বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের      ● মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১      ● পুষ্টিতে শক্তিশালী প্রজন্মই হবে উদ্ভাবনী: প্রধানমন্ত্রী      ● গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ      ● লালমাটিয়া থেকে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার      ● ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন      ● বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক প্রস্তাব ট্রাম্প প্রশাসনের      
খোলা মত ও সম্পাদকীয়
তৈরি পোশাক শিল্প : সাফল্যের গল্প, অস্থিরতার ঝুঁকি
ডা. নূরজাহান নীরা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ২:২৯ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

তৈরি পোশাক শিল্পের কথা বলতে গেলে একনজরে এর অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব দেখে নিতে হয়। মুক্তিযুদ্ধ-পরবর্তী ধ্বংসস্তূপ থেকে আজকের বাংলাদেশে পৌঁছানোর দীর্ঘ পথচলায় এই শিল্প একটি বড় অর্থনৈতিক ভিত্তি হয়ে উঠেছে।

একটি সহজ উদাহরণ দিয়ে বলা যায়। এক সময় বাংলাদেশের উত্তরাঞ্চলকে দারিদ্র্য ও মঙ্গার অঞ্চল বলা হতো। সেখানকার অধিকাংশ মানুষের জীবিকা ছিল কৃষিনির্ভর। কালের পরিবর্তনে সেই চিত্র বদলেছে। আমি নারায়ণগঞ্জে বসবাস করি ২৩ বছরেরও বেশি সময় ধরে। এই সময়ে দেখেছি, দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ কাজের সন্ধানে শহরে আসছেন এবং অনেকের কর্মক্ষেত্র তৈরি পোশাক শিল্প।

নারায়ণগঞ্জের একটি এলাকার নাম ‘গাইবান্ধা বাজার’। সেখানে উত্তরাঞ্চলের, বিশেষ করে গাইবান্ধার মানুষের উপস্থিতি বেশি। বাজারের অনেক বিক্রেতা ও ক্রেতাই গাইবান্ধার মানুষ। সুদূর গাইবান্ধা থেকে আসা মানুষ যখন নারায়ণগঞ্জের একটি এলাকায় নিজেদের সমাজ গড়ে তুলেছেন, তখন সেটিই বলে দেয়—উত্তরাঞ্চলের জীবনযাত্রা ও সম্ভাবনা বদলেছে।

শুধু গাইবান্ধা নয়। নদীভাঙনে বিতাড়িত সিরাজগঞ্জের অনেক মানুষ নতুন জীবন শুরু করেছেন। তারা কর্মসংস্থান খুঁজে পেয়েছেন, সঞ্চয় করেছেন এবং নতুন জমি বা ঘরের স্বপ্ন দেখার সাহস পেয়েছেন। নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, চট্টগ্রামসহ যেসব এলাকায় পোশাক কারখানা আছে, সেখানেও স্থানীয় মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে। বাড়িভাড়া, ছোট ব্যবসা, পরিবহন, খুচরা বিক্রি, শিক্ষা ও চিকিৎসাসেবা—সবকিছুতেই এই শিল্পের প্রভাব পড়েছে। অর্থাৎ তৈরি পোশাক শিল্পকে ঘিরে একটি বড় অর্থনৈতিক চক্র গড়ে উঠেছে।

এই শিল্পে নারীদের অংশগ্রহণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অনেক নারী শ্রম, মেধা ও দক্ষতা দিয়ে কর্মক্ষেত্রে নিজের অবস্থান তৈরি করেছেন। তারা শুধু সংসারে অর্থনৈতিক সহায়তা দিচ্ছেন না, বরং সিদ্ধান্ত গ্রহণে ও সমাজজীবনেও নতুন আত্মমর্যাদা অর্জন করছেন। যেসব নারী এক সময় শুধু ঘরের সীমার মধ্যে থাকতেন, তারা কাজের মাধ্যমে নিজেদের নতুনভাবে চিনতে পারছেন।
এক সময় এই শিল্পে মূলত কম শিক্ষিত বা প্রাতিষ্ঠানিক শিক্ষাহীন মানুষ কাজ করতেন। বর্তমানে শিক্ষিত যুবক-যুবতীরাও এই খাতে আসছেন। ডিজাইন, কম্পিউটার অপারেটিং, মার্চেন্ডাইজিং, কোয়ালিটি কন্ট্রোল, বায়িং হাউস, মার্কেটিং ও ব্যবস্থাপনা—বিভিন্ন ক্ষেত্রে দক্ষ জনবলের চাহিদা বেড়েছে। যেখানে সরকারি চাকরির সুযোগ সীমিত, সেখানে এই শিল্প লাখ লাখ মানুষের কর্মসংস্থানের পথ খুলে দিয়েছে।

বাংলাদেশের মোট পণ্য রপ্তানি আয়ের একটি বড় অংশ আসে তৈরি পোশাক খাত থেকে। বর্তমানে দেশের মোট পণ্য রপ্তানির প্রায় ৮০ শতাংশের বেশি এই খাত থেকে আসে। এটি দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎসগুলোর একটি; পাশাপাশি প্রবাসী আয় বা রেমিট্যান্সও জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত। তৈরি পোশাক রপ্তানির মাধ্যমে গধফব রহ ইধহমষধফবংয লেখা পোশাক বিশ্বের অনেক দেশে পৌঁছাচ্ছে এবং বাংলাদেশের নাম ও সুনাম ছড়িয়ে পড়ছে।

তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের অন্যতম বড় রপ্তানিকারক দেশ। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের শীর্ষ রপ্তানি বাজার। এরপর রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, কানাডা, বেলজিয়াম ও ইতালি। তবে অঞ্চলভিত্তিক হিসাবে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার।

এই সাফল্যের পেছনে শিল্পের অগ্রণী উদ্যোক্তা নূরুল কাদের খানের ভূমিকা স্মরণীয়। তিনি ১৯৭৭ সালে দেশ গার্মেন্টস প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৯৭৮ সালে দক্ষিণ কোরিয়ার দেওয়ুর সঙ্গে চুক্তির মাধ্যমে ১৩০ জন কর্মী ও ব্যবস্থাপককে প্রশিক্ষণের জন্য দক্ষিণ কোরিয়ায় পাঠানো হয়। সেখান থেকে তারা পোশাক তৈরি, উৎপাদন ব্যবস্থাপনা ও রপ্তানিমুখী কাজের প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে আসেন। এই অভিজ্ঞতা বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের ভিত্তি রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরে আরও অনেক উদ্যোক্তা এই পথ অনুসরণ করে কারখানা স্থাপন করেন।

তবে এই অগ্রযাত্রা সহজ ছিল না। শিল্পটি বারবার সংকটের মুখোমুখি হয়েছে। ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার তাজরিন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ১১২ থেকে ১১৭ জন শ্রমিক প্রাণ হারান; আহত হন দুই শতাধিক মানুষ। এর কিছুদিন পরেই ২০১৩ সালে রানা প্লাজা ধসে পড়ে। সরকারি হিসাবে এতে নিহত হন ১,১৩৪ জন মানুষ। এই দুটি ট্র্যাজেডি শুধু শোকের ঘটনা ছিল না, এটি কর্মপরিবেশ, ভবনের নিরাপত্তা, অগ্নিনিরাপত্তা ও শ্রমিকের অধিকার নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক উদ্বেগ তৈরি করে।

এই সংকট থেকে বাংলাদেশের পোশাক শিল্প ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে। কারখানার নিরাপত্তা, অগ্নিনিরাপত্তা, ভবনের কাঠামো, শ্রমিকের অধিকার ও আন্তর্জাতিক মান নিশ্চিতে বিভিন্ন সংস্কার এসেছে। করোনাভাইরাস মহামারিতেও রপ্তানি, অর্ডার বাতিল ও সরবরাহ ব্যবস্থায় বড় ধাক্কা পড়েছিল। তবু শিল্পটি পুনরায় সচল হয়েছে।

কিন্তু বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। দেশের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা সরাসরি এই শিল্পের ওপর প্রভাব ফেলছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পরিচালিত এক জরিপে বলা হয়েছে, ১ থেকে ১৮ নভেম্বর—মোট ১৮ দিনে—৩১৭টি পোশাক কারখানায় উৎপাদন ক্ষতি হয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে ক্রেতারা ২৫৪ মিলিয়ন ডলার মূল্যের নিশ্চিত অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এই অর্ডারের পরিমাণ ৫৯ মিলিয়ন পিস পোশাক।

জরিপে অংশ নেওয়া কারখানাগুলো জানিয়েছে, অস্থিরতা ও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে উৎপাদন এক থেকে ১৬ দিন পর্যন্ত বন্ধ থাকতে হয়েছে। ফলে শুধু উৎপাদন ক্ষতি হয়নি, সময়মতো পণ্য সরবরাহের ঝুঁকিও তৈরি হয়েছে। অর্ডার ধরে রাখতে অনেক কারখানাকে বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠাতে হয়েছে, মূল্যছায় দিতে হয়েছে; কোনো কোনো ক্ষেত্রে অর্ডার বাতিলের ঝুঁকিও তৈরি হয়েছে। বিজিএমইএর মতে, এই জরিপের সংখ্যা প্রকৃত ক্ষতির আংশিক চিত্র মাত্র।

এই পরিস্থিতিতে সরকার, মালিকপক্ষ, শ্রমিকপক্ষ, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে। শান্তিশৃঙ্খলা রক্ষা, যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা, শ্রমিকের ন্যায্য অধিকার রক্ষা এবং কারখানার নিরাপত্তা নিশ্চিত করা—এসবই এখন অপরিহার্য। একটি খাত যদি লাখ লাখ মানুষের জীবিকা, দেশের রপ্তানি আয় ও আন্তর্জাতিক সুনাম বহন করে, তবে তাকে রাজনৈতিক বা স্বার্থকেন্দ্রিক দ্বন্দ্বের শিকার হতে দেওয়া যাবে না।

ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, এক সময় পাট ছিল বাংলাদেশের গর্বের খাত। মসলিন ছিল আমাদের বিশ্বখ্যাত ঐতিহ্য। সময়ের বিবর্তনে পাটশিল্প সংকটে পড়েছে, আর মসলিন তৈরির ঐতিহ্য দীর্ঘদিন বিলুপ্ত ছিল। তাই তৈরি পোশাক শিল্পের সম্ভাবনাকে অবহেলা করা যায় না। এই খাত যেন কোনো স্বার্থকেন্দ্রিক ষড়যন্ত্র, অস্থিরতা বা অবহেলার শিকার না হয়, সেজন্য সব মহলের সচেতন উদ্যোগ প্রয়োজন।

দেশ বাঁচলে টিকবে ক্ষমতা, টিকবে অর্থনীতি, টিকবে কর্মসংস্থান। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প যেন বিশ্ববাজারে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছায় এবং দেশের কোটি মানুষের জীবিকার নিরাপত্তা নিশ্চিত করে—সেজন্য সবার ঐক্য, দায়িত্ববোধ ও দূরদৃষ্টি প্রয়োজন।

লেখক: কলামিস্ট



কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  পোশাক শিল্প  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলা মত ও সম্পাদকীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close