একটি নাটক মানুষের মন কতটা গভীরভাবে ছুঁয়ে যেতে পারে, তারই যেন নতুন উদাহরণ পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’। সম্পর্কের জটিলতা, ভালোবাসার টানাপোড়েন, বিশ্বাসের ভাঙন, প্রথম প্রেমের বিষাদ আর নতুন করে জীবন শুরুর গল্প—সব মিলিয়ে এগিয়ে চলছে ধারাবাহিকটি। প্রতিটি পর্বেই যেন দর্শক খুঁজে পাচ্ছেন নিজের জীবনের কোনো না কোনো গল্প। চরিত্রগুলোর হাসি-কান্না, অভিমান কিংবা ছোট ছোট আবেগের মুহূর্ত দর্শকদের মনে তৈরি করছে আলাদা এক অনুভূতি।
এই ধারাবাহিকের পুরুষ চরিত্র আবু বকরকে ঘিরে দর্শকদের আগ্রহ এখন বেশ চোখে পড়ার মতো। বিশেষ করে নারী দর্শকদের কাছে চরিত্রটি যেন হয়ে উঠেছে প্রত্যাশিত জীবনসঙ্গীর প্রতিচ্ছবি। কারণ, আবু বকরের মধ্যে রয়েছে সঙ্গীকে বোঝার চেষ্টা, ভুলত্রুটি নিয়েও পাশে থাকার মানসিকতা, মমতা দিয়ে আগলে রাখার ক্ষমতা আর সম্পর্ককে সহজভাবে এগিয়ে নেওয়ার পরিণত বোধ। ভালোবাসার সম্পর্কে অনেকেই হয়তো এমন একজন মানুষকেই খুঁজে ফেরেন।
নাটকের শুরুতে ছিল অবিশ্বাস, মান-অভিমান আর সম্পর্কের ভাঙনের গল্প। কিন্তু সময়ের সঙ্গে সেই গল্পে এখন জায়গা করে নিয়েছে ভালোবাসার নতুন অধ্যায়। বড় কোনো আয়োজন নয়, বরং ছোট ছোট অভিব্যক্তি, যত্ন আর আচরণেই ফুটে উঠছে দুজন মানুষের কাছাকাছি আসার গল্প। আর এই সূক্ষ্ম রসায়নই দর্শকদের আটকে রাখছে পর্দায়।
ধারাবাহিকটির ২৮তম পর্বে আবু বকর ও জারিয়াবের একসঙ্গে নৈশভোজের দৃশ্যটি এখন দর্শকদের আলোচনার কেন্দ্রে। খুনসুটি, হাসি-ঠাট্টা আর মিষ্টি কথোপকথনের মধ্য দিয়ে এগিয়ে যায় তাঁদের সময় কাটানোর মুহূর্ত। তবে সবকিছুকে ছাপিয়ে আলোচনায় এসেছে এক বাটি নুডলস ভাগ করে খাওয়ার দৃশ্য। খুব সাধারণ একটি মুহূর্ত, অথচ তাতেই যেন ধরা দিয়েছে ভালোবাসার অসাধারণ সৌন্দর্য। কোনো বাড়তি নাটকীয়তা ছাড়াই দৃশ্যটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।
আবু বকর চরিত্রে অভিনয় করেছেন শেহরিয়ার মুনাওয়ার এবং জারিয়াবের ভূমিকায় রয়েছেন দুরেফিশান সেলিম। পর্দায় তাদের সম্পর্কের রসায়ন দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করেছে। তবে এই সম্পর্কের পথচলা মোটেও সহজ ছিল না। অতীতের বিশ্বাসভঙ্গ ও মানসিক আঘাতে বিপর্যস্ত জারিয়াবের জীবনে নতুন আশার জায়গা হয়ে আসে আবু বকর। স্ত্রীর অতীত নিয়ে প্রশ্ন তোলা কিংবা তাকে বিচার করার পরিবর্তে ধৈর্য, সম্মান ও ভালোবাসা দিয়ে পাশে থাকার চেষ্টা করে সে। ধীরে ধীরে দুজনের মধ্যে গড়ে ওঠে পারস্পরিক বিশ্বাস ও নির্ভরতার সম্পর্ক।
একসময় প্রাণচঞ্চল জারিয়াবের জীবন বদলে যায় শৈশবের পরিচিত জামিলের বিশ্বাসঘাতকতায়। জামিল চরিত্রে অভিনয় করেছেন নামির নওয়াজ খান। সেই তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে স্বাভাবিক জীবনে ফিরতে জারিয়াবকে করতে হয়েছে দীর্ঘ লড়াই। ফলে আবু বকরের সঙ্গে তাঁর প্রতিটি সুন্দর মুহূর্ত কেবল রোমান্টিকতার গল্প হয়ে থাকছে না; বরং একজন মানুষের মানসিকভাবে ঘুরে দাঁড়ানো এবং নতুন করে ভালোবাসতে শেখার গল্পও হয়ে উঠছে।
এদিকে জারিয়াবকে নিয়ে কেনাকাটা করতে যাওয়ার প্রস্তাব দিয়েও দর্শকদের নজর কেড়েছে আবু বকর। তার এই প্রস্তাবের পেছনে কেনাকাটার আগ্রহের চেয়ে স্ত্রীর সঙ্গে আরও কিছুটা সময় কাটানোর ইচ্ছাই বেশি কাজ করছে বলে মনে করছেন অনেক দর্শক। এমন ছোট ছোট উদ্যোগেই যেন ধরা পড়ছে চরিত্রটির প্রতি দর্শকদের ভালো লাগার কারণ।
আবু বকর ও জারিয়াবের রসায়ন এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে ভক্তরা তাদের জুটির নাম দিয়েছেন ‘আবজার’। সামাজিক যোগাযোগমাধ্যমে এই জুটিকে নিয়ে তৈরি হচ্ছে নানা ভিডিও, সম্পাদিত ক্লিপ ও ভালো লাগার মুহূর্ত। বিশেষ করে নুডলস ভাগ করে খাওয়ার দৃশ্যটি ঘিরে ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো।
সব মিলিয়ে ‘দার-ই-নিজাত’ এখন শুধু একটি প্রেমের ধারাবাহিক নয়; বরং বিশ্বাস ফিরে পাওয়া, অতীতের ক্ষত পেরিয়ে নতুন করে কাউকে আপন করে নেওয়া এবং সম্পর্কের ছোট ছোট যত্নের গল্প। হয়তো এ কারণেই এক বাটি নুডলসের মতো সাধারণ দৃশ্যও দর্শকদের কাছে হয়ে উঠছে বিশেষ। কারণ, ভালোবাসা সব সময় বড় কোনো আয়োজনের নাম নয়—কখনো কখনো প্রিয় মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া সামান্য কিছু মুহূর্তই হয়ে ওঠে সবচেয়ে সুন্দর গল্প।
কেকে/সাশ