দক্ষিণের উপকূলীয় অঞ্চলে যখন কোনো পরিবার নদীভাঙনে বসতভিটা হারায় অথবা তীব্র লবণাক্ততার কারণে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা পেশা ছাড়তে বাধ্য হয়, তখন একটি মৌলিক আলাপ সামনে চলে আসে। যে সংকট তারা তৈরি করেনি, তার সবচেয়ে বড় মূল্য কেন তাদেরই দিতে হচ্ছে? বাংলাদেশের মতো নদীমাতৃক ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশের কার্বন নির্গমনে ঐতিহাসিক অবদান নগণ্য। অথচ উষ্ণায়নের ধাক্কা সবচেয়ে কঠিনভাবে লাগে এই দেশগুলোর ওপরই।
খুলনা আর সাতক্ষীরার মানুষ ২০০৯ সালের আইলার কথা এখনো ভোলেননি। বাঁধ ভেঙে নোনা পানি ঢুকেছিল ঘরে আর জমিতে। যারা ধান চাষ করতেন, তাদের অনেকে চিংড়ির ঘেরে মজুর হলেন, নয়তো শহরের পথ ধরলেন। এখনো অনেক এলাকায় খাবার পানির জন্য নারীদের দূর পথ হাঁটতে হয়। গবেষণায় উপকূলের লবণাক্ত পানির সঙ্গে স্বাস্থ্যঝুঁকির, বিশেষ করে গর্ভবতী নারীদের ঝুঁকির সম্পর্কও উঠে এসেছে। এই মানুষগুলো কোনো কয়লা পোড়াননি, কোনো কারখানার ধোঁয়া ছাড়েননি। তবু ক্ষতির পুরো হিসাব তাদের খাতাতেই লেখা হচ্ছে।
শিল্পবিপ্লবের শুরু থেকে উন্নত দেশগুলো কয়লা, তেল আর কার্বননির্ভর জ্বালানিতে নিজেদের অর্থনীতি গড়েছে। সেই প্রবৃদ্ধির খেসারত এখন দিচ্ছে গ্লোবাল সাউথের উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলো। যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো গত দেড় শতাব্দীতে বায়ুমণ্ডলে বিপুল গ্রিনহাউস গ্যাস জমিয়েছে। বাংলাদেশের নির্গমন তার তুলনায় নগণ্য। ক্ষতি সামলানোর আর্থিক সামর্থ্যও দুই পক্ষের সমান নয়। ধনী দেশের হাতে আছে সঞ্চিত পুঁজি, প্রযুক্তি আর শক্ত প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিটি বন্যা আর ঘূর্ণিঝড়ের পর নতুন করে শুরু করতে হয়। ঐতিহাসিক দায়ের প্রশ্ন বাদ দিয়ে জলবায়ু সংকটের আলোচনা তাই অসম্পূর্ণ থাকে। কার্বননির্ভর প্রবৃদ্ধির সুবিধা নিয়েছে ধনী বিশ্ব। এর ফলে সৃষ্টি হওয়া দুর্যোগের বোঝা ক্ষতিগ্রস্ত মানুষের ঘাড়ে চাপানো অনৈতিক।
আন্তর্জাতিক মঞ্চে জলবায়ু অর্থায়ন নিয়ে কথা হয় নিয়মিত। কিন্তু প্রতিশ্রুতি আর বাস্তবে হাতে পাওয়া অর্থের মধ্যে ফারাক বড়। ওইসিডির হিসাবে ১০০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা ২০২২ সালে ছাড়িয়ে গেছে। তবে সেই অর্থের একটি বড় অংশ এসেছে অনুদান হিসেবে নয়, ঋণ হিসেবে। যে দেশ জলবায়ু বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত, সে বেঁচে থাকার জন্য নতুন করে ঋণের জালে জড়াচ্ছে। একদিকে দুর্যোগের ক্ষয়ক্ষতি, অন্যদিকে চড়া সুদের ঋণ শোধের চাপ। অর্থনীতির জন্য এ দ্বিগুণ বোঝা। হিসাবের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন আছে। অনেক ক্ষেত্রে আগে থেকেই চলা উন্নয়ন সহায়তাকে জলবায়ু অর্থায়নের খাতায় তোলা হয়েছে। ফলে কাগজে অঙ্ক বড় দেখালেও ক্ষতিগ্রস্ত মানুষের কাছে নতুন কিছু পৌঁছায়নি।
কপ২৯-এ ২০৩৫ সালের মধ্যে বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলারের নতুন লক্ষ্য ঠিক হয়েছে। এর কতা অনুদান হবে, কতা ন্যায্য শর্তে আসবে, তা এখনো অস্পষ্ট। উন্নয়নশীল দেশগুলো নিজেরা যে পরিমাণ অর্থ চেয়েছিল, এ অঙ্ক তার চেয়ে অনেক কম। অর্থায়ন ঋণ বা বাণিজ্যিক বিনিয়োগ হিসেবে এলে সহায়তা আর সহায়তা থাকে না, আরেকটি শোষণের মাধ্যম হয়ে ওঠে। ক্ষতিগ্রস্ত দেশের ওপর এমন ঋণ চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য সহযোগিতা নয়।
বৈশ্বিক অর্থায়নের বড় অংশ যায় নির্গমন কমানোর প্রকল্পে। কারণটা বোঝা কঠিন নয়। নবায়নযোগ্য জ্বালানির মতো প্রকল্পে বিনিয়োগকারী লাভ দেখতে পান, ঋণ ফেরত পাওয়ার নিশ্চয়তাও থাকে। বাঁধ মেরামত বা খাবার পানির ব্যবস্থায় তেমন মুনাফা নেই। অথচ বাংলাদেশের মতো দেশের দরকার ঠিক এসবই। উপকূলীয় বাঁধ, নিরাপদ পানি, জলবায়ু-সহনশীল কৃষি আর স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনায় অর্থের ঘাটতি তীব্র। যে দেশের নির্গমন সবচেয়ে কম, তার জন্য নির্গমন কমানোর প্রকল্পে অর্থ ঢালার চেয়ে মানুষ বাঁচানোর কাজে অর্থ দেওয়া বেশি জরুরি।
আবার সব ক্ষতি অভিযোজন দিয়ে ঠেকানো যায় না। নদীভাঙনে জমি চিরতরে হারিয়ে যায়, চাষ বন্ধ হয়, পুরোনো বসতি মুছে যায়। এ ক্ষতি স্থায়ী। এর প্রভাব শুধু উপকূলে সীমাবদ্ধ থাকে না। ভিটে হারানো মানুষ শেষ পর্যন্ত ঢাকা বা অন্য বড় শহরের বস্তিতে গিয়ে ওঠেন। সেখানে সামান্য মজুরির কাজ, গাদাগাদি থাকা আর অনিশ্চিত ভবিষ্যৎ তাদের অপেক্ষায় থাকে। জলবায়ু সংকটের মূল্য এভাবে শহরের ওপরও গিয়ে পড়ে।
এই স্থায়ী ক্ষতির জন্যই জাতিসংঘ কাঠামোয় লস অ্যান্ড ড্যামেজ তহবিল চালুর সিদ্ধান্ত হয়েছে। এটি উন্নয়নশীল দেশগুলোর দীর্ঘদিনের দাবির একটি স্বীকৃতি। কিন্তু তহবিলে প্রতিশ্রুত অর্থ প্রয়োজনের তুলনায় সামান্য। অর্থ পাওয়ার প্রক্রিয়াও জটিল। প্রশাসনিক ধাপ পেরিয়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়ে। এখানে একটি আইনি সীমাবদ্ধতাও মানতে হবে। প্যারিস চুক্তির সঙ্গে যুক্ত সিদ্ধান্তে বলা আছে, লস অ্যান্ড ড্যামেজ কোনো দায় বা ক্ষতিপূরণের ভিত্তি তৈরি করে না। ধনী দেশগুলো এই অবস্থানে শক্ত।
তাই আমাদের যুক্তি দাঁড় করাতে হবে জাতিসংঘ জলবায়ু কনভেনশনের “অভিন্ন কিন্তু ভিন্নমাত্রিক দায়িত্ব” নীতির ওপর। এই নীতি অনুযায়ী যার দায় বেশি, তার ভ‚মিকাও বেশি হওয়া উচিত। সেই নীতির ভিত্তিতেই ক্ষয়ক্ষতির অর্থ সরাসরি ও কার্যকরভাবে পৌঁছানো নিশ্চিত করতে হবে। ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি পুনর্বাসনের জন্য তহবিলের পরিধিও বাড়ানো দরকার।
কপ৩১-এ বাংলাদেশকে আরও সুনির্দিষ্ট ও জোরালো অবস্থান নিতে হবে। প্রথম দাবি হওয়া উচিত, ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন তিনগুণ করার প্রতিশ্রুতির একটা স্পষ্ট বাস্তবায়ন পথনকশা। প্রতিশ্রুতি কাগজে থাকলে উপকূলের বাঁধ মেরামত হয় না। অভিযোজন ও ক্ষয়ক্ষতির অর্থ পুরোপুরি অনুদানভিত্তিক হতে হবে, যাতে ক্ষতিগ্রস্ত দেশের ওপর নতুন ঋণের বোঝা না চাপে। জলবায়ু তহবিলের হিসাবে স্বচ্ছতাও চাই, যাতে অন্য উন্নয়ন সহায়তাকে নতুন করে জলবায়ু অর্থায়ন বলে দেখানো না যায়। কপ৩১-এর সূচিতে লস অ্যান্ড ড্যামেজ তহবিলের প্রতিবেদন আছে। সেখানে জানতে চাইতে হবে, কত অর্থ জমা পড়ল, কত বিতরণ হলো আর কতা ক্ষতিগ্রস্ত মানুষের হাতে পৌঁছাল। বড় জাতীয় প্রকল্পের পাশাপাশি স্থানীয় সরকার ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও সরাসরি অর্থ যাওয়া দরকার। উপক‚লের মানুষ নিজের এলাকার ঝুঁকি সবচেয়ে ভালো জানেন।
দাবি তোলার নৈতিক জোর আসবে নিজের ঘর গোছানো থেকে। অর্থ যারা দেয় আর যারা নেয়, দুই পক্ষের জন্যই স্পষ্ট জবাবদিহি থাকা দরকার। টাকা কোথায় গেল, কার কাজে লাগল, তা যেন দেখা যায়। জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানে অর্থ ঠিকভাবে খরচ হচ্ছে কি না, সেটাও নজরে রাখতে হবে। বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ বহু পুরোনো। বিদেশি অর্থ একই পথে হারিয়ে গেলে আন্তর্জাতিক ন্যায্যতার দাবিও দুর্বল হবে।
জলবায়ু অর্থায়ন দাতার দয়া নয়। ঐতিহাসিক নির্গমন আর ক্ষমতার বৈষম্যের প্রেক্ষাপটে এটি নৈতিক দায়, আর আইনি দায়ের স্বীকৃতিও আমাদের দাবি। প্রতিশ্রুতির অঙ্ক কত বড়, সেটা দিয়ে সাফল্য মাপা যায় না। মাপতে হবে শর্ত কতা ন্যায্য ছিল আর উপকূলের মানুষের জীবন ও অধিকার কতা সুরক্ষিত হলো। কপ২৯-এ ৩০০ বিলিয়নের অঙ্ক এসেছে, ২০২৩ সালে লস অ্যান্ড ড্যামেজ তহবিল চালুর সিদ্ধান্তও হয়েছে। প্রতিবারই ঘোষণা বড় হয়, বাস্তবে পাওয়া অর্থ ছোট থাকে।
যার দায় যত বেশি, তার দায়িত্বও তত বেশি। উন্নত দেশগুলোকে ঐতিহাসিক দায় মানতে হবে। যে পরিবার ভাঙা নদীর পাড়ে নতুন করে ঘর বাঁধছে, আন্তালিয়ার আলোচনা থেকে সে জানতে চায় একটাই কথা : কেউ কি সত্যিই দায় নিচ্ছে?
লেখক : কলামিস্ট
কেকে/সাশ