গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। এই ঘোষণার পর থেকে দেশের ভেতরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগীদের নাশকতার অভিযোগ যেমন উঠছে, তেমনি সীমান্তের ওপার থেকে আসছে একের পর এক উসকানিমূলক বক্তব্য। গুঞ্জন আছে, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে হাসিনা কোনো সীমান্ত দিয়ে দেশে ঢুকতে পারেন। সরকার বলছে, বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাকে ফিরিয়ে আনা হবে। একজন পলাতক ব্যক্তির প্রত্যাবর্তন নিয়ে দুই দেশের সম্পর্ক যখন স্পর্শকাতর মোড়ে, ঠিক তখনই দায়িত্বশীল পদে থাকা রাজনীতিকদের মুখে বাংলাদেশের ভূখণ্ড দখলের কথা কেবল অনাকাঙ্ক্ষিত নয়, গুরুতর উদ্বেগেরও কারণ।
গত ৬ থেকে ২৪ নভেম্বর, অর্থাৎ তিন সপ্তাহেরও কম সময়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অন্তত ছয়জন নেতা প্রকাশ্যে বাংলাদেশ দখল, আক্রমণ ও যুদ্ধ ঘোষণার মতো বক্তব্য দিয়েছেন। ঝাড়খণ্ডের লোকসভা সদস্য নিশিকান্ত দুবে ৬ নভেম্বর নোয়াখালী, চট্টগ্রাম বন্দর ও সিলেট ‘ফিরিয়ে নেওয়ার’ সময় এসেছে বলে মন্তব্য করেন। ১৮ নভেম্বর পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, সীমান্ত বন্ধ করে দিলে বাংলাদেশ না খেয়ে মরবে। ২৩ নভেম্বর বিধায়ক স্বপন মজুমদার বলেন, ভারতও আক্রমণ করতে পারে। একই দিনে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে ‘আগুন নিয়ে খেলা’র হুঁশিয়ারি দেন। ২৪ নভেম্বর বিধানসভায় শাসক দলের চিফ হুইপ অম্লান ভাদুড়ি বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করতে চাপ সৃষ্টি এবং যুদ্ধ ঘোষণার আহ্বান জানান। সেদিনই পরিবহনমন্ত্রী অর্জুন সিং সাংবাদিকদের সামনে বলেন, ‘১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব’ এবং হিন্দু হত্যার ‘প্রতিশোধ’ নেওয়া হবে। কোনো প্রান্তিক কর্মী নন, রাজ্য সরকারের মন্ত্রী ও জনপ্রতিনিধিদের মুখে এমন ভাষা কূটনৈতিক শিষ্টাচারের সীমা লঙ্ঘন করে।
এই বক্তব্যগুলোর তারিখটিও তাৎপর্যপূর্ণ। ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগ আর দুই লাখ মা-বোনের নির্যাতনের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সেই দিনটিতে ঢাকা ‘দখল’-এর কথা বলা জাতির আত্মমর্যাদায় সরাসরি আঘাত। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ বক্তব্যকে ধিক্কার জানিয়ে স্পষ্ট করেছেন, সার্বভৌমত্বের এক ইঞ্চি মাটিতেও কাউকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। তার এই অবস্থান জনগণের অনুভূতিরই প্রতিফলন। তবে এই উসকানির জবাব কেবল রাজনৈতিক বিবৃতিতে সীমাবদ্ধ থাকার বিষয় নয়, এটি রাষ্ট্রের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দাবি করে।
সবচেয়ে বিস্ময়কর ও উদ্বেগজনক হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের অস্বাভাবিক নীরবতা। এসব বক্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়নি, কূটনৈতিক চ্যানেলে বিষয়টি তোলা হয়নি, এমনকি ঢাকায় ভারতীয় হাইকমিশনারকেও তলব করা হয়নি। প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ার যথার্থই স্মরণ করিয়েছেন, গত ডিসেম্বরে সরকারি পদে না থাকা এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর একটি বক্তব্যের পর দিল্লি বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছিল। অথচ এবার হুমকি আসছে ভারতের রাজ্য সরকারের মন্ত্রীদের কাছ থেকে, আর ঢাকা নীরব। এই দ্বিমুখী মানদণ্ড কেবল কূটনৈতিক দুর্বলতারই বার্তা দেয় না, প্রতিবেশী রাষ্ট্রকে এই ভুল ধারণাও দিতে পারে যে এ ধরনের বক্তব্যের কোনো মূল্য দিতে হয় না। সরকারি ও বিরোধী দলের শীর্ষ নেতাদের উল্লেখযোগ্য প্রতিক্রিয়ার অভাবও একই উদ্বেগ বাড়িয়েছে।
এ পরিস্থিতিতে সরকারের প্রতি আমাদের আহ্বান স্পষ্ট। প্রথমত, পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে হবে এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের উদ্বেগ ও আপত্তি সুস্পষ্টভাবে জানাতে হবে। দ্বিতীয়ত, ভারত সরকারের কাছে এই বক্তব্যগুলো থেকে দূরত্ব বজায় রাখার এবং দায়ীদের বিষয়ে অবস্থান জানানোর দাবি তুলতে হবে। তৃতীয়ত, হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইনি ও কূটনৈতিক পথে অব্যাহত রাখতে হবে, তবে কোনো উসকানির মুখে আবেগতাড়িত প্রতিক্রিয়া এড়িয়ে সংযত ও দৃঢ় অবস্থান নিতে হবে। চতুর্থত, সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থা সতর্ক রাখতে হবে এবং নাশকতার যেকোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করতে হবে।
প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতেই টিকে থাকে। বাংলাদেশ সংযম ও সৌহার্দে বিশ্বাসী, কিন্তু সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন। নীরবতা কূটনীতির ভাষা হতে পারে, তবে প্রকাশ্য হুমকির মুখে তা সম্মতি বা দুর্বলতা হিসেবে পঠিত হওয়ার ঝুঁকি থাকে। রাষ্ট্রের মর্যাদা রক্ষায় সরকারকে এখনই দৃঢ় ও স্পষ্ট কণ্ঠে কথা বলতে হবে। সেই সঙ্গে ভারত সরকারেরও উচিত দায়িত্বশীল আচরণের মাধ্যমে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ রক্ষা করা।
কেকে/সাশ