রোহিঙ্গাদের ওপর চালানো নিধনযজ্ঞকে মিয়ানমারের সামরিক জান্তার ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক বিচার আদালত (ICJ) যে রায় দিয়েছে, তা গাজা নিয়ে ইসরায়েলের সব কটি সাফাইয়ের ভিত্তি নড়বড়ে করে দিয়েছে। একই সাথে এই রায় পশ্চিমা বিশ্বের সেই দ্বিচারিতাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, যেখানে এক গণহত্যার বিচারে তারা হাততালি দেয়, অথচ আরেক গণহত্যায় অস্ত্র ও ঢাল জোগায়।
প্রায় এক দশক আগে উত্তর রাখাইনে ‘শুদ্ধি অভিযানের’ নামে রোহিঙ্গাদের ওপর যে নারকীয় তাণ্ডব চালানো হয়েছিল, ১৯ নভেম্বর আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া তার রায়ে স্পষ্ট করেছেন যে এর পেছনে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি বড় অংশকে ‘নিশ্চিহ্ন করার অভিপ্রায়’ ছিল এবং প্রমাণ লোপাটে ব্যাপক তৎপরতা চালানো হয়েছিল। ওই অভিযানে অন্তত দশ হাজার মানুষ প্রাণ হারান এবং সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।
এই রায়ের ছায়া এখন ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলার ওপরও পড়বে, যাতে আয়ারল্যান্ড, বেলজিয়াম, স্পেন ও নেদারল্যান্ডসের মতো দেশগুলোও যুক্ত হয়েছে। ২০২৪ সালের জানুয়ারিতেই গাজায় গণহত্যার ‘যৌক্তিক ঝুঁকি’ রয়েছে জানিয়ে আদালত ইসরায়েলকে জরুরি নির্দেশনা দিয়েছিল; কিন্তু তেল আবিব সেসবের তোয়াক্কা করেনি।
অভিপ্রায়ের প্রকাশ্য স্বীকারোক্তি যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের চেয়ে গণহত্যা প্রমাণ করা কঠিন, কারণ এখানে রাষ্ট্রের ‘অভিপ্রায়’ দেখাতে হয়। মিয়ানমারের ক্ষেত্রে রোহিঙ্গাদের প্রতি বিদ্বেষ ও তাদের ‘অমানবিক’ হিসেবে তুলে ধরার বয়ানটি সেই অভিপ্রায়ের প্রমাণ হিসেবে কাজ করেছে। ইসরায়েলের ক্ষেত্রে এই অভিপ্রায় আরও নগ্ন ও প্রকাশ্য। দক্ষিণ আফ্রিকার মামলার নথির নয়টি পৃষ্ঠাজুড়ে ইসরায়েলি শীর্ষ নেতাদের এমন সব বক্তব্য রয়েছে, যা গণহত্যার অভিপ্রায়কেই তুলে ধরে। বাইবেলের ‘আমালেক’ প্রসঙ্গ টেনে নেতানিয়াহুর বক্তব্য, গাজার বাসিন্দাদের ‘মানবরূপী পশু’ আখ্যা দিয়ে গ্যালান্টের সর্বাত্মক অবরোধের ডাক কিংবা শিশুদেরও নির্দোষ না মানার আইজ্যাক হারজোগের মন্তব্য—সব মিলিয়ে এটি যেন ইতিহাসের সবচেয়ে প্রকাশ্য অপরাধ স্বীকারের নজির।
সন্ত্রাসবাদবিরোধী অভিযানের আড়াল আরসার হামলার জবাবে মিয়ানমার যে ‘সন্ত্রাসবাদবিরোধী’ যুক্তি দিয়েছিল, আদালত তা নাকচ করে দিয়েছে। বিচারকদের মতে, বিদ্রোহী দমনের অভিযানের পাশাপাশি বেসামরিক জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করার সমান্তরাল নীতিও থাকতে পারে। ইসরায়েলের ক্ষেত্রেও একই কথা খাটে। ৭ অক্টোবরের হামলার আগে থেকেই ফিলিস্তিনিদের ওপর দশকের পর দশক চলা দখলদারিত্ব, ভূমি দখল, অবরোধ ও বর্ণবাদী ব্যবস্থার কথা আদালত তার ২০২৪ সালের পরামর্শমূলক মতামতে তুলে ধরেছে। ‘হামাস নির্মূলের’ বুলি আওড়ে ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল ও কৃষিজমি ধ্বংস করার মানে এই নয় যে সেখানে গণহত্যা চলছে না; বরং প্রতিরোধের পথ রুদ্ধ করে গণহত্যাকে সহজ করতেই এমন কৌশল নেওয়া হতে পারে।
সংখ্যার অজুহাত ও বাস্তবতা গণহত্যা হলে আরও বেশি রোহিঙ্গা মারা যেত—মিয়ানমারের এমন যুক্তি ধোপে টেকেনি। ১৯৪৮ সালের গণহত্যা সনদ অনুযায়ী, গণহত্যা কেবল লাশের সংখ্যার হিসাব নয়; বরং অভিপ্রায় থাকলে জন্মরোধ, জোরপূর্বক উচ্ছেদ বা জীবনধারণের পরিবেশ ধ্বংস করাও গণহত্যা। ‘এক বিকেলেই সব শেষ করা যেত’—নেতানিয়াহুর এমন দম্ভোক্তি আসলে ধাপে ধাপে অপরাধ করে সামরিক যুক্তির আড়ালে আসল উদ্দেশ্য লুকানোর কৌশল ছাড়া কিছু নয়। গাজায় নিহতের সংখ্যা ইতোমধ্যে প্রায় ৭৫ হাজার ছাড়িয়ে গেছে, যা জনসংখ্যার ৩ শতাংশের বেশি এবং রোহিঙ্গাদের হারের দ্বিগুণ। এর বাইরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া বা ভয়াবহ পরিস্থিতিতে মৃত্যুর হিসাব তো রয়েই গেছে; এমনকি ইসরায়েলি বাহিনীর নিজস্ব হিসাবেও নিহতদের বড় অংশই বেসামরিক নাগরিক।
ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রজন্মের ক্ষতি মিয়ানমারকে গণহত্যার তিনটি শ্রেণিতে দোষী সাব্যস্ত করা হলেও ইসরায়েলের বিরুদ্ধে আরও বিস্তৃত চিত্র রয়েছে। বিপুল সংখ্যক প্রাণহানি, আহত ও পঙ্গুত্বের পাশাপাশি বন্দিশিবিরে নির্যাতন ও যৌন সহিংসতার অভিযোগ উঠেছে। গাজার শিশুদের লক্ষ্যবস্তু করা নিয়ে জাতিসংঘের তদন্ত কমিশন এবং স্নাইপারদের নির্বিচার হামলার বিষয়ে চিকিৎসকদের সাক্ষ্য অত্যন্ত উদ্বেগজনক। এর বাইরে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে ফেলা, দুর্ভিক্ষ তৈরি করে দীর্ঘমেয়াদি জিনগত ক্ষতির ঝুঁকি, পয়োনিষ্কাশন ও পানিব্যবস্থা ধ্বংস এবং বিস্ফোরকের তাণ্ডবে গাজাকে ‘বিষাক্ত বর্জ্যভূমিতে’ পরিণত করার মতো বিষয়গুলোও সামনে এসেছে, যা আগামী প্রজন্মের জন্য ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে।
তথ্য গোপন ও দায়মুক্তি মিয়ানমারের মতো ইসরায়েলের ক্ষেত্রেও বৈষম্যমূলক নীতি, প্রমাণ লোপাট, গণকবর, জরুরি সেবাকর্মী বা সাংবাদিকদের প্রাণহানি এবং অপরাধীদের বিচার না করার প্রবণতা দেখা গেছে। সীমান্তে ত্রাণ আটকে দেওয়া বা লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার পাশাপাশি যুদ্ধবিরতির পরও প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে। বিদেশি সাংবাদিক ও স্বাধীন তদন্তকারীদের প্রবেশে বাধা দিলেও আদালত যে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন এবং প্রামাণ্যচিত্র বা স্বীকারোক্তির মতো সূত্র থেকে প্রমাণের ঘাটতি পূরণ করতে পারে, মিয়ানমারের রায় তারই ইঙ্গিত দেয়।
পশ্চিমা বিশ্বের দ্বিচারিতা এই রায়ে কেবল ইসরায়েল নয়, অস্বস্তিতে পড়ার কথা পশ্চিমা দেশগুলোরও। রোহিঙ্গা গণহত্যার মামলায় যারা সোচ্চার, নিষেধাজ্ঞা আরোপ করেছে বা মানবিক সহায়তার কথা বলছে, সেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানির মতো দেশগুলোই গাজার ক্ষেত্রে অস্ত্র, গোয়েন্দা তথ্য ও কূটনৈতিক সমর্থন দিয়ে চলেছে। মিয়ানমারের মামলার নিষ্পত্তিতে সাত বছর লেগেছিল; গাজার ক্ষেত্রেও একই গতি থাকলে আরও কয়েক বছর লাগতে পারে। সেই সময়ের মধ্যে গাজার আরও অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। একদিকে মিয়ানমারের গণহত্যায় শোক প্রকাশ আর অন্যদিকে গাজার গণহত্যায় মদদ দেওয়া—পশ্চিমা রাজনীতির এই ভণ্ডামিই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
লেখক: ব্রিটিশ অনুসন্ধানী সাংবাদিক ও লেখক, মিডিল ইস্ট আই থেকে; সংক্ষিপ্ত অনুবাদ করেছেন ফরহাদ নাইয়া
কেকে/সাশ