বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ইলিয়াস আলী-সালাহউদ্দিনসহ গুমের ঘটনায় তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর      ● ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তার ৬      ● গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ      ● গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ      ● সিলেটে হোটেল থেকে বদির দুই ভাই, ছেলে ও কাউন্সিলর আটক      ● ভোটাভুটিতে পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ      
খোলা মত ও সম্পাদকীয়
ব্যাংক খাত বাঁচাতে কঠোর পদক্ষেপ নিন
সম্পাদকীয়
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:৪৭ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

তৃতীয় প্রান্তিকে প্রভিশন ঘাটতি চার হাজার কোটি টাকা কমে দুই লাখ ১৮ হাজার কোটি টাকায় নামলেও এতে স্বস্তির কোনো কারণ নেই। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে ১৮ লাখ ৫৬ হাজার কোটি টাকার মোট ঋণের মধ্যে খেলাপি ঋণ ছয় লাখ ২৭ হাজার কোটি টাকা, অর্থাৎ ৩৩ দশমিক ৮০ শতাংশ। সরকারি ব্যাংকগুলোর পরিস্থিতি আরও শোচনীয়। সেখানে খেলাপির হার ৪৬ দশমিক ৫৯ শতাংশ এবং প্রভিশন ঘাটতি প্রায় ৭৪ হাজার কোটি টাকা।

জনগণের আমানতে পরিচালিত প্রতিষ্ঠানে প্রায় অর্ধেক ঋণ আদায়ের অযোগ্য হয়ে পড়া কেবল আর্থিক ব্যর্থতা নয়, জবাবদিহির গুরুতর ঘাটতিরও প্রমাণ। ২০০৯ সালের জানুয়ারিতে খেলাপি ঋণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা, যা ২০২৪ সালের জুনে বেড়ে দাঁড়ায় দুই লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকায়। এই দীর্ঘ সময়ের ঋণ জালিয়াতি, ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ বিতরণ ও অনিয়মের চিত্র কেন্দ্রীয় ব্যাংকের অনুসন্ধানে সামনে এসেছে।

প্রকৃত চিত্র প্রকাশ করা প্রয়োজন ছিল, কিন্তু রোগ নির্ণয়ের পর কার্যকর চিকিৎসা কোথায়? পুনঃতফসিল ও এক্সিট পলিসির মতো সুবিধা দেওয়া হলেও খেলাপি ঋণ কমার দৃশ্যমান অগ্রগতি নেই। এ থেকে বোঝা যায়, ঋণখেলাপিদের একটি অংশ সুযোগ পেয়েও পরিশোধে আগ্রহী নয়, আরেকটি অংশ পরিশোধের সক্ষমতাই হারিয়েছে। দুই ধরনের সমস্যাকে একই সমাধানে মেটানোর চেষ্টাই সম্ভবত ব্যর্থতার মূল কারণ। এ অবস্থায় সরকারের উচিত ইচ্ছাকৃত খেলাপি ও জালিয়াতদের তালিকা প্রকাশ করে তাদের সম্পদ জব্দ, বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ও ফৌজদারি মামলার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে আইন প্রয়োগ নিশ্চিত করা। অর্থঋণ আদালতে মামলা নিষ্পত্তির সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে প্রয়োজনে অতিরিক্ত বিচারক ও বিশেষ বেঞ্চ গঠন করাও জরুরি। পুনঃতফসিল ও এক্সিট সুবিধা যেন কেবল প্রকৃত সমস্যাগ্রস্ত উদ্যোক্তারা পান, তা নিশ্চিত করতে স্পষ্ট মানদণ্ড ও নিরীক্ষা ব্যবস্থা থাকতে হবে।

বিশেষায়িত ঋণ আদায় ইউনিটকে দক্ষ জনবল, পর্যাপ্ত ক্ষমতা ও বাহ্যিক প্রভাবমুক্ত পরিবেশ দিয়ে কার্যকর করতে হবে এবং তার ত্রৈমাসিক অগ্রগতি জনসমক্ষে প্রকাশ করতে হবে। সরকারি ব্যাংকে ঋণ অনুমোদনে রাজনৈতিক প্রভাব বন্ধ করে পেশাদার পরিচালনা কাঠামো গড়ে তোলা এবং অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। প্রভিশন ঘাটতি পূরণে কত অর্থ লাগবে, তার উৎস কী এবং করদাতার ওপর এর বোঝা কতটা পড়বে, তা জনগণকে জানাতে হবে। টিকে থাকার সক্ষমতা হারানো ব্যাংকগুলোর ক্ষেত্রে আমানতকারীর স্বার্থ রক্ষা করে একীভূতকরণ, পুনর্গঠন বা অবসায়নের মতো সিদ্ধান্ত বিলম্ব না করে নিতে হবে। একই সঙ্গে ঋণ প্রবৃদ্ধি দুই বছর ধরে ৫ শতাংশের নিচে থাকায় প্রকৃত উদ্যোক্তাদের জন্য সহায়ক নীতি ও ব্যবসার পরিবেশ নিশ্চিত করা দরকার, যাতে বিনিয়োগ পুনরুজ্জীবিত হয়।

ব্যাংক খাত অর্থনীতির রক্তসঞ্চালন ব্যবস্থা, আর সেই ব্যবস্থায় প্রতি তিন টাকার এক টাকা আটকে থাকলে সুস্থ অর্থনীতি আশা করা যায় না। প্রভিশন ঘাটতির সামান্য কমা সাফল্য নয়, বরং সংস্কারের গতি যে যথেষ্ট নয়, তারই সতর্কবার্তা।

তাই ঘোষণার রাজনীতি থেকে বেরিয়ে এসে সরকারকে এখনই সময়বদ্ধ, পরিমাপযোগ্য ও জবাবদিহিমূলক পদক্ষেপ নিতে হবে। জনগণের আমানত ও দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে আর কোনো আপস বা বিলম্বের সুযোগ নেই।


কেকে/সাশ



আরও সংবাদ   বিষয়:  ব্যাংক খাত  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলা মত ও সম্পাদকীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close