বাংলাদেশের সমকালীন রাজনীতিতে একটি দীর্ঘ ও নাটকীয় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটিয়ে নতুন এক যাত্রার সূচনা হয়েছে। দীর্ঘ দেড় দশকের কর্তৃত্ববাদী শাসনের অবসান এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী প্রেক্ষাপটে দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন শেষে ২০২৫ সালের ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তন এবং ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণ নিছক একটি রাজনৈতিক পালাবদল নয়। তিনি যেমন একটি ঐতিহাসিক রাজনৈতিক উত্তরাধিকার বহন করছেন, তেমনি চব্বিশ-পরবর্তী নতুন বাংলাদেশের মানুষের আকাশচুম্বী প্রত্যাশা পূরণের দায়িত্বও এখন তাঁর কাঁধে। এটি বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের এক নতুন সন্ধিক্ষণ, যেখানে একজন নেতার ব্যক্তিগত সংগ্রাম, পারিবারিক উত্তরাধিকার এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার দর্শন একবিন্দুতে এসে মিলেছে।
অতীতের রাজনৈতিক ঐতিহ্য ও আধুনিক রাষ্ট্রচিন্তার সমন্বয়ে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তাঁর কর্মপরিকল্পনাগুলো বহুমাত্রিক গুরুত্ব বহন করে। ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা দেশে ফেরার পর লক্ষাধিক মানুষের উপস্থিতিতে দেওয়া ভাষণে তারেক রহমান ঘোষণা করেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি’। দেশ রূপান্তর ও বিএনপির নির্বাচনি ইশতেহারের তথ্যমতে, আগামীর বাংলাদেশ গড়তে তার গৃহীত প্রধান পরিকল্পনাগুলো হচ্ছে সামাজিক সুরক্ষা ও নারীর ক্ষমতায়ন, কৃষি ও পরিবেশ সুরক্ষা, স্বাস্থ্য ও শিক্ষা খাতে আধুনিকায়ন, প্রযুক্তি ও অর্থনৈতিক সংস্কার। তার বক্তব্য ও পরিকল্পনা সাধারণ মানুষের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে এবং তিনি একজন জাতীয় নেতা হিসেবে আবির্ভূত হওয়ার ইঙ্গিত দিয়েছেন। একই সাথে আন্তর্জাতিক অঙ্গনেও তাঁর নেতৃত্বকে গণতান্ত্রিক উত্তরণের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। তিনি আবেগতাড়িত না হয়ে বাস্তবসম্মত কাজের মাধ্যমে এই প্রতিশ্রুতিগুলোর প্রতিফলন ঘটানোর পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন।
তারেক রহমানের রাজনৈতিক যাত্রা পারিবারিক উত্তরাধিকার ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের সমন্বয়ে গঠিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার রাজনৈতিক ধারাবাহিকতায় তিনি বেড়ে উঠলেও তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাজ এবং দীর্ঘ সময় দেশের বাহিরে অবস্থান করেও সঠিক নেতৃত্বে দল পরিচালনার মাধ্যমে তিনি নিজস্ব রাজনৈতিক অবস্থান তৈরি করেছেন। তার রাজনৈতিক লেগেসি বা উত্তরাধিকার বিশ্লেষণ করতে গেলে তিনটি প্রধান স্তম্ভ সামনে আসে পারিবারিক ঐতিহ্য, দীর্ঘ নির্বাসন ও সাংগঠনিক টিকে থাকার সংগ্রাম এবং বর্তমান রাষ্ট্রনায়কোচিত দায়বদ্ধতা।
প্রথমত, জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন এবং খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের উত্তরাধিকার তিনি বহন করছেন। নব্বইয়ের দশক ও ২০০০’-এর শুরুর দিকে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার মধ্য দিয়ে তিনি কেবল উত্তরাধিকারসূত্রে নয়, বরং নিজস্ব সাংগঠনিক দক্ষতায় নিজেকে প্রতিষ্ঠিত করার প্রয়াস নিয়েছিলেন।
দ্বিতীয়ত, ২০০৭ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার, কারাবন্দি অবস্থায় নির্যাতন এবং পরবর্তী লন্ডনে দীর্ঘ নির্বাসিত জীবন তাঁর রাজনৈতিক দর্শনে এক গভীর রূপান্তর ঘটিয়েছে। হাজার মাইল দূরে থেকেও আধুনিক প্রযুক্তির ব্যবহার ও কৌশলী নেতৃত্বের মাধ্যমে একটি বৃহৎ রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ রাখা এবং দীর্ঘ দেড় দশকের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন জারি রাখা নিঃসন্দেহে তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম বড় অর্জন।
তারেক রহমান ইতোমধ্যেই রাষ্ট্র সংস্কারের ৩১ দফা রূপরেখা ও সহনশীল রাজনীতির যে বার্তা দিয়েছেন, তার বাস্তব প্রয়োগই নির্ধারণ করবে তাঁর চূড়ান্ত লেগেসি। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে যোগ্যতা ও মেধার মূল্যায়ন নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাই হবে তাঁর সরকারের প্রধান কাজ।
দায়িত্ব গ্রহণের পর থেকেই তার সরকার দেশের সামগ্রিক উন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কয়েকটি সুনির্দিষ্ট খাতকে বিশেষ অগ্রাধিকার দিয়েছে। এসব খাতের মধ্যে রয়েছে অর্থনীতি পুনরুদ্ধার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষির আধুনিকায়ন, অবকাঠামো উন্নয়ন, দুর্নীতি দমন ও প্রশাসনিক সংস্কার। সরকারের লক্ষ্য শুধু উন্নয়ন কর্মকাণ্ডের গতি বাড়ানো নয়, বরং সাধারণ মানুষের জীবনমান উন্নত করা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে গড়ে তোলা।
প্রতিটি অগ্রাধিকার খাতকে সামনে রেখে সরকার পরিকল্পনা গ্রহণ, নীতিগত সিদ্ধান্ত ও বাস্তবায়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্মের কর্মসংস্থান, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা জোরদার করার বিষয়গুলো উন্নয়ন পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শের ধারাবাহিকতা বজায় রেখে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে রূপকল্প তারেক রহমান সামনে এনেছেন, তার সফল বাস্তবায়নই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের গতিপথ।
প্রধানমন্ত্রী হওয়ার পর তার পররাষ্ট্রনীতির মূল কথা হচ্ছে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি সামনে এসেছে, যা কূটনৈতিক সম্পর্কের বহুমুখীকরণের ইঙ্গিত দেয়। জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ ও জাপানের মতো উন্নয়ন সহযোগী দেশগুলোর সাথে অর্থনৈতিক ও রপ্তানি বহুমুখীকরণ নিয়ে আলোচনার মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন অবস্থান তুলে ধরার চেষ্টা চলছে। আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার প্রভাব স্বীকৃত হয়েছে; ২০২৬ সালে তিনি টাইম ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় ও বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় স্থান পেয়েছেন।
রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি হলো প্রতিহিংসার রাজনীতি পরিহার করে একটি অন্তর্ভুক্তিমূলক বা ‘রেইনবো ন্যাশন’ গঠন করা, যেখানে সব ধর্ম, বর্ণ ও মতের মানুষের সমান অধিকার থাকবে। এ ছাড়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি দল-মত নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকারের কথা উল্লেখ করেন।
তবে ইতিহাস কেবল সংগ্রামের গল্প লেখে না, ইতিহাস চূড়ান্ত মূল্যায়ন করে ক্ষমতায় থাকাকালীন কর্মকাণ্ডের ওপর। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সামনে এখন সবচেয়ে বড় কাজ হলো অতীতের অভিজ্ঞতাকে বর্তমানের সুশাসনে রূপান্তর করা। ২০২৪’-এর গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা অত্যন্ত স্পষ্ট: তারা প্রতিহিংসার রাজনীতির চিরস্থায়ী অবসান,মতপ্রকাশের স্বাধীনতা, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা চায়।
মানবিক মূল্যবোধ ও মানবিকতা কোনো একক স্লোগান বা আনুষ্ঠানিকতার বিষয় নয়- এটি প্রতিদিনের রাষ্ট্রীয় চর্চা ও আচরণের মাধ্যমে দৃশ্যমান হয়ে ওঠে। রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্বের পাশাপাশি একজন মানুষের ব্যক্তিগত আচরণ, সাধারণ মানুষের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি ও মানবিক মূল্যবোধও তাঁকে মানুষের কাছে পরিচিত করে তোলে। ক্ষমতা, পদমর্যাদা কিংবা আনুষ্ঠানিকতার ঊর্ধ্বে উঠে যখন কোনো রাষ্ট্রপ্রধান সাধারণ মানুষের সাথে সহজভাবে মেশেন, তাঁদের কথা শোনেন ও মানুষের দুঃখ-কষ্টের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন, তখন সেই আচরণ মানুষের মনে আলাদা জায়গা করে নেয়। তারেক রহমানের নেতৃত্বে মানবিকতার এই বার্তা নীতি-নির্ধারণ, প্রশাসন ও নাগরিক জীবনে বাস্তব রূপ পাচ্ছে, যা একটি সহনশীল, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রীর সরলতা ও মানবিক আচরণ নিয়ে জনমনে যে আলোচনা তৈরি হয়েছে, তার কেন্দ্রে রয়েছে নেতৃত্বের মানবিক দিকটি। একজন প্রধানমন্ত্রীর পরিচয় কেবল তাঁর রাষ্ট্রীয় দায়িত্ব বা রাজনৈতিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ নয়; সাধারণ মানুষের সাথে তাঁর সম্পর্ক, তাঁদের প্রতি সম্মানবোধ এবং সংকটের সময়ে পাশে দাঁড়ানোর মানসিকতাও গুরুত্বপূর্ণ।
মানুষ সব সময় বড় বড় বক্তব্য কিংবা জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে নেতৃত্বের মূল্যায়ন করে না। অনেক সময় একটি আন্তরিক হাসি, মনোযোগ দিয়ে কারও কথা শোনা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো কিংবা সাধারণ মানুষের সাথে স্বাভাবিক আচরণই মানুষের হৃদয়ে গভীর ছাপ ফেলে। একটি রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি তার জনগণ। আর জনগণের সাথে নেতৃত্বের সম্পর্ক যত বেশি আন্তরিক, জবাবদিহিমূলক ও মানবিক হবে, রাষ্ট্রের প্রতি মানুষের আস্থাও তত বেশি গুরুত্ব পাবে।
বাংলাদেশের রাজনীতিতে জনগণের আস্থা ধরে রাখার বিষয়টি কেবল ঐতিহ্য বা দলীয় আনুগত্যের ওপর নির্ভর করে না, বরং বাস্তবমুখী কর্মপরিকল্পনা, জবাবদিহিতা এবং সুশাসনের নিশ্চয়তার ওপর নির্ভর করে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্ব তার দলীয় সমর্থক ও জনগণের কাছে আস্থা ও আশার প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে। তাদের প্রত্যাশা, তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে।
সরলতা ও মানবিকতা নেতৃত্বের এমন কিছু গুণ, যা আনুষ্ঠানিক ক্ষমতার বাইরেও মানুষের সাথে সম্পর্ক তৈরি করে। মানুষের ভালোবাসা ও আস্থা অর্জনের এই পথকে অর্থবহ করে তুলতে প্রয়োজন কথার সাথে কাজের সামঞ্জস্য ও জনকল্যাণে নিরবচ্ছিন্ন দায়িত্বশীলতা। তারেক রহমান আজ এমন এক উচ্চতায় দাঁড়িয়ে আছেন, যেখান থেকে তাঁর প্রতিটি পদক্ষেপ ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হবে। পারিবারিক ঐতিহ্য ও দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে তিনি ক্ষমতার শীর্ষে পৌঁছেছেন। এখন একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে একটি মানবিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়েই রচিত হবে তারেক রহমানের প্রকৃত ও চিরস্থায়ী লেগেসি।
কেকে/এমএ