এসএসসি ও এইচএসসি পরীক্ষা, ফল প্রকাশ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রমের দীর্ঘসূত্রতায় শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষা ও ভর্তি কার্যক্রমের প্রশাসনিক জটিলতায় একজন শিক্ষার্থীর প্রায় দুই বছর সময় নষ্ট হচ্ছে। বছরে ২০ লাখ শিক্ষার্থীর হিসাবে এ অপচয় ৪০ লাখ বছরের সমান।’
দীর্ঘসূত্রতা কমাতে আগামী বছর এসএসসি পরীক্ষা ১৫ মার্চ শুরু করে এক মাসের মধ্যে শেষ করার পরিকল্পনার কথা জানান তিনি। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘এবার পাসের হার মাত্র ৫২ শতাংশ। এ ছাড়া উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী ২৩ নভেম্বরের মধ্যে প্রকাশের পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম দ্রুত শুরুর বিষয়েও উপাচার্যদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।’
কেকে/ এসএমএন