বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে মৃত্যুর মিছিলে আরও তিন প্রাণ, আক্রান্ত ছাড়াল দেড় লাখ      ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      
বিনোদন
টিআইসিতে ১৬-১৭ নভেম্বর কথাসুন্দর নাট্যদলের তৃতীয় প্রযোজনা ‘ঘোড়া’র প্রদর্শনী
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:৫৬ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

নাট্যদল ‘কথাসুন্দর নাট্যদল’ মঞ্চে আনছে তাদের তৃতীয় নাট্যপ্রযোজনা ‘ঘোড়া’। আগামী ১৬ ও ১৭ নভেম্বর নাটকটির মঞ্চায়ন অনুষ্ঠিত হবে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) সন্ধ্যা সোয়া ৭টায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগ্রন্থ ‘লিপিকা’র একটি গল্প অবলম্বনে নির্মিত হয়েছে এই নাটক। নির্দেশনায় রয়েছেন কুন্তল বড়ুয়া। নাট্যরূপান্তর করেছেন সৌমিত্র বসু।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘লিপিকা’ প্রকাশিত হয় ১৯২২ সালে। কবিতা ও গল্পের এক আশ্চর্য মেলবন্ধনে রচিত এই গ্রন্থের প্রতিটি রচনাতেই রয়েছে গভীর জীবনবোধ ও দার্শনিক উপলব্ধি। সেই গ্রন্থের ‘ঘোড়া’ গল্পকে মঞ্চভাষায় রূপ দিয়েছেন নাট্যকার ও নির্দেশক।

নাটকের কেন্দ্রে রয়েছে স্বাধীনতার সহজাত আকাঙ্ক্ষা এবং মানুষের আধিপত্য বিস্তারের প্রবণতার গভীর দ্বন্দ্ব। প্রকৃতির বিস্তীর্ণ প্রান্তরে জন্ম নেওয়া ঘোড়ার স্বভাব মুক্ত, তার প্রাণে দুরন্ত গতি। দিগন্ত পেরিয়ে বাতাসের আগে ছুটে চলাই তার আনন্দ। কিন্তু মানুষের লোভাতুর দৃষ্টি পড়ে সেই স্বাভাবিক শক্তি ও গতির ওপর। বুদ্ধি ও কৌশলে মানুষ ঘোড়াকে বশীভূত করে, তার পিঠে চাপিয়ে দেয় সৈন্য-সামন্ত, অস্ত্রশস্ত্র ও যুদ্ধের আয়োজন। একসময় মানুষের ক্ষমতা, আধিপত্য ও বিজয়ের আকাঙ্ক্ষার বাহন হয়ে ওঠে ঘোড়া। এভাবেই মানুষের স্বার্থ ও উচ্চাকাঙ্ক্ষার কাছে হারিয়ে যায় তার সহজাত স্বাধীনতা।

নাটকটির মধ্য দিয়ে স্বাধীনতার স্বরূপ, ক্ষমতার অপব্যবহার ও মানুষের আধিপত্যবাদী মানসিকতার মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে। রবীন্দ্রনাথের প্রতীকী ভাবনাকে সমকালীন মঞ্চভাষায় উপস্থাপনের এই প্রয়াস দর্শকদের নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নাটকটির বিশেষ দিক হলো এতে অভিনয় করছেন চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একঝাঁক শিক্ষানবিশ ও তরুণ প্রতিভাবান অভিনয়শিল্পী। নাটকটিতে গীতিকার ও সুরকার হিসেবে রয়েছেন দীপঙ্কর দে। সংগীত শিক্ষায় হিমাদ্রি শেখর রায়। পাপেট নির্মাণে কাকতাড়ুয়া পাপেট ঢাকা। নৃত্যের কোরিওগ্রাফি করেছেন ময়ূখ সরকার। তালবাদ্যে নিলয় দত্ত।পারকাশনিস্ট ক্যউপ্রু মার্মা।

সহযোগী বাদ্যযন্ত্রী মানস পাল ও দীপঙ্কর দে। আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান। আলো প্রক্ষেপণে আসিফ ইবনে ইউসুফ। পোশাক পরিকল্পক অর্পিতা ভট্টাচার্য। পোস্টার ও বুকলেট পরিকল্পনা ইয়াকিন হায়দার। অডিও ও মিউজিক সম্পাদনায় অভ্র বড়ুয়া। প্রযোজনা অধিকর্তা শুভাশিস দাশগুপ্ত ও ইউনুস রানা। প্রচার ও প্রকাশনায় সুমেধ বড়ুয়া। মঞ্চ নির্মাণে আব্দুল মালেক। সহযোগিতায় ওড়িশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার চট্টগ্রাম ও দি অ্যাড কমিউনিকেশন। সহযোগী পরিচালক হিমাদ্রী শেখর রায়।

অভিনয় ইয়াকিন হায়দার, আতেরা নাবিলা শেমন্তি, অর্পিতা ভট্টাচার্য, নুসরাত জাহান হোসেন, অনন্যা ভৌমিক, মো. শাহরিয়ার শাকিল, শুভাশিস দাশগুপ্ত, পার্থ সেন, সৌরভ দাশ, ভাস্কর রায়, সুমেধ বড়ুয়া।

নৃত্যে ও কোরাসে পূজা দেব, ঋয়াংকা বিশ্বাংগ্রী, সরিমা সরকার, দেবস্মিতা দাশ, সমৃদ্ধি বড়ুয়া, ময়ূরাক্ষী দাশগুপ্ত ও রূপু চৌধুরী।

রবীন্দ্রসাহিত্যের কালজয়ী ভাবনাকে নতুন প্রজন্মের শিল্পীদের অভিনয় ও সৃজনশীলতায় মঞ্চে তুলে ধরার মধ্য দিয়ে ‘ঘোড়া’ চট্টগ্রামের নাট্যাঙ্গনে নতুন মাত্রা যোগ করবে- এমনটাই প্রত্যাশা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  টিআইসি   কথাসুন্দর নাট্যদল   তৃতীয় প্রযোজনা ঘোড়া   প্রদর্শনী  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close