দীর্ঘ দর-কষাকষির পর তৈরি পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে মজুরি বোর্ড। এটি আগের তুলনায় ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ বেশি। ১ ডিসেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর হওয়ার কথা। কিন্তু সিদ্ধান্তের ঘোষণা আসতেই গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জের রাস্তায় যে চিত্র দেখা গেল, তা উদ্বেগজনক। মহাসড়ক অবরোধ হয়েছে, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে, ইটপাটকেলে পুলিশ ও আনসার সদস্যরা আহত হয়েছেন। এর আগের দিন সাউন্ড গ্রেনেডের শেলের আঘাতে দুই নারী শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
একটি মজুরি-সিদ্ধান্ত যখন বিরোধ মেটানোর বদলে নতুন সংঘাতের জন্ম দেয়, তখন সিদ্ধান্তের ন্যায্যতার পাশাপাশি তার প্রক্রিয়া ও বাস্তবায়নের দিকেও নজর দিতে হয়। সংকটের মূলে রয়েছে দুই পক্ষের অবস্থানের ব্যবধান এবং আস্থার ঘাটতি। বোর্ডের সভায় মালিকপক্ষ ১৭ হাজার ও শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার সংশোধিত প্রস্তাব দেয়। উভয় পক্ষ অনড় থাকলে বোর্ডের চেয়ারম্যান ভোটাভুটির সিদ্ধান্ত নেন। ব্যবধান মাত্র এক হাজার টাকার হলেও মাঠের শ্রমিকদের অসন্তোষ তাতে থামেনি।
শ্রমিকদের একটি অংশের বক্তব্য, বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি নির্ধারিত হয়নি। শ্রমিক নেতারা বলছেন, ঘোষণা এলেও গেজেট প্রকাশ হয়নি, ফলে মূল বেতন কতটা বাড়ল এবং বার্ষিক ইনক্রিমেন্ট কত হবে, তা অস্পষ্ট। এই অনিশ্চয়তাই সন্দেহ ও ক্ষোভের জন্ম দিয়েছে। অন্যদিকে মালিকপক্ষের যুক্তি, শিল্পের সক্ষমতা ও দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ত এসেছে। দুই পক্ষের যুক্তিই একেবারে অমূলক নয়। জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির চাপে শ্রমিকের সংসার চালানো কঠিন, আবার আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার চাপে কারখানা মালিকদের সক্ষমতারও সীমা আছে।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির হিসাবে ১৭ হাজার ৫৬৮ টাকা ন্যূনতম মজুরির সুপারিশ করেছিল, যা বোর্ডের সিদ্ধান্তের কাছাকাছি। অর্থাৎ নির্ধারিত অঙ্কটি পুরোপুরি অযৌক্তিক নয়, তবে এ নিয়ে শ্রমিকদের আস্থা অর্জনের কাজটি অসম্পূর্ণ থেকে গেছে।
এই অস্থিরতার অর্থনৈতিক মূল্য ইতোমধ্যে দৃশ্যমান। বিভিন্ন সংবাদ মাধ্যমের অনুযায়ী তথ্যানুযায়ি গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জে মোট ১১৮টি কারখানা বন্ধ ছিল। কোথাও সাধারণ ছুটি, কোথাও অনির্দিষ্টকালের বন্ধ। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট লেগেছে। প্রতিটি দিনের উৎপাদন বন্ধ মানে শিপমেন্টে দেরি, ক্রেতার কাছে প্রতিশ্রুত সময় রক্ষায় ব্যর্থতা এবং ক্ষেত্রবিশেষে অর্ডার হারানোর ঝুঁকি। এর সঙ্গে আছে ভাঙচুরের ক্ষতি, পরিবহন ও সরবরাহ ব্যবস্থার বিঘ্ন, শ্রমিকদের মজুরি-হারানো দিন এবং বন্ধ কারখানার বকেয়া সার্ভিস বেনিফিটের মতো পুরোনো জট।
এ পরিস্থিতিতে সরকারের দায়িত্ব সবচেয়ে বড়। প্রথমত, সিদ্ধান্ত ঘোষণার পর গেজেট প্রকাশে আর বিলম্ব করা চলবে না। মূল মজুরি, বিভিন্ন ভাতা ও বার্ষিক ইনক্রিমেন্টের হার স্পষ্ট করে জানানো গেলে অনেক গুজব ও সন্দেহের অবসান হবে। দ্বিতীয়ত, ১ ডিসেম্বর থেকে নতুন কাঠামো প্রয়োগ হচ্ছে কি না, তা তদারক করার জন্য শ্রম মন্ত্রণালয় ও কলকারখানা পরিদর্শন অধিদপ্তরকে সক্রিয় থাকতে হবে। তৃতীয়ত, আন্দোলনের নামে ভাঙচুর বা সহিংসতা যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি শান্তিপূর্ণ অসন্তোষ দমনে অতিরিক্ত বলপ্রয়োগও কাম্য নয়। সাউন্ড গ্রেনেডের আঘাতে নারী শ্রমিকদের আহত হওয়ার ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত হওয়া উচিত। চতুর্থত, শিল্পাঞ্চলে বহিরাগত উসকানিদাতা এবং প্রকৃত শ্রমিক আন্দোলনের মধ্যে পার্থক্য করে আইনি ব্যবস্থা নিতে হবে, যেন নিরীহ শ্রমিক হয়রানির শিকার না হন।
মালিকপক্ষের দায়িত্বও কম নয়। নতুন মজুরি কাঠামো সময়মতো ও পূর্ণাঙ্গভাবে কার্যকর করা তাদের প্রথম কর্তব্য। কোনো কারখানা যেন ছুটি, গ্রেড ও সার্ভিস বেনিফিটের নামে শ্রমিকের প্রাপ্য কেটে নেওয়ার চেষ্টা না করে। শ্রমিকপক্ষ ও তাদের প্রতিনিধিদের প্রতিও আমাদের আহ্বান, আন্দোলনের পথ হোক শান্তিপূর্ণ ও সংগঠিত। মজুরির প্রশ্নে শ্রমিক ও মালিকের স্বার্থ সম্পূর্ণ বিপরীত নয়। কারখানা টিকে থাকলেই শ্রমিকের কাজ থাকে। ১৭ হাজার টাকার সিদ্ধান্তকে বাস্তবায়নের মধ্য দিয়ে সর্বসম্মত করে তুলতে হলে এখনই প্রয়োজন সরকারের দ্রুত ও স্বচ্ছ পদক্ষেপ, মালিকপক্ষের আন্তরিকতা এবং শ্রমিকপক্ষের সংযম।
সংঘাত নয়, সংলাপই পোশাকশিল্পের এই অচলাবস্থা কাটানোর একমাত্র টেকসই পথ।
কেকে/সাশ