আগামী ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে দেশজুড়ে অপতৎপরতা বাড়িয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার দোসররা। তার বিপরীতে সতর্ক অবস্থান নিয়েছে সরকার। বাড়িয়েছে গোয়েন্দা কার্যক্রম ও নজরদারি। এর মধ্যে প্রশাসনে, বিশেষ করে পুলিশ বাহিনীর মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের ওপর নজরদারি ও চিহ্নিতদের গ্রেপ্তার করা হচ্ছে। সম্প্রতি এই বাহিনীর চার কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। এতে পুলিশ সদস্যদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। অনেকের মধ্যেই এখন গ্রেপ্তারের আশঙ্কা কাজ করছে।
পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও পুলিশ বাহিনী এখনো পুরোপুরি মনোবল ফিরে না পাওয়া এবং জেলা পুলিশের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগের মধ্যে মাঠপর্যায়ের নেতৃত্বে পরিবর্তন আনছে কর্তৃপক্ষ।
গণঅভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হলেও প্রশাসনের বিভিন্ন স্তরে তার দোসররা থেকে যায়। নানা রদবদলের পরও ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসররা বিভিন্ন সময় সরকার ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছেন। তিনি আরও বলেন, ‘কিছু কিছু পুলিশ কর্মকর্তা বা অন্য বাহিনীতেও থাকতে পারে, তারা এ সমস্ত ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আছে। আমরা তাদের সতর্ক করেছিলাম, যাতে সরকারি চাকরিতে থেকে কোনো রকম রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়া তারা কাজ করে, (নিজেদের) জনসেবায় নিয়োজিত রাখে। তার মধ্যেও কিছু কিছু এ রকম চরিত্রগত কারণে কোনো অফিসার বা সদস্য থাকতে পারে, সেটা আমাদের কঠোর নজরদারিতে আছে। যে যেখানে চিহ্নিত হবে, তার বিরুদ্ধে সেভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কিছু পুলিশ কর্মকর্তার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইতোমধ্যে কয়েকজনকে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় তারা কারাগারে আছেন এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও রুজু করা হয়েছে।
একাধিক দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, পুলিশের কয়েকজন কর্মকর্তা কিছু সংবেদনশীল তথ্য ফাঁস করছেন এবং দেশজুড়ে সাম্প্রতিক নাশকতার ঘটনায় তাদের যোগসূত্র রয়েছে— এমন অভিযোগ ওঠার পর অভ্যন্তরীণ নজরদারি জোরদার করা হয়েছে।
সূত্রগুলো জানায়, এসব ঘটনা তদন্ত করার সময় বিদেশে অবস্থানরত কয়েকজন পুলিশ সদস্যের নাম আসে, যাদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদেরও যোগাযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করায় কর্মরত পুলিশ সদস্যদের ফোন করে হুমকি দিচ্ছেন পলাতক কর্মকর্তারা।
গ্রেপ্তার চার কর্মকর্তা
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামরুম মুনিরা জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগে চার কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) আবুল হাসান, এসপি মো. আবুল কালাম আজাদ এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রাকিবুল হাসান।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র আর বলেন, ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত এবং তথ্যফাঁসের অভিযোগে আরও কয়েকজন পুলিশ সদস্য নজরদারিতে রয়েছেন।’ তিনি বলেন, পুলিশের কোনো সদস্য রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, নাশকতা, ষড়যন্ত্র কিংবা রাষ্ট্রের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গত ১৪ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং পুলিশের অভ্যন্তরীণ তথ্য সরবরাহ করার অভিযোগ রয়েছে।
খাগড়াছড়ি এপিবিএনের অতিরিক্ত এসপি আবুল হাসানকে ২৪ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেপ্তার করে। গোপালগঞ্জের বাসিন্দা আবুল হাসানকে বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। পরদিন গ্রেপ্তার করা হয় ২৫ বিসিএসের এসপি মো. আবুল কালাম আজাদ ও ৩৩ বিসিএসের এএসপি মো. রাকিবুল হাসানকে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত আজাদকে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের রাকিবুল হাসানকে রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে ডিএমপি জানিয়েছে।
পুলিশের একাধিক সূত্র জানায়, ওই কর্মকর্তাদের কারও কারও বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের আগে দায়িত্ব পালনকালে অপরাধ সংঘটনের অভিযোগ ছিল এবং গ্রেপ্তারের ক্ষেত্রে সেসব অভিযোগও সামনে আনা হচ্ছে। তবে তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড, যোগাযোগ এবং নাশকতার সঙ্গে সম্পৃক্ততা বিষয়ে সংগৃহীত তথ্যের কারণেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় সূত্রগুলো।
জেলা পুলিশে রদবদল
গত বুধবার সরকার ৭ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে। এর মধ্যে পাঁচটি সীমান্তবর্তী জেলা। এর আগে গোপালগঞ্জসহ ঢাকা রেঞ্জের ১৩ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির জন্য অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে দুই মাসের জন্য ঢাকা রেঞ্জে সংযুক্ত করা হয়। পুলিশের সূত্র জানায়, বিভিন্ন ইউনিটে নতুন নেতৃত্ব আনার মাধ্যমে কর্তৃপক্ষ মাঠপর্যায়ে বাহিনীকে পুনর্গঠিত করছে।
বাহিনীতে অস্বস্তি: এদিকে সন্দেহভাজন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং মাঠপর্যায়ের নেতৃত্বে রদবদলের ঘটনায় অনেক পুলিশ সদস্য নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। নিজ জেলা বা রাজনৈতিক সম্পৃক্ততার কারণে গ্রেপ্তারের আশঙ্কায় রয়েছেন অনেকে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন পুলিশ সদস্য জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও পুলিশ তাদের মনোবল পুরোপুরি ফিরে পায়নি। এ অবস্থায় নজরদারি ও গ্রেপ্তার তাদের মধ্যে ভীতি তৈরি করছে।
সতর্কতা ডিসেম্বর পর্যন্ত
পুলিশের বাড়তি প্রস্তুতির পেছনে রয়েছে নভেম্বরের প্রথম তিন সপ্তাহের অভিজ্ঞতা। আওয়ামী লীগ অনলাইনে ১৯ নভেম্বর ‘লকডাউন’ ডেকেছিল। যদিও প্রকাশ্যে দলটির ওই রকম কোনো কর্মসূচি দেখা যায়নি। তবে এর আগে থেকেই ঢাকাসহ বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা, যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছিল।
পুলিশ সদর দপ্তরসংশ্লিষ্ট সূত্র বলছে, গত দুই মাসে নাশকতার ঘটনায় গ্রেপ্তার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের মুঠোফোনের কথোপকথন ও বার্তা বিশ্লেষণ করে আরও হামলার পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। পুলিশের আশঙ্কা, এবার সরকারি স্থাপনার পাশাপাশি রাজনৈতিক নেতাদেরও হামলার লক্ষ্যবস্তু করা হতে পারে। সম্ভাব্য ঝুঁকির কথা জানিয়ে কয়েকজন রাজনৈতিক নেতাকে সতর্ক করা হয়েছে।
কেকে/সাশ