শুরুটা হয়েছিল সংসারের প্রয়োজনে। করোনাকালে স্বামী প্রবাস থেকে দেশে ফিরে আসার পর পরিবারে দেখা দেয় আর্থিক সংকট। সেই সংকট মোকাবিলায় ঘরে বসে কিছু একটা করার তাগিদ অনুভব করেন গৃহীনি তানহা বিনতে ওয়াকিয়া। হাতে ছিল মাত্র ১০ হাজার টাকা। কেক তৈরির কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণও ছিল না। তবু থেমে থাকেননি। ইউটিউব দেখে শিখেছেন কেক তৈরির কৌশল। এরপর নিজের তৈরি কেকের ছবি ফেসবুকে পোস্ট করতে শুরু করেন। সেখান থেকেই আসতে থাকে ক্রেতাদের সাড়া। বাড়তে থাকে অর্ডার, বিস্তৃত হয় পরিচিতি। একসময় সংসারের প্রয়োজনে শুরু করা সেই উদ্যোগই হয়ে ওঠে তার স্বাবলম্বী হওয়ার পথ।
তানহা বিনতে ওয়াকিয়া চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রোসাংগীরি ইউনিয়নের আজিমনগর গ্রামের বাসিন্দা। তিনি প্রবাসফেরত আবুল বশরের স্ত্রী। স্বামী, এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে তার সংসার। ২০২১ সালে মাত্র ১০ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করেন কেক তৈরির কাজ। বর্তমানে তার উদ্যোগের নাম ‘মেজবিন কেক এন্ড মোর’। ঘরে তৈরি কেকের প্রচার করেন নিজের ফেসবুক ও পেজের মাধ্যমে। অনলাইনে অর্ডার নিয়ে ক্রেতাদের কাছে পৌঁছে দেন নিজের হাতে তৈরি কেক।
উদ্যোক্তা তানহা বলেন, ‘করোনার সময় আমার স্বামী প্রবাস থেকে দেশে ফিরে আসেন। তখন সংসারে কিছুটা আর্থিক সংকট তৈরি হয়। ভাবতে থাকি, ঘরে বসে কী করা যায়, যার মাধ্যমে পরিবারের পাশে দাঁড়াতে পারব। তখনই কেক তৈরির কাজ শুরু করার সিদ্ধান্ত নিই। হাতে ছিল মাত্র ১০ হাজার টাকা। কেক তৈরির কোনো প্রশিক্ষণ ছিল না। ইউটিউব দেখে দেখে শিখেছি। প্রথমে নিজের মতো করে কেক তৈরি করে ফেসবুকে ছবি দিতাম। সেখান থেকেই অর্ডার আসতে শুরু করে। ক্রেতাদের সাড়া পেয়ে কাজের প্রতি আগ্রহ আরও বেড়ে যায়।’
তানহা বিনতে ওয়াকিয়া বর্তমানে মাসে গড়ে ৬০ থেকে ৬৫টি কেকের অর্ডার পান। ৫০০ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত দামের কেক তৈরি করেন। সব মিলিয়ে প্রতি মাসে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার কেক বিক্রি হয় তার। ফটিকছড়ির পাশাপাশি হাটহাজারী ও চট্টগ্রাম শহর থেকেও আসে অর্ডার। ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ডিজাইন, স্বাদ ও সাজসজ্জার কেক তৈরি করেন তিনি।
বর্তমান ব্যবসার অগ্রগতি নিয়ে তানহা বলেন, ‘এখন প্রতি মাসে গড়ে ৬০ থেকে ৬৫টি কেকের অর্ডার পাই। ক্রেতারা যে ধরনের ডিজাইন বা স্বাদের কেক চান, তাদের চাহিদা অনুযায়ী তৈরি করার চেষ্টা করি। আমার কাছে কেকের স্বাদ, সুন্দর ডিজাইন এবং সাশ্রয়ী দাম- তিনটিই গুরুত্বপূর্ণ। ক্রেতারা কেক পছন্দ করলে এবং সন্তুষ্টি প্রকাশ করলে কাজের প্রতি আরও উৎসাহ পাই। তাদের ভালোবাসা ও আস্থাই আমাকে সামনে এগিয়ে যাওয়ার সাহস জোগায়।’
শুরুর দিকে প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে সীমিত পরিসরে কাজ করতে হতো তানহাকে। তবে ব্যবসার আয় থেকেই ধীরে ধীরে সংগ্রহ করেছেন কেক তৈরির প্রয়োজনীয় সরঞ্জাম। এ ক্ষেত্রে পরিবারের সদস্যদের সহযোগিতাও পেয়েছেন। বিশেষ করে তাঁর মেয়েরা কেক তৈরির কাজে সহযোগিতা করেন। শুরু থেকেই স্বামীর উৎসাহ ও সমর্থন ছিল তার পথচলার অন্যতম শক্তি।
পারিবারিক সহযোগিতার বিষয়ে তিনি বলেন, ‘শুরুতে সবকিছু একাই সামলাতে হতো। ধীরে ধীরে প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করেছি। এখন আমার মেয়েরাও কাজে সহযোগিতা করে। পরিবারের সহযোগিতা না পেলে এত দূর আসা কঠিন হতো। আমার স্বামীও সব সময় উৎসাহ দিয়েছেন। তাঁদের সহযোগিতা আমাকে কাজটি আরও ভালোভাবে এগিয়ে নিতে অনুপ্রাণিত করে।’
কেক তৈরির পাশাপাশি তানহা ফটিকছড়িতে কৃষি বিপণনের প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন। অর্থাৎ, নিজের ব্যবসা পরিচালনার পাশাপাশি প্রশিক্ষণ কার্যক্রমেও যুক্ত রয়েছেন তিনি। ব্যস্ততার মধ্যেও নিজের উদ্যোগকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন এই নারী উদ্যোক্তা।
তানহার এই পথচলায় স্বীকৃতিও মিলেছে। গত ৭ নভেম্বর পঞ্চবটি চা বাগানে আয়োজিত ফটিকছড়ি উদ্যোক্তা পরিবারের বর্ষপূর্তি অনুষ্ঠান ও ‘উদ্যোক্তা মিলনমেলা–২০২৬’-এ সফল নারী উদ্যোক্তা হিসেবে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। এই স্বীকৃতি তাঁর উদ্যোগের পথচলায় নতুন অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন ইউএনও।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তানহা বলেন, ‘আমার স্বপ্ন, একদিন নিজের একটি ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলব। শুধু নিজে স্বাবলম্বী হওয়াই আমার লক্ষ্য নয়, আরও কয়েকজন নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই। বিশেষ করে যেসব নারী ঘরে বসে কিছু করতে চান, তাদের জন্য কাজের সুযোগ তৈরি করতে চাই।
স্বামী আবু বশর বলেন, ‘শুরু থেকেই তানহার উদ্যোগে আমি উৎসাহ দিয়েছি। তার পরিশ্রম ও আগ্রহের কারণেই আজ সে সফলতার পথে এগিয়ে যাচ্ছে। তার এই অর্জনে আমি গর্বিত।’
ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘তানহার মতো নারী উদ্যোক্তারা সমাজের জন্য অনুপ্রেরণা। অল্প পুঁজি ও নিজের প্রচেষ্টায় তার এই সাফল্য অন্য নারীদেরও স্বাবলম্বী হতে উৎসাহিত করবে।’
কেকে/ এমএস