ব্যুফে যুদ্ধ জিতবেন যেভাবে : পেট নয়, বুদ্ধি কাজে লাগান
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৪ পিএম
সংগৃহীত ছবি
ব্যুফে শব্দটা শুনলেই অনেকের চোখে ভেসে ওঠে একটাই দৃশ্য—প্লেটের ওপর প্লেট, পাহাড়সম খাবার আর মনে মনে ঘোষণা, ‘আজ কোনো হিসাব নেই!’ কিন্তু বাস্তবে ব্যুফে মোটেও পেটভর্তি খাওয়ার অবাধ লাইসেন্স নয়। এটা এক ধরনের নীরব প্রতিযোগিতা, যেখানে ভুল সিদ্ধান্ত মানেই দ্রুত পরাজয়—স্যুপে হেরে যাওয়া, নুডুলসে আটকে পড়া কিংবা ডেজার্টের আগেই পেটের পতাকা নামানো। তাই, ব্যুফেতে সত্যিকারের জয় পেতে হলে চাই পরিকল্পনা, ধৈর্য আর সামান্য চালাক বুদ্ধি। আর সেই যুদ্ধেই আপনাকে জেতাতে, থাকছে কিছু জরুরি, মজার আর একেবারে বাস্তব টিপস।
সঙ্গী নির্বাচনের কৌশল :
ব্যুফেতে সঙ্গী বেছে নেওয়া মানে যুদ্ধের আগে কমরেড ঠিক করা। স্বল্পাহারী বা খাবারে খুঁতখুঁতে সঙ্গী মানেই আপনার মনোযোগ নষ্ট! খেতে খেতে শুনতে হবে, “এই তুমি এত খাচ্ছো কেন?”, “ওই লোকটা দেখছে!”, “আমরা কি লোভী নাকি?” নিজের চেয়েও বেশি খাদক কাউকে সঙ্গে নিন। তাতে প্রতিযোগিতা চলবে, লজ্জা কমবে!
সময় ব্যবস্থাপনা :
প্রায় সব ব্যুফেরই সময় সীমিত, সাধারণত ২-৩ ঘণ্টা। সময় শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট আগে পৌঁছে যান। এই সময়ে ‘নাকের চর্চা’ করুন, কোন কোন ঘ্রাণ মনকে উসকে দিচ্ছে তা নিরীক্ষা করুন। মেনুটা একবার চোখ বুলিয়ে বুঝে নিন- কোন আইটেম ‘হিরো’ আর কোনটা ‘ফিলার’।
সংগৃহীত ছবি
যে খাবারগুলো খাবেন না :
স্যুপ : গন্ধে ভালো, কাজে খারাপ। পেট ভরিয়ে দিয়ে আসল খাবারের জায়গা নষ্ট করবে।
সালাদ : চোখে সুন্দর, কাজে ফাঁকি। দুই একটা ছাড়া বাকি সব আপনার ক্ষুধার শত্রু।
নুডুলস/পাস্তা/ভাত : বেশি নিলে আর কিছু খেতে পারবেন না। চেখে দেখুন, ব্যস।
ফালতু আইটেম : নাম না জানা রান্না বা এক্সপেরিমেন্টাল আইটেম থেকে দূরে থাকুন।
একবার ঘুরে দেখুন সবকিছু :
খাওয়া শুরুর আগে পুরো খাবার গ্যালারি ঘুরে দেখুন। এতে আপনি বুঝতে পারবেন কোন আইটেম টপ প্রায়োরিটি, কোনটা শুধু ফাঁকা জায়গা পূরণ।
পোশাক নির্বাচন :
আপনার ওয়ারড্রোবের সবচেয়ে ঢিলে প্যান্টটা বের করুন। তার সাথে ঢোলা টি-শার্ট। বেল্ট, ইন করা, টাইট জামা, সব বর্জন করুন। আপনার পোশাক হোক আপনার ‘স্টোমাক স্পেস ম্যানেজমেন্ট টুল’!
জল নয়, খাবার আগে :
খাওয়ার মাঝে বা শুরুর আগে জল ভুলেও খাবেন না। জল আপনার খালি জায়গা দখল করে ফেলবে।
লজ্জা বাদ দিন :
ব্যুফে-খাদকদের সবচেয়ে বড় শত্রু, ‘লজ্জা। ওয়েটার তাকিয়ে থাকলে পাত্তা দেবেন না। পাশের টেবিলের লোক হাসলে ভাবুন, ‘তোমার দেড় হাজার গেছে পানিতে, আমারটা গেছে মাটিতে।’
বিরতির গুরুত্ব :
যখন পেট বোঝা লাগবে, ভরপেট মনে হবে, তখন ৫-১০ মিনিট জিরিয়ে নিন। বসে থাকুন, মোবাইলে একটু স্ক্রল করুন, জল একটু ছুঁয়ে দেখুন (খাবেন না!) দেখবেন সেই সময়েই নতুন জায়গা তৈরি হয়ে গেছে।
মানসিক প্রস্তুতি :
‘এত টাকা দিয়ে কিছুই খেলাম না’- এই আফসোসে যদি পেট চেপে ধরেন, তাহলে মাথায় রাখুন, টাকার কথা ভাবলেই খালি পেট জায়গা করে দেবে!
ব্যুফে খাওয়া মানে শুধু ‘খাওয়া’ নয়, এটি এক উৎসব, এক কৌশলী খেলা! আপনার লক্ষ্য যেন হয় ‘স্মার্টলি খাওয়া, হ্যাপিলি বের হওয়া’। তাই, এবার ব্যুফেতে যাওয়ার আগে এসব কৌশল পড়ে যাবেন।