বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
খোলাকাগজ স্পেশাল
সীমান্ত দিয়ে অবাধে ঢুকছে অবৈধ অস্ত্র
রোকন উদ্দিন
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১১:২৫ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে দেশে অবাধে ঢুকছে অবৈধ অস্ত্র। পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থানরত কয়েকজন পলাতক রাজনৈতিক নেতা ও সন্ত্রাসী এই অস্ত্র পাচারচক্রের নেপথ্য নিয়ন্ত্রক হিসেবে কাজ করছে বলে জানা গেছে। তাদের নির্দেশনায় সীমান্ত এলাকায় সক্রিয় রয়েছে শক্তিশালী সিন্ডিকেট। 

বিষয়টি দীর্ঘদিন ধরে গোয়েন্দা সংস্থাগুলোর নজরে সীমাবদ্ধ থাকলেও এবার প্রকাশ্যে স্বীকার করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। 
 
নির্বাচনকে টার্গেট করে সীমান্ত দিয়ে দেশে অবৈধ অস্ত্র প্রবেশ করছে বলে স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ‘দু-চারটি অস্ত্র যে ঢুকছে না তা আমি বলব না, ঢুকছে এবং ধরাও হচ্ছে। প্রতিদিন একটা-দুটা করে ধরা হচ্ছে।’ 

সোমবার পিলখানায় বিজিবি সদর দপ্তরের আয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০২৫ উপলক্ষে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের পর বিষয়টি নিয়ে উদ্বেগ আরো গভীর করেছে। নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন নির্বাচনকে টার্গেট করে দেশে অস্ত্র ঢুকেছ, এটা এতদিন বিচ্ছিন্নভাবে শোনা গেলেও শেষ পর্যন্ত সরকারের পক্ষ থেকে বিষয়টি স্বীকার করা হয়েছে। ফলে বিষয়টি নিয়ে জনমনে নিরাপত্তা ও নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে। এ ছাড়া দেশে যেভাবে অবৈধ অস্ত্র ঢুকছে, তা যদি নিয়ন্ত্রণ করা না যায়; তাহলে নির্বাচনের পরিবেশ হবে রক্তক্ষয়ী। এমন পরিস্থিতি সুষ্ঠু ভোটকেও বাধাগ্রস্ত করবে। সুতরাং, এ ব্যাপারে এখন থেকেই উদ্যোগ নিতে হবে। বাড়াতে হবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা।
  
এদিকে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশের বিভিন্ন স্থানে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার হবিগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবি ওয়াকিটকি সেট ও অস্ত্র উদ্ধার করে। হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালান দমন বিজিবির প্রধান দায়িত্ব। 

একইদিন খাগড়াছড়ির মাটিরাঙা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি ভারতীয় পিস্তল, তাজা গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বিজিবি। এ বিষয়ে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহা. শাহীনূল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র পাচার ও অনুপ্রবেশ রোধে বিজিবির সদস্যরা সর্বদা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। গত মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার রাঘববাটি এলাকা থেকে ৫৩ বিজিবির মনাকষা বিওপির সদস্যরা এগুলো জব্দ করেন। অভিযানের বিষয়টি বুঝতে পেরে সন্দেহভাজন অস্ত্রের ব্যাগটি ফেলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান দমনে কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এর আগে ১৫ ডিসেম্বর জেলার মনোহরপুর সীমান্ত থেকে বিজিবি চারটি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি জব্দ করে। বিজিবির চাঁপাইনবাবগঞ্জ-৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রে প্রস্তুত এসব অস্ত্র জব্দ করা হয়।

এরও আগে ২৬ অক্টোবর বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে আটটি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, গুলি, গানপাউডার ও প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়। গোয়েন্দা সূত্রের দাবি, চালানটি ভারতীয় সীমান্ত পেরিয়ে চাঁপাইনবাবগঞ্জ দিয়ে দেশে প্রবেশ করেছিল।

এ ছাড়া ১৬ আগস্ট রাজশাহীর বোয়ালিয়া থানায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মোন্তাসেরুল আলম অনিন্দ্যকে আটক করা হয়। অভিযানে উদ্ধার করা হয় দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলবার, ছয়টি দেশি অস্ত্র, একটি টেজারগান, চারটি ওয়াকিটকি ও একটি বাইনোকুলার। এর বাইরেও বিভিন্ন সময়ে রাজশাহী ও নওগাঁ এলাকায় সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের অভিযানে একাধিক বিদেশি ও দেশি অস্ত্র জব্দ এবং সংশ্লিষ্টদের আটক করা হয়েছে।

বিজিবি রাজশাহী ব্যাটালিয়ন-১-এর পরিচালক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, অস্ত্র ও বিস্ফোরকসহ যেকোনো অবৈধ সামগ্রী অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। র‌্যাব-৫-এর একটি সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সহিংসতার লক্ষ্যে অস্ত্র মজুতের তথ্য পাওয়া গেছে। আমরা এ ব্যাপারে সতর্ক রয়েছি।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তারেক মো. তৌফিকুর রহমান বলেন, অবৈধ অস্ত্রের মজুত নির্বাচনি পরিবেশকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলতে পারে। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাহী বিভাগ ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বিত ও কঠোর উদ্যোগ প্রয়োজন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সীমান্ত   অবৈধ   অস্ত্র   
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close