মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রপ্তানির সম্ভাবনা তুলে ধরতে ২৬ নভেম্বর শুরু প্রাণিসম্পদ সপ্তাহ      ● দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ      ● অভিনেতা সোহেল খান আর নেই       ● শেখ হাসিনার জন্য এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা: চিফ প্রসিকিউটর      ● মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ১৮ কারখানায়      ● বাস্তবতা ও প্রত্যাশা এক নয়, শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে হুমায়ুন কবির      ● ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা      
খোলা মত ও সম্পাদকীয়
রোহিঙ্গা গণহত্যার রায় : ন্যায়বিচার থেকে বাস্তবায়নের চ্যালেঞ্জ
মো. আরিফ উল্লাহ
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১:৫২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নিজ দেশে একদিন নিরাপদে ফিরতে পারবেন, এই আশায় বছরের পর বছর অপেক্ষা করছে গোঁটা রোহিঙ্গা সম্প্রদায়। তাদের সেই অপেক্ষা কি এবার শেষ হবে, নাকি ন্যায়বিচারের এই রায়ও বাস্তবায়নের অপেক্ষায় থেকে যাবে? ১৯ নভেম্বর ২০২৬ তারিখে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার করা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা সংঘটনের দায় নির্ধারণ করেছে। সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গা ও অনেক মুসলিম দেশ এবং মানবিক সকল দেশ এই রায়ের অপেক্ষায় ছিল। এই প্রথম আন্তর্জাতিক বিচার আদালত কোনো রাষ্ট্রকে গণহত্যা সংঘটনের জন্য দায়ী করা হয়েছে।

কিন্তু রায় ঘোষণার পর নতুন আরেকটি প্রশ্ন সামনে এসেছে তা হলো এই রায় বাস্তবে কতটা কার্যকর হবে? রোহিঙ্গারা কি তাদের হারানো অধিকার ফিরে পাবেন? পারবে কি নিজ দেশে নিরাপদে বসবাস করতে? অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের কি বিচারের আওতায় আনতে পারবে আইসিজে? এসব প্রশ্নের উত্তর এখনো নিশ্চিত নয়। কারণ আন্তর্জাতিক আদালতের রায় পাওয়া এবং সেই রায় বাস্তবায়ন করা এক নয়। কারণ বাস্তবায়নে বাধা হতে পারে আন্তর্জাতিক রাজনীতি, রাষ্ট্রগুলোর নিজস্ব স্বার্থ এবং মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি। আন্তর্জাতিক রাজনীতি ও রাষ্ট্রগুলোর নিজস্ব স্বার্থ থেকে বের হয়ে আসতে না পারলে এই রায় বাস্তবায়ন সম্ভব নয়।

আমরা এমন অনেক ঐতিহাসিক রায় দেখেছি, যা বিভিন্ন রাষ্ট্রের অসহযোগিতা, ভূরাজনৈতিক পরিস্থিতি এবং রাষ্ট্রগুলোর স্বার্থ নষ্ট হওয়ার কারণে বাস্তবায়িত হয়নি। আমরা Nicaragua v. United States (1986) মামলার কথা বলতে পারি, যেখানে আইসিজে রায় দিয়েছিল, যুক্তরাষ্ট্র নিকারাগুয়ার বিরুদ্ধে সামরিক ও আধাসামরিক কর্মকাণ্ডের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। কিন্তু যুক্তরাষ্ট্র একপ্রকার নিজের ক্ষমতা প্রদর্শন করে ওঈঔ-এর এখতিয়ার নিয়ে আপত্তি তোলে এবং আদালতের নির্ধারিত ক্ষতিপূরণ প্রদান করেনি।

এছাড়াও আমরা দক্ষিণ আফ্রিকা বনাম ইসরায়েল (২০২৩) মামলার কথা বলতে পারি। এই মামলায় আদালত ২০২৪ সালে আইসিজের অন্তর্বর্তীকালীন নির্দেশনা হিসেবে ইসরায়েলকে গণহত্যা সনদের অধীনে ফিলিস্তিনিদের সুরক্ষা দেওয়া, গণহত্যার ঝুঁকি প্রতিরোধ, মানবিক সহায়তা নিশ্চিত করা এবং আদালতের নির্দেশনা মেনে চলার আদেশ দেয়। কিন্তু বাস্তবতা কী, তা আমরা সবাই দেখছি। ইসরায়েল আদালতের নির্দেশনা নিজের ইচ্ছেমতো অবহেলা করছে।

এখন প্রশ্ন হলো, রায় বাস্তবায়নে আসলে বাধা কোথায়? যেসব রায় এখনো বাস্তবায়িত হয়নি, সেসব রায় বিবেচনা করলে আমরা কিছু কারণ সহজেই পাই। যেমন, আইসিজের নিজস্ব প্রয়োগকারী সামরিক বা বেসামরিক বাহিনী না থাকা। এর ফলে আদালত কোনো রাষ্ট্রকে সরাসরি রায় মানতে বাধ্য করতে বা শাস্তি দিতে পারে না। জাতিসংঘ সনদের ৯৪(২) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাষ্ট্র আদালতের রায় বাস্তবায়নে ব্যর্থ হলে অপর পক্ষ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হতে পারে। তবে নিরাপত্তা পরিষদ কী ধরনের ব্যবস্থা নেবে, তা তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। এখানে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা রায় বাস্তবায়নের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। প্রভাবশালী রাষ্ট্রগুলোর ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রাজনৈতিক সিদ্ধান্ত অনেকাংশে রায় বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়ায়। অভিযুক্ত রাষ্ট্রের সদিচ্ছার অভাব, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট এবং আন্তর্জাতিক আইনের প্রয়োগে দ্বৈতনীতিকে রায় বাস্তবায়িত না হওয়ার প্রধান কারণ হিসেবে আখ্যায়িত করতে পারি।

কিন্তু আমাদের মনে রাখতে হবে, রায় বাস্তবায়নে প্রধান বাধা হতে পারে মিয়ানমার। কারণ এরই মধ্যে তারা এই রায়কে প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে। অন্যদিকে মিয়ানমারের সামরিক বাহিনী ও রাজনৈতিক পরিস্থিতি প্রধান বাধা, কারণ তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানই যদি রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ন্ত্রণ করে, তাহলে নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত হওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। বর্তমানে রাখাইন রাজ্যে সংঘাতের কারণে যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, তাতে নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো মৌলিক অধিকার নিশ্চিত না হওয়ার ঝুঁকি রয়েছে। এর কারণে প্রত্যাবাসন অনিশ্চিত হতে পারে। মিয়ানমার আন্তর্জাতিক তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় সহযোগিতা না করলে অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা কঠিন হবে। এ ছাড়া মিয়ানমার কূটনৈতিক চাপে রায় মেনে নিলেও বাস্তবে তা কার্যকর না করতে পারে। সেক্ষেত্রে রোহিঙ্গাদের জন্য এই রায় কেবল স্বীকৃতি হয়েই থেকে যাবে।

এত বাধা অতিক্রম করতে হলে আমাদের যেসব পদক্ষেপ নিতে হবে, তার মধ্যে প্রথমটি হলো কূটনৈতিক তৎপরতা বাড়ানো। গাম্বিয়ার সঙ্গে কূটনৈতিক ও আইনি সহযোগিতা বাড়াতে হবে এবং রায় বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ ও আন্তর্জাতিক যোগাযোগ জোরদার করতে হবে। এ ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি জাতীয় পর্যায়ের টাস্কফোর্স গঠন করা যেতে পারে। প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশকে স্পষ্ট অবস্থান তুলে ধরতে হবে, যাতে ভবিষ্যতে নতুন কোনো অজুহাতে রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠানোর সাহস না করে। উখিয়া ও টেকনাফের স্থানীয় মানুষের ক্ষতি বিবেচনায় নিয়ে তাঁদের জন্য বিশেষ উন্নয়ন কর্মসূচি নিতে হবে।

যেহেতু রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, তাই এ সংকট সমাধানে জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা ও প্রভাবশালী দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। পরিস্থিতি বিবেচনায় রায় বাস্তবায়নে জাতিসংঘ সনদের ৯৪(২) অনুচ্ছেদ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করতে হবে। তবে চীন ও রাশিয়া ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে। তাই জাতিসংঘ সাধারণ পরিষদেও বিষয়টি তুলে ধরে সদস্যরাষ্ট্রগুলোর সমর্থন আদায় করতে হবে।

আসিয়ানসহ চীন, ভারত ও রাশিয়াকে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়াতে হবে। গণহত্যা ও নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে অপরাধের প্রমাণ সংরক্ষণ, সাক্ষীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক তদন্তে সহযোগিতা নিশ্চিত করতে হবে। এ ছাড়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও পুনর্বাসনের জন্য আন্তর্জাতিক অর্থায়নের ব্যবস্থা করতে হবে। এ লক্ষ্যে জাতিসংঘ, বিশ্বব্যাংক ও উন্নয়ন সহযোগী দেশগুলোর উদ্যোগে একটি তহবিল গঠন করা যেতে পারে।

সব মিলিয়ে, আইসিজের এই রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে শুধু রায় পেলেই হবে না, এর বাস্তবায়ন নিশ্চিত করতে বাংলাদেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে কাজ করতে হবে। অন্যথায় রোহিঙ্গাদের জন্য এই রায় কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ রয়ে যাবে।

লেখক: কোস্টাল কমিউনিটি ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার 


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  রোহিঙ্গা গণহত্যার রায়  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলা মত ও সম্পাদকীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close