মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেবল কংগ্রেসের আসন পুনর্বণ্টনের ঘটনা নয়; এটি ক্ষমতাসীন প্রেসিডেন্টের জনপ্রিয়তা, অর্থনৈতিক ব্যবস্থাপনা, পররাষ্ট্রনীতি এবং রাজনৈতিক ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ গণরায়। ২০২৬ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির বিপরীতে ডেমোক্র্যাটদের উল্লেখযোগ্য সাফল্য মার্কিন রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। এই নির্বাচনের ফলাফল বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শেষ দুই বছরের রাজনৈতিক গতিপথ, ইরান যুদ্ধের ভবিষ্যৎ এবং মার্কিন জনগণের জীবনযাত্রার ব্যয়—সবকিছুই এখন নতুন করে আলোচনায় এসেছে।
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন, সিনেটের প্রায় এক-তৃতীয়াংশ আসন এবং বিভিন্ন অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে রিপাবলিকানদের জন্য বড় রাজনৈতিক ধাক্কা তৈরি করেছে। নির্বাচনের এই ফলাফলকে ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে জনগণের অসন্তোষের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এই নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে শুধু বিরোধী দলের জনপ্রিয়তা নয়, বরং মূল্যস্ফীতি, যুদ্ধের অর্থনৈতিক প্রভাব, শুল্কনীতি এবং অভিবাসন কার্যক্রম নিয়ে অসন্তোষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ডেমোক্র্যাটদের সাফল্য ট্রাম্পের রাজনৈতিক কর্তৃত্বকে দুর্বল করতে পারে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের ভেতর দিয়ে মধ্য প্রাচ্যে তীব্র সংকটের মুখে পড়ে এবং এর প্রভাব সামরিক সংঘাতের সীমা অতিক্রম করে বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে ছড়িয়ে পড়ে। বিশেষ করে হরমুজ প্রণালিতে বিঘ্ন সৃষ্টি হওয়ায় বিশ্ববাজারে তেল ও গ্যাস সরবরাহের ওপর চাপ বাড়ে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এই পথ দিয়ে বৈশ্বিক তেল সরবরাহের উল্লেখযোগ্য অংশ পরিবাহিত হয়। ফলে যুদ্ধের কারণে প্রণালির কার্যক্রম ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি পায়। যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ অর্থনীতিও এ ধরনের সংকট থেকে মুক্ত থাকতে পারে না। পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধি পরিবহন ব্যয় বাড়ায়, যার প্রভাব খাদ্য, পণ্য ও সেবার মূল্যেও পড়ে।
ট্রাম্প প্রশাসন ইরান যুদ্ধকে জাতীয় নিরাপত্তা ও পারমাণবিক হুমকি মোকাবিলার যুক্তিতে সমর্থন করলেও সাধারণ মার্কিন নাগরিকদের কাছে যুদ্ধের অর্থনৈতিক মূল্য ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যুদ্ধের দীর্ঘায়িত পরিস্থিতি এবং কূটনৈতিক সমাধানের অনিশ্চয়তা রিপাবলিকানদের নির্বাচনি অবস্থান দুর্বল করেছে। মধ্যবর্তী নির্বাচনের পর ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেস সামরিক ব্যয়, যুদ্ধের অর্থায়ন এবং প্রশাসনের পররাষ্ট্রনীতি নিয়ে আরও কঠোর প্রশ্ন তুলতে পারে।
মার্কিন অর্থনীতির সামগ্রিক আকার ও প্রযুক্তিগত সক্ষমতা শক্তিশালী হলেও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় রাজনৈতিক অসন্তোষের অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছে। মূল্যস্ফীতি, আবাসন ব্যয়, স্বাস্থ্যসেবা, খাদ্য এবং জ্বালানির মূল্য— এসব বিষয় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে।
পিউ রিসার্চ সেন্টারের ২০২৬ সালের অক্টোবরের জরিপ অনুযায়ী, ৮৪ শতাংশ নিবন্ধিত ভোটার অর্থনীতিকে মধ্যবর্তী নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করেছেন। রিপাবলিকান সমর্থকদের ৮২ শতাংশ এবং ডেমোক্র্যাট সমর্থকদের ৮৮ শতাংশ অর্থনীতিকে ভোটের গুরুত্বপূর্ণ নির্ধারক বলেছেন। অর্থাৎ রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকলেও অর্থনৈতিক স্বস্তির আকাক্সক্ষা উভয় দলের ভোটারদের মধ্যে প্রবল।
ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি অর্থনৈতিক বিতর্ককে আরও জটিল করেছে। বিদেশি পণ্যের ওপর শুল্ক আরোপের মাধ্যমে দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়া এবং মার্কিন উৎপাদকদের প্রতিযোগিতামূলক সুবিধা দেওয়ার লক্ষ্য ঘোষণা করা হলেও আমদানিনির্ভর পণ্যের মূল্য বৃদ্ধি ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। একই সঙ্গে ইরান যুদ্ধের কারণে জ্বালানি ব্যয় বৃদ্ধি মূল্যস্ফীতির চাপকে আরও তীব্র করেছে।
এখানে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বাস্তবতা রয়েছে। অর্থনীতির সামগ্রিক প্রবৃদ্ধি থাকলেই জনগণের সন্তুষ্টি নিশ্চিত হয় না। ফলে অর্থনৈতিক সূচকের সাফল্য এবং জনগণের অর্থনৈতিক অনুভ‚তির মধ্যে ব্যবধান তৈরি হলে তা নির্বাচনে ক্ষমতাসীন দলের জন্য নেতিবাচক ফল বয়ে আনতে পারে। ২০২৬ সালের নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয় এই বাস্তবতার একটি উল্লেখযোগ্য উদাহরণ।
ট্রাম্পের রাজনৈতিক দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো কঠোর অভিবাসননীতি। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, অনিয়মিত অভিবাসন বন্ধ করা এবং অবৈধভাবে অবস্থানরত অভিবাসীদের বহিষ্কার— এসব বিষয় রিপাবলিকানদের নির্বাচনী প্রতিশ্রুতির কেন্দ্রে ছিল। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার কার্যক্রম জোরদার করে এবং দক্ষিণ সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
কিন্তু সমস্যার সৃষ্টি হয়েছে নীতির বাস্তবায়ন পদ্ধতি নিয়ে। ব্যাপক বহিষ্কার অভিযান, কঠোর গ্রেপ্তার এবং বৈধ অভিবাসনের সুযোগ সংকুচিত করার কারণে প্রশাসন সমালোচনার মুখে পড়েছে। বিশেষ করে হিস্পানিক ভোটারদের মধ্যে
রিপাবলিকানদের সমর্থন কমে যাওয়ার প্রবণতা নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
কাউন্সিল অন ফরেন রিলেশনসের বিশ্লেষণে দেখা যায়, অনেক মার্কিন ভোটার সীমান্ত নিয়ন্ত্রণের পক্ষে থাকলেও অতিরিক্ত কঠোর বহিষ্কারনীতির প্রতি সমর্থন দেখাননি।
এখানে রিপাবলিকানদের জন্য একটি নীতিগত দ্বন্দ্ব রয়েছে : একদিকে সীমান্ত নিয়ন্ত্রণ ও জাতীয় নিরাপত্তা, অন্যদিকে মানবিক মূল্যবোধ, শ্রমবাজারের প্রয়োজন এবং অভিবাসীদের সামাজিক অবদান। ভবিষ্যতে এই দ্ব›দ্ব মোকাবিলা করতে না পারলে দলটির নির্বাচনি ভিত্তি আরও সংকুচিত হতে পারে।
নির্বাচনের পর কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ট্রাম্প প্রশাসনের জন্য নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের সাংবিধানিক ব্যবস্থায় প্রেসিডেন্ট নির্বাহী ক্ষমতার অধিকারী হলেও কংগ্রেস আইন প্রণয়ন, বাজেট অনুমোদন এবং প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ডেমোক্র্যাটরা এখন যুদ্ধের অর্থায়ন, অভিবাসননীতি, শুল্ক আরোপ, স্বাস্থ্যসেবা এবং প্রশাসনিক স্বচ্ছতার বিষয়ে রিপাবলিকানদের চাপে রাখতে পারবেন। বিশেষত ইরান যুদ্ধের ব্যয় এবং সামরিক কার্যক্রমের ওপর কংগ্রেসের নজরদারি বাড়তে পারে। তবে প্রেসিডেন্টের ভেটো ক্ষমতা এবং দলীয় বিভাজনের কারণে সব বিষয়ে ডেমোক্র্যাটদের ইচ্ছা বাস্তবায়িত হবে, এমন নিশ্চয়তা নেই।
এ পরিস্থিতিতে ট্রাম্প কার্যত একজন ‘লেম ডাক’ প্রেসিডেন্টে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। অর্থাৎ প্রেসিডেন্ট হিসেবে তার সাংবিধানিক মেয়াদ অব্যাহত থাকলেও রাজনৈতিক কর্তৃত্ব এবং নতুন নীতি বাস্তবায়নের সক্ষমতা সীমিত হতে পারে। তবে তিনি নির্বাহী আদেশ, পররাষ্ট্রনীতি এবং প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে নিজের রাজনৈতিক এজেন্ডা এগিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন।
ট্রাম্প প্রশাসনের সামনে এখন তিনটি বড় চ্যালেঞ্জ— ইরান যুদ্ধের একটি কার্যকর ক‚টনৈতিক সমাধান খুঁজে বের করা, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ করা এবং অভিবাসননীতিতে নিরাপত্তা ও মানবিকতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করা। অন্যদিকে ডেমোক্র্যাটদের জন্যও এটি একটি পরীক্ষা। বিরোধী দল হিসেবে সাফল্য অর্জন করা এবং ক্ষমতাসীন অবস্থানে থেকে কার্যকর নীতি বাস্তবায়ন করা এক বিষয় নয়।
বিশ্বের বৃহত্তম অর্থনীতি ও সবচেয়ে প্রভাবশালী সামরিক শক্তির রাজনৈতিক অস্থিরতা আন্তর্জাতিক ব্যবস্থার ওপরও প্রভাব ফেলবে। বিশেষ করে জ্বালানি বাজার, বৈশ্বিক বাণিজ্য, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্থিতিশীলতা মার্কিন নীতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। বাংলাদেশের মতো জ্বালানি আমদানিনির্ভর দেশের জন্যও ইরান যুদ্ধ এবং মার্কিন অর্থনৈতিক নীতির পরিবর্তন গুরুত্বপূর্ণ।
আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি, ডলারের বিনিময় হার এবং পরিবহন ব্যয়ের পরিবর্তন বাংলাদেশের আমদানি ব্যয়, মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার ওপর চাপ সৃষ্টি করতে পারে। সুতরাং, মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে কেবল রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের ক্ষমতার লড়াই হিসেবে দেখলে এর প্রকৃত তাৎপর্য অনুধাবন করা সম্ভব নয়। এটি একইসঙ্গে যুদ্ধ, অর্থনীতি, অভিবাসন এবং গণতান্ত্রিক জবাবদিহির প্রশ্নে মার্কিন জনগণের অবস্থান প্রকাশ করেছে।
নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো— রাজনৈতিক ক্ষমতার স্থায়িত্ব নির্ভর করে জনগণের আস্থা ও জীবনযাত্রার বাস্তব উন্নতির ওপর। ট্রাম্প প্রশাসন এই আস্থা পুনরুদ্ধার করতে পারে কি না, এবং ডেমোক্র্যাটরা বিকল্প নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে কি না, তার ওপরই নির্ভর করবে ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রাজনৈতিক প্রেক্ষাপট।
লেখক : প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, শহিদ এম. মনসুর আলী কলেজ
কেকে/সাশ