সম্প্রতি একটি দেশীয় গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন আমার নজরে এসেছে, যার শিরোনাম ছিল, নিজের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাই কি ধ্বংস করবে মানবজাতি। প্রশ্নটি নতুন নয়, কিন্তু আমি লক্ষ করছি, আমাদের দেশেও এখন এই প্রশ্নটি নিয়ে আলোচনা বাড়ছে। তবে এই আলোচনাটি প্রায়ই আতঙ্ক আর উচ্ছ্বাসের মাঝামাঝি কোথাও আটকে যাচ্ছে। যেহেতু আমি গত দুই দশকের বেশি সময় ধরে ফলিত কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েই কাজ করছি, সেহেতু আমি মনে করি এ বিষয়ে আমার কিছু বলার দায়িত্ব আছে। তবে শুরুতেই আমি একটি কাজ করতে চাই, আর সেটি হলো প্রশ্নটিকে ভাগ করে নেওয়া।
কারণ আমার অভিজ্ঞতায় দেখেছি, এই আলোচনায় আসলে দুটি সম্পূর্ণ আলাদা প্রশ্ন একসঙ্গে মিশে যায়। প্রথম প্রশ্নটি হলো, কৃত্রিম বুদ্ধিমত্তা কি কোনো একদিন মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে সভ্যতাকেই শেষ করে দিতে পারে? আর দ্বিতীয় প্রশ্নটি হলো, এই প্রযুক্তি আজ, এই মুহূর্তে, মানুষের বা সমাজের কী ক্ষতি করছে? আমার এই লেখায় আমি দুটি প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব, তবে আলাদা করে। কারণ দুটিকে মিলিয়ে ফেললে আমরা ভুল জায়গায় ভয় পাই, আর ঠিক জায়গায় অসতর্ক থাকি।
প্রথম প্রশ্নটি দিয়েই শুরু করি, এবং এখানে আমি আমার নিজের মতামত নয়, বরং এ পর্যন্ত হওয়া সবচেয়ে বিস্তৃত বিজ্ঞানসম্মত পর্যালোচনাটি কী বলছে, সেটিই আগে তুলে ধরব। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়েছে ইন্টারন্যাশনাল এআই সেফটি রিপোর্ট। এর সভাপতিত্ব করেছেন কানাডার মন্ট্রিয়াল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইওশুয়া বেনজিও, যিনি গভীর শিখন বা ডিপ লার্নিং গবেষণার অন্যতম পথিকৃৎ হিসেবে স্বীকৃত। প্রতিবেদনটি তৈরিতে ৩০টিরও বেশি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন, ওইসিডি ও জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থার মনোনীত শতাধিক স্বাধীন বিশেষজ্ঞ যুক্ত ছিলেন, এবং বিষয়বস্তুর ওপর তাদের পূর্ণ স্বাধীনতা ছিল। অর্থাৎ এটি কোনো একটি কোম্পানির বিপণন-দাবি নয়, এটি রাষ্ট্রগুলোর মনোনীত বিজ্ঞানীদের যৌথ মূল্যায়ন। এই প্রতিবেদনে নিয়ন্ত্রণ হারানো বা লস অব কন্ট্রোল বলতে বোঝানো হয়েছে এমন পরিস্থিতি, যেখানে এআই ব্যবস্থা কারও নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার কোনো স্পষ্ট পথ থাকে না।
এই বিষয়ে প্রতিবেদনটির মূল্যায়নটি খুবই পরিষ্কার, এবং আমি বলতে চাই এটিই আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্য। সেখানে বলা হয়েছে, বর্তমান ব্যবস্থাগুলোর এ ধরনের ঝুঁকি তৈরি করার সক্ষমতা নেই, তবে স্বয়ংক্রিয়ভাবে কাজ পরিচালনার মতো প্রাসঙ্গিক ক্ষেত্রগুলোতে সেগুলোর উন্নতি হচ্ছে।
লক্ষ করুন, একটি বাক্যে দুটি কথা একসঙ্গে বলা হয়েছে। আজকের যন্ত্র মানবজাতিকে ধ্বংস করার ক্ষমতা রাখে না, এটি একটি সত্য। আর সেই ক্ষমতার দিকে যাওয়ার দূরত্বটি ক্রমশ কমছে, এটিও সমান সত্য। বিজ্ঞান এখানে না চিৎকার করছে, না চুপ করে আছে। প্রতিবেদনটি আরও একটি সৎ স্বীকারোক্তি দিয়েছে, যা আমার কাছে বেশ প্রশংসনীয় মনে হয়েছে। সেখানে বলা হয়েছে, ২০৩০ সাল পর্যন্ত অগ্রগতির গতিপথ অনিশ্চিত; অগ্রগতি ধীর হয়ে থেমে যেতে পারে, বর্তমান গতিতে চলতে পারে, আবার নাটকীয়ভাবে বেড়েও যেতে পারে, বিশেষ করে যদি কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই এআই গবেষণাকে দ্রুততর করতে শুরু করে। এর সঙ্গে প্রতিবেদনটি একটি বাস্তব সংকটের কথাও বলেছে, যাকে তারা বলছে প্রমাণের উভয়সংকট, অর্থাৎ ঝুঁকির প্রমাণ ধীরে আসে এবং তা মূল্যায়ন করা কঠিন। আমাদের মনে রাখতে হবে, এর মানে হলো প্রমাণের জন্য অপেক্ষা করা একটি ব্যয়বহুল কৌশল হতে পারে, কারণ প্রমাণ যখন হাতে আসবে, ক্ষতি তখন হয়তো হয়ে যাবে।
এখন স্বাভাবিক প্রশ্ন আসে, বিশেষজ্ঞরা নিজেরা তাহলে কী ভাবেন? এখানে একটি বড় জরিপের কথা বলা যায়। ২০২৩ সালে শীর্ষস্থানীয় গবেষণা সম্মেলনগুলোতে প্রকাশিত নিবন্ধের লেখক, এমন ২ হাজার ৭৭৮ জন এআই গবেষকের ওপর একটি জরিপ চালানো হয়, যা এ পর্যন্ত এ ধরনের সবচেয়ে বড় জরিপ। সেখানে মাঝামাঝি উত্তরদাতার হিসাবে মানবজাতির বিলুপ্তির মতো চরম খারাপ পরিণতির সম্ভাবনা দাঁড়ায় ৫ শতাংশ। সংখ্যাটি ছোট মনে হতে পারে, কিন্তু কোনো প্রকৌশলী যদি বলেন একটি সেতুর ধসে পড়ার সম্ভাবনা ৫ শতাংশ, আমরা কেউ সেই সেতুতে উঠব না। তবে এখানে আমি সততার খাতিরে আরেকটি কথা যোগ করতে চাই, কারণ একটি সংখ্যা বলার সময় তার দুর্বলতাটুকুও বলা উচিত; নইলে সেটি তথ্য থাকে না, প্রচারণা হয়ে যায়। এই জরিপটির পদ্ধতি নিয়ে সমালোচনাও রয়েছে। কয়েকজন গবেষক যুক্তি দিয়েছেন, প্রশ্ন সাজানোর ধরনটিই উত্তরদাতাদের একটি নির্দিষ্ট দিকে ঠেলে দেয়, এবং যারা উত্তর দিয়েছেন তারা পুরো গবেষক সমাজের প্রতিনিধি নন। অতএব আমরা বলতে পারি, সংখ্যাটিকে আমি চূড়ান্ত রায় হিসেবে নয়, একটি ইঙ্গিত হিসেবেই দেখা যায়।
এবার আমি একটি কারিগরি ধারণায় আসি, যেটি বুঝলে পুরো আলোচনাটি অনেক পরিষ্কার হয়ে যাবে। এখানে ছোট্ট করে অসমান সক্ষমতা বা জ্যাগড ক্যাপাবিলিটি (jagged capability) কী, সেটি বলে রাখা উচিত। আমরা সাধারণত ভাবতে পারি, বুদ্ধিমত্তা একটি সিঁড়ির মতো, যেখানে কেউ ধাপে ধাপে ওপরে ওঠে, আর ওপরের ধাপে উঠলে নিচের সব ধাপ তার আয়ত্তে থাকে।বুদ্ধিমত্তা যন্ত্রের ক্ষেত্রে ব্যাপারটি মোটেও তা নয়। আজকের বুদ্ধিমত্তা উচ্চতর গণিত বা জটিল প্রোগ্রামিংয়ের মতো কঠিন কাজ অনায়াসে করে ফেলছে, অথচ একই যন্ত্র একটি ছবিতে কয়টি বস্তু আছে তা গুনতে ভুল করছে, ত্রিমাত্রিক জায়গা সম্পর্কে ধারণা করতে পারছে না, আর দীর্ঘ কাজের মাঝপথে সামান্য ভুল হলে সেখান থেকে নিজে বেরিয়ে আসতে পারছে না। যাহোক, তো এই অসমতাই ব্যাখ্যা করে কেন বুদ্ধিমত্তা যন্ত্রটি একই সঙ্গে বিস্ময়কর এবং অনির্ভরযোগ্য, এবং কেন কোনো একটি পরীক্ষায় ভালো নম্বর দেখে তার সার্বিক যোগ্যতা সম্পর্কে সিদ্ধান্তে আসা অতি বিপজ্জনক।
এই অসমতার প্রশ্নটি আরও গুরুতর হয়ে ওঠে যখন আমরা এজেন্টিক এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) বা স্বয়ংক্রিয় কর্মসম্পাদনকারী ব্যবস্থার কথা ভাবি। এখানে পার্থক্যটি সহজ: প্রচলিত এআই আপনার প্রশ্নের উত্তর দেয়, আর এজেন্ট আপনার হয়ে কাজটি করে ফেলে, যেমন নিজে থেকে তথ্য খোঁজে, ফাইল বদলায় বা অর্থ পরিশোধ করে। প্রতিবেদনটি স্পষ্ট করেই বলছে, এজেন্টরা বাড়তি ঝুঁকি তৈরি করে, কারণ তারা স্বাধীনভাবে কাজ করে, ফলে ক্ষতি হয়ে যাওয়ার আগে মানুষের পক্ষে হস্তক্ষেপ করা কঠিন হয়ে পড়ে। আর বর্তমান কৌশলগুলো ব্যর্থতার হার কমাতে পারলেও, উচ্চঝুঁকির অনেক ক্ষেত্রে যে মাত্রার নির্ভুলতা দরকার, সেই মাত্রায় নামাতে পারছে না। আমি আমার নিজের গবেষণার অভিজ্ঞতা থেকে বলতে পারি, সমস্যাটি যন্ত্রের বুদ্ধি নয়, সমস্যাটি গতি সম্পর্কিত। মানুষ যখন কোনো ভুল ধরতে পারে, এআই এজেন্ট ততক্ষণে পরের দশটি পদক্ষেপ নিয়ে ফেলেছে বা কাজ করতে সক্ষম।
এই জায়গা থেকেই আমি এমন একটি তথ্যে আসতে চাই, যেটি আমার নিজের গবেষণার ক্ষেত্রের সঙ্গে সরাসরি যুক্ত এবং যেটি আমাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে। প্রতিবেদনটিতে মূল্যায়নের ফাঁক বা ইভ্যালুয়েশন গ্যাপ নিয়ে বলা হয়েছে, বাজারে ছাড়ার আগে নেওয়া পরীক্ষার ফল দিয়ে বাস্তব জগতের উপযোগিতা বা ঝুঁকি নির্ভরযোগ্যভাবে অনুমান করা যায় না। এর চেয়েও গুরুতর যে কথাটি সেখানে রয়েছে তা হলো, মডেলগুলোর পক্ষে পরীক্ষার পরিবেশ আর বাস্তব ব্যবহারের পরিবেশের পার্থক্য বুঝে ফেলা এবং মূল্যায়নের ফাঁকফোকর খুঁজে বের করা এখন আগের চেয়ে বেশি দেখা যাচ্ছে। যার ফলে বিপজ্জনক সক্ষমতা বাজারে ছাড়ার আগেই অশনাক্ত থেকে যেতে পারে। আমি বিষয়টি আরও সহজ করে বলি। এআই যন্ত্রটি বুঝতে পারছে, এখন তার পরীক্ষা চলছে, এবং সেই অনুযায়ী আচরণ করছে। পরীক্ষার হলে এক রকম, বাইরে আরেক রকম। অতএব আমাদের হাতে যে নম্বরটি আসছে, সেটি যন্ত্রের প্রকৃত চরিত্রের নির্ভুল পরিমাপ নাও হতে পারে। আমার দৃঢ় বিশ্বাস, আজকের দিনে এটিই সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, কল্পবিজ্ঞানের ধ্বংসযজ্ঞ নয়।
এবার আসি দ্বিতীয় প্রশ্নে, অর্থাৎ আজ এই মুহূর্তে কী ঘটছে, এবং এখানে আর কোনো অনিশ্চয়তা নেই। একই প্রতিবেদন বলছে, প্রতারণা, জালিয়াতি, ব্ল্যাকমেল এবং সম্মতি ছাড়া বানানো আপত্তিকর ছবি, এসব ক্ষতি ইতিমধ্যেই নথিভুক্ত, যদিও এর ব্যাপকতা ও তীব্রতা নিয়ে পদ্ধতিগত তথ্য এখনো সীমিত। সাইবার নিরাপত্তার ক্ষেত্রে একটি প্রতিযোগিতায় একটি এআই এজেন্ট প্রকৃত সফটওয়্যারে থাকা দুর্বলতার ৭৭ শতাংশ শনাক্ত করতে পারে। আর অপরাধী চক্র ও রাষ্ট্রসংশ্লিষ্ট আক্রমণকারীরা সক্রিয়ভাবে এই প্রযুক্তি তাদের কাজে ব্যবহার করছে।
পরীক্ষামূলক পরিবেশে আরও দেখা গেছে, এআইয়ের লেখা মানুষের বিশ্বাস বদলে দেওয়ার ক্ষেত্রে মানুষের লেখার মতোই কার্যকর। উদাহরণস্বরূপ আমাদের নিজের অভিজ্ঞতাটিই ধরা যাক। গত নির্বাচনকে ঘিরে একটি আন্তর্জাতিক বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে এআই দিয়ে বানানো বা বদলানো কনটেন্টের ৭২টি ঘটনা শনাক্ত হয়েছে, আর সবচেয়ে বেশি ব্যবহৃত কৌশলটি ছিল পরিচিত গণমাধ্যমের নাম ও লোগো নকল করে বানানো ভুয়া ফটোকার্ড। লক্ষ করার বিষয় হলো, এই আক্রমণ কোনো একটি দলের ওপর হয়নি, প্রায় সব পক্ষই এর শিকার হয়েছে। অর্থাৎ এগুলো ভবিষ্যতের আশঙ্কা নয়, এগুলো পরিমাপ করা বাস্তবতা।
এখন আমরা আসি সেই প্রশ্নে, যেটি আমাদের পাঠকদের মনে সবচেয়ে বেশি ঘোরে, অর্থাৎ চাকরির প্রশ্নে। এখানেও প্রতিবেদনটি অতিরঞ্জন করেনি। সেখানে বলা হয়েছে, প্রাথমিক তথ্য-প্রমাণে সামগ্রিক কর্মসংস্থানে কোনো প্রভাব দেখা যায়নি, তবে যেসব পেশা এই প্রযুক্তির সংস্পর্শে বেশি এসেছে, সেখানে ক্যারিয়ারের শুরুর দিকের কর্মীদের চাহিদা কমে যাওয়ার কিছু লক্ষণ দেখা যাচ্ছে। অর্থনীতিবিদেরা ভবিষ্যৎ প্রভাবের মাত্রা নিয়ে একমত নন; কেউ মনে করেন নতুন কাজ তৈরি হয়ে ক্ষতি পুষিয়ে যাবে, আবার কেউ মনে করেন ব্যাপক স্বয়ংক্রিয়করণ কর্মসংস্থান ও মজুরি দুটোই কমিয়ে দিতে পারে। আমি মনে করি, বাংলাদেশের মতো তরুণপ্রধান দেশের জন্য এই একটি তথ্যই সবচেয়ে বেশি মনোযোগ দাবি করে। কারণ আমাদের অর্থনীতির ভরসা তরুণেরা, আর ঝুঁকিটি ঠিক তাঁদের ওপরেই পড়ছে, যাঁরা সবে কাজে ঢুকছেন। অতএব আমাদের নীতি-আলোচনার কেন্দ্রে রোবটের বিদ্রোহ নয়, বরং শিক্ষানবিশ পর্যায়ের কাজগুলো টিকিয়ে রাখা এবং নতুন দক্ষতায় তরুণদের প্রস্তুত করাই থাকা উচিত।
অতএব আমি স্পষ্ট করেই বলতে চাই যে বাংলাদেশের জন্য আজ জরুরি প্রশ্নটি হলো দ্বিতীয় তালিকাটি, প্রথমটি নয়। রোবট বা এআই এসে আমাদের শেষ করে দেবে কি না, সেই দুশ্চিন্তায় সময় দেওয়ার আগে আমাদের দেখা দরকার, আমাদের মানুষ প্রতিদিন কত টাকার অনলাইন প্রতারণার শিকার হচ্ছেন। আমাদের নারী ও কিশোরীরা কত ভুয়া ছবির শিকার হচ্ছেন, আমাদের ব্যাংক ও সরকারি দপ্তরের তথ্যব্যবস্থা কতটা অরক্ষিত। আর আমাদের জাতীয় আলোচনায় প্রতিদিন কত মিথ্যা ঢুকে পড়ছে। এগুলোর প্রতিটির সমাধান আজই শুরু করা সম্ভব, এবং এগুলোর জন্য কোনো ভবিষ্যদ্বাণীর দরকার নেই।
অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কি দূরের ঝুঁকি নিয়ে একদম ভাবারই দরকার নেই? আমি তা বলছি না। এবং এখানেই আমি সতর্ক থাকতে চাই। প্রতিবেদনটি জীবাণু ও রাসায়নিক অস্ত্রের প্রসঙ্গে উল্লেখ করেছে, নির্মাতারা এই সম্ভাবনা বাতিল করতে পারেননি যে তাদের মডেল এ বিষয়ে অনভিজ্ঞ কাউকে এ ধরনের অস্ত্র তৈরিতে সহায়তা করতে পারে। এ ধরনের ঝুঁকি কম সম্ভাবনার, কিন্তু ঘটে গেলে ক্ষতি অপূরণীয়। অতএব যুক্তিসঙ্গত অবস্থানটি হলো, কাছের ক্ষতি সামলাও এখনই, আর দূরের ঝুঁকির জন্য নিয়মিত নজরদারির ব্যবস্থা রাখো। দুটির মধ্যে একটি বেছে নেওয়ার দরকার নেই, এবং যাঁরা বেছে নিতে বলেন, তারা আলোচনাটিকেই সংকীর্ণ করে ফেলেন।
বিশ্ব মোটামুটি এই পথেই হাঁটছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে নয়াদিল্লিতে অনুষ্ঠিত এআই ইমপ্যাক্ট সামিটে ৮৮টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা নয়াদিল্লি ঘোষণাপত্র গ্রহণ করেছে, যা মানবকেন্দ্রিক ও অন্তর্ভুক্তিমূলক এআই উন্নয়নের নীতিকে সামনে রেখেছে। আমি এটিকে ইতিবাচক পদক্ষেপ মনে করি, তবে একটি কথা স্পষ্টভাবে বলা দরকার, ঘোষণাপত্রটি বাধ্যতামূলক নয়। অর্থাৎ পথ দেখানো হয়েছে, কিন্তু হাঁটতে হবে যার যার দেশকেই। আমাদের দেশেও জাতীয় এআই নীতিমালার একটি খসড়া জনমত যাচাইয়ের জন্য প্রকাশিত হয়েছে, যেখানে ঝুঁকি অনুযায়ী শ্রেণিবিভাগের কথা আছে। আমি মনে করি কাজটি এগিয়ে নেওয়া দরকার, তবে নীতিমালা লেখা তুলনামূলক সহজ অংশ। কঠিন অংশটি হলো যাচাইয়ের সক্ষমতা গড়ে তোলা, অর্থাৎ কোনো এআই ব্যবস্থা স্বাস্থ্য, শিক্ষা, ব্যাংকিং বা নাগরিক সেবায় কেনার আগে আমাদের নিজের ভাষা ও নিজের তথ্য দিয়ে সেটি স্বাধীনভাবে পরীক্ষা করার যোগ্যতা। বিক্রেতার দেওয়া নম্বর কখনোই যথেষ্ট প্রমাণ নয়, আর উপরে যে মূল্যায়নের ফাঁকের কথা বললাম, সেটি এই দাবিকে আরও জোরালো করে।
এখানেই আমি আমাদের তরুণ প্রজন্মের কথা বলতে চাই, এবং আসুন বিষয়টি সুযোগের দিক থেকে দেখি। এই যে মূল্যায়নের ফাঁকের কথা বললাম, এটি বিশ্বজুড়ে একটি নতুন পেশার জগৎ তৈরি করছে। মডেল মূল্যায়ন বিশেষজ্ঞ, এআই নিরীক্ষক, রেড-টিম গবেষক, অর্থাৎ যারা ইচ্ছে করে যন্ত্রকে ভাঙার চেষ্টা করে তার দুর্বলতা খুঁজে বের করেন, এআই নীতি ও নৈতিকতা বিশ্লেষক, ডেটা প্রোটেকশন অফিসার এবং বাংলা ভাষার ডেটা অ্যানোটেটর, এ রকম বহু পদ এখন তৈরি হচ্ছে। অথচ এসব পদের নাম দশ বছর আগে বাংলাদেশে কেউ উচ্চারণও করত না। আমি আমাদের তরুণদের বলব, আতঙ্কিত হওয়ার বদলে এই জায়গাটিতে দক্ষতা গড়ে তুলুন, কারণ যে দেশ যন্ত্র যাচাই করতে জানে, সে দেশই যন্ত্রের মালিক থাকে; আর যে দেশ কেবল যন্ত্র কেনে, সে দেশ ভাড়াটে থেকে যায়।
স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আশির দশকেই অনুধাবন করেছিলেন যে, প্রযুক্তি ও দক্ষ জনশক্তি ছাড়া বাংলাদেশের মুক্তি নেই, এবং সেই উপলব্ধি থেকেই তিনি দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পরিকল্পনা নিয়েছিলেন। সেই ধারাবাহিকতাতেই আজ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার রোডম্যাপ ধরে রাষ্ট্রকাঠামো মেরামতের কাজ চলছে, যার ৩০তম দফা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কথা বলে। আমি মনে করি, এআই যাচাইয়ের একটি জাতীয় সক্ষমতা গড়ে তোলা সেই লক্ষ্যেরই স্বাভাবিক অংশ হওয়া উচিত, এবং এটি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে সঙ্গে নিয়েই করা সম্ভব।
শেষ করার আগে পাঠকদের উদ্দেশে আমার ছোট্ট অনুরোধটি বলি। এআই নিয়ে যে খবরই আপনার সামনে আসুক, সেটি ভয়ের হোক বা উচ্ছ্বাসের, দুটি প্রশ্ন করুন। এক, এই দাবিটির উৎস কে, কোনো কোম্পানি নাকি স্বাধীন গবেষক বা আন্তর্জাতিক বিজ্ঞানী প্যানেল? দুই, দাবিটি আজকের প্রমাণিত ঘটনা নিয়ে, নাকি ভবিষ্যতের অনুমান নিয়ে? এই দুটি প্রশ্নই আপনাকে অধিকাংশ অতিরঞ্জন থেকে বাঁচাবে। আর আমার নিজের উত্তরটি সংক্ষেপে এই। কৃত্রিম বুদ্ধিমত্তা আজ মানবজাতিকে ধ্বংস করার ক্ষমতা রাখে না, কিন্তু মানুষের হাতে পড়ে এটি আজই মানুষের ক্ষতি করছে। অতএব ভয়টি যন্ত্রকে নয়, আমাদের নিজেদের অসতর্কতাকেই করা উচিত। এআই মানুষের বিকল্প নয়, সহায়ক, এই কথাটি আমি বারবার বলি, এবং সহায়ক যন্ত্রটিকে নিয়ন্ত্রণে রাখার দায়িত্বও মানুষেরই।
ভবিষ্যতে আরও এধরনের লেখা নিয়ে সবার সামনে আসার প্রত্যাশা নিয়ে শেষ করছি।
ধন্যবাদ সবাইকে।
তথ্যসূত্র
১. প্রথম আলো, ভিডিও প্রতিবেদন, 'নিজের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাই কি ধ্বংস করবে মানবজাতি?', ২০ নভেম্বর ২০২৬। prothomalo.com/video/international/tsq8eza5fx
২. ইন্টারন্যাশনাল এআই সেফটি রিপোর্ট ২০২৬, নির্বাহী সারসংক্ষেপ, সভাপতি অধ্যাপক ইওশুয়া বেনজিও, ৩ ফেব্রুয়ারি ২০২৬। internationalaisafetyreport.org/publication/2026-report-executive-summary
৩. Grace K. ও অন্যান্য, 'Thousands of AI Authors on the Future of AI', ২ হাজার ৭৭৮ জন গবেষকের জরিপ। arxiv.org/abs/2401.02843
৪. এআই ঝুঁকিবিষয়ক জরিপের পদ্ধতি ও কাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে সমালোচনা, সায়েন্টিফিক আমেরিকান। scientificamerican.com/article/ai-survey-exaggerates-apocalyptic-risks
৫. Zulker Naeen, 'How artificial intelligence and synthetic reality shaped Bangladesh's 2026 election', গ্লোবাল ভয়েসেস, ১ এপ্রিল ২০২৬। globalvoices.org/2026/04/01/how-artificial-intelligence-and-synthetic-reality-shaped-bangladeshs-2026-election
৬. এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬ ও নয়াদিল্লি ঘোষণাপত্র গ্রহণ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি, ভারত সরকার, ফেব্রুয়ারি ২০২৬। negd.gov.in/press_release/ai-impact-summit-2026-concludes-with-adoption-of-new-delhi-declaration
৭. বাংলাদেশের জাতীয় এআই নীতিমালার খসড়া প্রকাশ ও জনমত যাচাই সংক্রান্ত প্রতিবেদন, দ্য ডেইলি স্টার। thedailystar.net/business/economy/news/draft-ai-policy-targets-innovation-better-public-services-4090431
৮. প্রথম আলো, 'বিএনপির ৩১ প্রতিশ্রুতি', ১৩ জুলাই ২০২৩। prothomalo.com/politics/31yb9e4k2s
লেখক: প্রফেসর অফ বিজনেস এনালিটিক্স এন্ড অ্যাপ্লাইড এআই,
উপপরিচালক, সেন্টার ফর অ্যাপ্লাইড এন্ড রেস্পন্সিবল এআই,
নিউক্যাসল ইউনিভার্সিটি, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া।
ভারপ্রাপ্ত সভাপতি, জাতীয়তাবাদী আইসিটি ফোরাম এবং বিএনপি চেয়ারম্যানের বহিঃবিশ্বে শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী পেশাজীবী এক্সপার্টিজ গ্রুপের সদস্য।
কেকে/সাশ