সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● নির্ধারিত সময়েই হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● ইনু-লতিফসহ ১০ আসামি কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে      ● বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার      ● এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ      ● রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়ে যুক্তরাষ্ট্রকে জেলেনস্কির তাগাদা      ● এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল সোমবার, যেভাবে জানা যাবে      ● অস্থিরতায় ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার : বিজিএমইএ      
খোলা মত ও সম্পাদকীয়
জ্বালাও-পোড়াও করে কী পেল নিষিদ্ধ আওয়ামী লীগ?
ওয়াসিম ফারুক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৩ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

গত কয়েক দিন ধরে গোপালগঞ্জের পরিস্থিতি দেখে মনে হচ্ছে, বাংলাদেশের মানচিত্রের ভেতরেই যেন একটি বিচ্ছিন্ন ভূখণ্ড তৈরি হয়েছে। গত ১০ নভেম্বর থেকে শুরু হওয়া অস্থিরতা, লকডাউন, সড়ক অবরোধ, গাছ কাটা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ধারাবাহিকতায় জেলার স্বাভাবিক জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রশ্ন হচ্ছে, এই সহিংসতা,  জ্বালাও-পোড়াও করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ শেষ পর্যন্ত কী অর্জন করল এটাই সবচেয়ে বড় প্রশ্ন। সরকারকে কি তারা বড় কোনো রাজনৈতিক চাপে ফেলতে পেরেছে? দেশজুড়ে কি বিপুল জনসমর্থন আদায় করতে সক্ষম হয়েছে? নাকি নিজেদের রাজনৈতিক অবস্থান আরও দুর্বল করে সাধারণ মানুষের জীবন-জীবিকাকে বিপন্ন করে নিজেদের একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করতে সক্ষম হয়েছে ?

গত ১০ নভেম্বর টুঙ্গিপাড়ায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ এবং দেশি অস্ত্র হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মহড়ার ঘটনা ঘটে। একই সময়ে কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়ক অবরোধ করে যান চলাচল ব্যাহত করা হয়। ১৫ নভেম্বর আবারও সশস্ত্র মহড়া, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ এবং যুবদলের কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রেক্ষাপটে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয় এবং বিজিবি মোতায়েন করা হয়। এরপর ১৬ নভেম্বর রাতে প্রায় আড়াই বছর পর বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ১৭ নভেম্বর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। 

টুঙ্গিপাড়া থানা, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। থানায় আটক ব্যক্তিদের ছিনিয়ে নেয়  থানার অস্ত্রাগার লুট করে । এর পর ১৯ নভেম্বর দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগ করেন। এ সময় থানার ভেতরের আসবাবপত্র, নথিপত্র এবং বাইরে থাকা পুলিশের গাড়িসহ অন্তত ১০টি যানবাহন পুড়িয়ে দেওয়া হয়। এই সময়ের মধ্যে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবর, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বাড়িঘর, দলীয় কার্যালয়,  ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল এবং গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। একটি বিজিবির গাড়িও হামলার শিকার হয়।

১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গাছ কেটে, গাছের গুঁড়ি, বাঁশ ও বৈদ্যুতিক খুঁটি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশসহ দক্ষিণাঞ্চলের একাধিক আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেড় শতাধিক পণ্যবাহী যানবাহন আটকে পড়ে। প্রায় ৩৬ ঘণ্টার অচলাবস্থার পর ২০ নভেম্বর সকালে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল শুরু হলেও ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় অনিশ্চয়তা কাটেনি।

নিরাপত্তার কারণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্তও পরিস্থিতির গভীরতা তুলে ধরে। কিন্তু এই পুরো ঘটনাপ্রবাহের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্নটি হলো, গোপালগঞ্জে আসলে কাদের বিরুদ্ধে এই ভাংচুর জ্বালাও পোড়াও? কাদের চলাচল বন্ধ করা হচ্ছে? কার দোকানপাট বন্ধ রাখা হচ্ছে? কার গাছ কেটে রাস্তায় ফেলা হচ্ছে? গোপালগঞ্জ বাংলাদেশের ৬৪টি জেলার একটি। এখানকার মানুষও দেশের অন্যান্য জেলার মানুষের মতো জীবিকা, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত। অথচ রাজনৈতিক কর্মসূচির নামে যে অচলাবস্থা তৈরি করা হয়েছে, তার সবচেয়ে বড় ভুক্তভোগীও এই জেলার সাধারণ মানুষ।

গোপালগঞ্জের রাজনৈতিক পরিচিতি দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার জন্মস্থান এবং বঙ্গবন্ধুর সমাধিসৌধকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে এই পরিচিতি রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব পেয়েছে। কিন্তু কোনো জেলার পরিচিতি কোনো রাজনৈতিক দলের একক সম্পত্তি হতে পারে না। গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগের সমর্থক হতে পারেন, বিএনপির সমর্থক হতে পারেন বা অন্য কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন কিংবা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নাও থাকতে পারেন। তাদের সবার সমান নাগরিক অধিকার রয়েছে। সেই অধিকার কেড়ে নিয়ে একটি জেলার স্বাভাবিক জীবনযাত্রাকে জিম্মি করার নাম রাজনৈতিক আন্দোলন হতে পারে না।

গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতির সবচেয়ে বড় অসংগতি এখানেই। যারা আন্দোলন করছেন, তারাই অবরুদ্ধ হচ্ছেন। যারা দোকান বন্ধ রাখার হুমকি দিচ্ছেন, কয়েক ঘণ্টা পর তাদেরই নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে সেই দোকানে যেতে হবে। যারা সড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করছেন, তাদের পরিবারের কেউ অসুস্থ হলে হাসপাতালে যাওয়ার জন্য সেই সড়কই প্রয়োজন হবে।

যারা বাজার বন্ধ করছেন, তাদেরও সংসার চালাতে বাজারের ওপর নির্ভর করতে হয়। অর্থাৎ আন্দোলনের পরিকল্পনাকারী, বাস্তবায়নকারী ও ক্ষতিগ্রস্ত ব্যক্তি সবাই একই সামাজিক পরিসরের মানুষ। এটি অনেকটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের সঙ্গে যুদ্ধ করার মতো। প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার পরিবর্তে নিজেদের শহর, নিজেদের ব্যবসা-বাণিজ্য ও নিজেদের মানুষের বিরুদ্ধে এক ধরনের আত্মঘাতী অবস্থান তৈরি করা হয়েছে। দূর থেকে দেখলে মনে হতে পারে, গোপালগঞ্জে বড় কোনো রাজনৈতিক প্রতিরোধ চলছে। কিন্তু বাস্তবতা হলো, এই প্রতিরোধের মূল্য দিচ্ছেন স্থানীয় দোকানদার, পরিবহনশ্রমিক, কৃষক, শিক্ষার্থী, রোগী ও সাধারণ পরিবার।

সবচেয়ে করুণ পরিস্থিতিতে পড়েছেন সেখানকার ব্যবসায়ী, শ্রমজীবী সহ সাধারণত মানুষ যারা হয়তো  শেখ হাসিনার প্রত্যাবর্তনের আশায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের কারও দোকানে শেখ মজিবর রহমান ও শেখ হাসিনার ছবি রয়েছে, কারও কণ্ঠে ছিল আওয়ামী লীগের পক্ষে স্লোগান। অথচ আজ নিজেদের রাজনৈতিক পক্ষের কর্মসূচির কারণে তাদেরই দোকানের সাটার নামিয়ে রাখতে হচ্ছে। দোকান খুললে আগুন দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে। যে রাজনৈতিক শক্তির প্রত্যাবর্তনের আশায় তারা স্বপ্ন দেখেছিলেন, সেই শক্তিরই কিছু সমর্থকের কর্মসূচিতে তাদের জীবিকা বিপন্ন হচ্ছে।

এখানে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বাস্তবতা স্পষ্ট হয়ে ওঠে। কোনো রাজনৈতিক দলের সমর্থক হওয়ার অর্থ নিজের জীবিকা, পরিবার ও নাগরিক অধিকার বিসর্জন দেওয়া নয়। রাজনৈতিক আনুগত্যের বিনিময়ে একজন দোকানদারকে তার ব্যবসা বন্ধ রাখতে বাধ্য করা হলে সেটি সমর্থকের প্রতি সম্মান নয়, বরং তাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার নামান্তর। যে রাজনীতি নিজের সমর্থকের জীবন-জীবিকার নিরাপত্তা দিতে পারে না, সেই রাজনীতি সাধারণ মানুষের আস্থা অর্জন করবে কীভাবে?

গোপালগঞ্জের গাছগুলোরও কোনো রাজনৈতিক পরিচয় নেই। তারা কোনো মিছিলে অংশ নেয়নি, কোনো স্লোগান দেয়নি, কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করেনি। বছরের পর বছর রাস্তার পাশে দাঁড়িয়ে মানুষকে ছায়া দিয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষা করেছে। অথচ রাজনৈতিক অবরোধের ব্যারিকেড তৈরির জন্য সেই গাছগুলোই কেটে ফেলা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, জনসমর্থন থাকলে একটি রাজনৈতিক কর্মসূচিতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে। সেখানে মানুষের পরিবর্তে গাছ কেটে রাস্তা আটকে দেওয়ার প্রয়োজন কেন? একটি গণতান্ত্রিক আন্দোলনের শক্তি আসে জনসম্পৃক্ততা, গ্রহণযোগ্য দাবি এবং রাজনৈতিক নৈতিকতা থেকে। গাছ কেটে, আগুন জ্বালিয়ে, গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করে  মানুষের চলাচল বন্ধ করে কিংবা ব্যবসায়ীদের ভয় দেখিয়ে জনসমর্থন তৈরি করা যায় না। বরং এতে সাধারণ মানুষের বিরক্তি ও ক্ষোভ বাড়ে।

রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করার নামে নিজের শহরের পরিবেশ, যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ড ধ্বংস করা কোনোভাবেই দায়িত্বশীল রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতায় থাকা রাজনৈতিক দলগুলোর একটি বড় সমস্যা হলো, তারা একসময় রাষ্ট্র, সরকার, দল ও জনগণের মধ্যে পার্থক্য করতে ভুলে যায়। নিষিদ্ধ আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলেও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও দলীয় স্বার্থের মধ্যে সীমারেখা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। ক্ষমতায় থাকাকালে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিজেদের রাজনৈতিক কর্তৃত্বের অংশ হিসেবে বিবেচনা করার প্রবণতা দেখা গেছে বলে সমালোচনা রয়েছে। ক্ষমতা হারানোর পরও সেই মানসিকতা থেকে বেরিয়ে আসতে না পারলে রাজনৈতিক বাস্তবতা বোঝা কঠিন হয়ে পড়ে।

একসময় যাদের নির্দেশে প্রশাসন নড়ত, পুলিশ নামত, রাস্তা ফাঁকা হতো, এখন সেই নিয়ন্ত্রণ না থাকায় নিজেদের কর্মী-সমর্থকদের ওপরই নির্দেশ চাপিয়ে রাজনৈতিক শক্তি প্রদর্শনের চেষ্টা চলছে। এটি অনেকটা পরিত্যক্ত জমিদারবাড়ির বারান্দায় দাঁড়িয়ে পুরোনো ঘণ্টা বাজানোর মতো। ঘণ্টার শব্দ শোনা যায়, কিন্তু নির্দেশ পালন করার মতো কর্মচারী আর সেখানে নেই। 

গোপালগঞ্জের আন্দোলন সেই হারানো কর্তৃত্ব ফিরে পাওয়ার এক ব্যর্থ প্রদর্শনী বলেই প্রতীয়মান হচ্ছে। রাজনৈতিক কর্মসূচির সাফল্য নির্ধারিত হয় তার ফলাফল দিয়ে। সরকার কতটা চাপে পড়ল, জনগণের সমর্থন কতটা বাড়ল, রাজনৈতিক দাবি কতটা গ্রহণযোগ্য হলো এবং আন্দোলন কতটা সংগঠিত হলো এসবই সাফল্যের মাপকাঠি। গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতায় এসব ক্ষেত্রে কী অর্জন হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে স্থানীয় মানুষের দুর্ভোগ, ব্যবসায়িক ক্ষতি, যানবাহন চলাচলে বিঘ্ন, শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত এবং নিরাপত্তাহীনতা যে বেড়েছে, তা অস্বীকার করার সুযোগ নেই। এই পরিস্থিতির রাজনৈতিক প্রভাব গোপালগঞ্জের সীমানায় সীমাবদ্ধ থাকবে না।

শেখ হাসিনা যদি সত্যিই আগামী ডিসেম্বরে দেশে ফেরার ব্যাপারে অনড় অবস্থানে থাকেন, তাহলে গোপালগঞ্জের এই সহিংসতা তার প্রত্যাবর্তনের রাজনৈতিক পরিবেশকে আরও জটিল করে তুলতে পারে। কারণ দেশে ফেরার প্রশ্নটি শুধু একজন ক্ষমতাচ্যুত  সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সিদ্ধান্ত নয় এর সঙ্গে আইন, বিচার, রাজনৈতিক গ্রহণযোগ্যতা ও জনমতের সম্পর্ক রয়েছে। দেশের অভ্যন্তরে সহিংসতা ও নাশকতার অভিযোগ যত বাড়বে, তার প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক বিরোধিতাও তত তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

এখানে ২০২৪ সালের জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিষয়টিও গুরুত্বপূর্ণ। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের তদন্ত প্রতিবেদনে ওই সময়ের সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যুর কথা উঠে এসেছে। সেই রক্তাক্ত ইতিহাসের পরও যদি কোনো রাজনৈতিক শক্তি সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার পথ বেছে নেয়, তাহলে সাধারণ মানুষের কাছে তাদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা আদৌ থাকবে কি না সেটাই বড় প্রশ্ন। বরং তাদের অতীতের অপরাধের বিচার ও জবাবদিহির দাবি জনগনের মধ্যে এভাবে আরও জোরালো হতে পারে।

২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়। পরবর্তী সময়ে ২০২৬ সালের ৮ এপ্রিল জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী পাসের মাধ্যমে নিষেধাজ্ঞার আইনি ভিত্তি আরও দৃঢ় হয় বলে সরকারি সিদ্ধান্তে উল্লেখ করা হয়েছে। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার অভিযোগ এই নিষেধাজ্ঞা ও রাজনৈতিক জবাবদিহির প্রশ্নকে নতুন করে আলোচনায় এনেছে। তবে কোনো রাজনৈতিক দলের ভবিষ্যৎ নির্ধারণে আবেগের পরিবর্তে আইনের শাসন, প্রমাণ, বিচারিক প্রক্রিয়া ও গণতান্ত্রিক নীতিই হওয়া উচিত প্রধান ভিত্তি।

চট্টগ্রামের পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ এবং গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগও এই সহিংসতার বিস্তৃত মাত্রা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা কোন বিশেষ পরিচয়ের কারণে কারও বাড়িঘর বা সম্পদে হামলার অধিকার কারও নেই। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার নিশ্চিত করা জরুরি।

সবশেষে প্রশ্ন থেকেই যায় গোপালগঞ্জে জ্বালাও-পোড়াও করে নিষিদ্ধ আওয়ামী লীগ কী অর্জন করল? সরকারকে কি তারা দুর্বল করতে পেরেছে? শেখ হাসিনার দেশে ফেরার পথ কি সহজ করেছে? জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষগুলোর মধ্যে দূরত্ব বাড়াতে পেরেছে? নাকি উল্টো তাদের আরও কাছাকাছি আসার রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে?

রাজনীতির নামে নিজের ঘর পুড়িয়ে প্রতিপক্ষের ক্ষতি করা যায় না। বরং এতে নিজের ঘরই বেশি ক্ষতিগ্রস্ত হয়। গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক শক্তির পরিচয় দেওয়ার চেয়ে তাদের জনবিচ্ছিন্নতা, কৌশলগত দুর্বলতা এবং আত্মঘাতী রাজনৈতিক অবস্থানকেই বেশি স্পষ্ট করেছে। এই সহিংসতা তাদের কোনো দৃশ্যমান রাজনৈতিক অর্জন এনে দেয়নি বরং জনরোষ, আইনি চাপ ও রাজনৈতিক বিচ্ছিন্নতা আরও গভীর করার ঝুঁকি তৈরি করেছে।

একটি রাজনৈতিক দল কতটা শক্তিশালী, তা বোঝা যায় মানুষের আস্থা অর্জনের মাধ্যমে মানুষের দোকানের সাটার নামিয়ে, গাছ কেটে কিংবা নিজের শহরকে অবরুদ্ধ করে নয়। গোপালগঞ্জের মানুষ নিশ্চয়ই এমন রাজনীতি চান না, যেখানে রাজনৈতিক আনুগত্যের মূল্য দিতে হয় নিজের জীবিকা, নিরাপত্তা ও স্বাভাবিক জীবন বিসর্জন দিয়ে।

লেখক : কলামিস্ট
(মতামত লেখকের নিজস্ব)



কেকে/সাশ 


মতামত লিখুন:
Loading...
Loading...

খোলা মত ও সম্পাদকীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close