‘ছওয়াব’-এর উদ্যোগে ৩৫০ জনের চোখে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৫:২৬ পিএম
ছবি: খোলা কাগজ
দৃষ্টিহীনতার অন্ধকার দূর করে মানুষের জীবনে আবারও আলোর প্রত্যাবর্তন ঘটানোর প্রত্যয়ে মানবিক উদ্যোগ নিয়েছে ‘ছওয়াব’। সংস্থাটির উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুরে ৫০ জন এবং দিনাজপুরের চিরিরবন্দরে ৩০০ জন অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চোখের ছানি অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করা হয়েছে।
এ মানবিক কার্যক্রমে দাতা সংস্থার দুই প্রতিনিধি ড. ওমর আইপার ও আইদিন আকপিনার সরাসরি কার্যক্রমে অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ছওয়াব’র চেয়ারম্যান এসএম রাশেদুজ্জামান। এ সময় আইরিশ আই হাসপাতালের সিইও নজরুল ইসলাম সুমন, ‘ছওয়াব’র প্রোগ্রাম ম্যানেজার হাসিবুর রহমানসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছবি: খোলা কাগজ
চোখের আলো হারিয়ে ফেলা কিংবা ঝাপসা দৃষ্টির কারণে প্রতিদিনের স্বাভাবিক জীবনযাপন যখন কঠিন হয়ে ওঠে, তখন অনেক অসচ্ছল মানুষের কাছে ছানি অপারেশনের ব্যয় বহন করাও হয়ে দাঁড়ায় বড় চ্যালেঞ্জ। চিকিৎসার অভাবে তাদের অনেকেই দিনের পর দিন দৃষ্টিশক্তির সমস্যায় ভোগেন। পরিবারের সদস্যদের ওপর নির্ভরশীল হয়ে পড়েন, হারিয়ে ফেলেন স্বাভাবিকভাবে চলাফেরা ও কাজ করার সক্ষমতা। তাদের সেই অসহায়ত্ব ও কষ্টের কথা বিবেচনায় নিয়েই ‘ছওয়াব’র এই মানবিক উদ্যোগ।
এই কার্যক্রমের মাধ্যমে ৩৫০ জন মানুষের চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে, যা তাদের জীবনে নতুন আশার আলো জ্বালানোর একটি প্রয়াস। একটি সফল অপারেশন শুধু একজন মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার চিকিৎসা নয়; বরং তার আত্মনির্ভরশীলতা, স্বাভাবিক জীবনযাপন ও পরিবারের সঙ্গে আনন্দময় মুহূর্তগুলো ফিরে পাওয়ার একটি সম্ভাবনা।
‘ছওয়াব’ মনে করে, চিকিৎসাসেবা কোনো বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। আর্থিক অসচ্ছলতা যেন কোনো মানুষের সুস্থভাবে বেঁচে থাকা কিংবা পৃথিবীর সৌন্দর্য দেখার পথে বাধা হয়ে না দাঁড়ায়। মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও দায়বদ্ধতা থেকেই সংস্থাটি এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ছওয়াবের প্রত্যাশা—একটি মানবিক সমাজ গড়ে উঠুক, যেখানে অর্থের অভাবে কেউ চিকিৎসাবঞ্চিত হবে না, দৃষ্টিশক্তি হারিয়ে কেউ অসহায়ত্বের অন্ধকারে ডুবে থাকবে না। মানুষের চোখে আলো ফিরিয়ে দেওয়ার এই প্রচেষ্টা ছড়িয়ে পড়ুক সমাজের প্রতিটি স্তরে।
উপকারভোগীরা বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ায় দাতা সংস্থা ও ‘ছওয়াব’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে ‘ছওয়াব’র চেয়ারম্যান ও দাতা সংস্থার প্রতিনিধিরা মানবতার সেবায় এবং বাংলাদেশের মানুষের কল্যাণে ছওয়াবের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।