ বাঁচবে, কৃষি উদ্যোক্তা বাড়লে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
লেখক : কৃষিবিদ, চট্টগ্রাম
কেকে/এমএ